২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেদারল্যান্ডসের সঙ্গে জয়টাও অনেক বড়’

এ জয়কে স্বস্তির চেয়ে বেশি উদযাপনের উপলক্ষ্য হিসেবে দেখছেন তাসকিন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 09:19 PM

Updated : 24 Oct 2022, 09:22 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের সঙ্গে বাংলাদেশের একপ্রকার বিচ্ছেদই ছিল ১৫ বছর। ঘরের মাঠে খেলা ২০১৪ সালের আসরেও সুপার টেনে কোনো জয় পায়নি তারা। অপেক্ষার অবসান ঘটল এবার, নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে। সহযোগী দেশের বিপক্ষে এই জয়ে স্বস্তি আছে, তবে তাসকিন আহমেদের কাছে এটা উদযাপনের বড় উপলক্ষ।

২০০৭ আসরে মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এই দেড় দশকে সুপার এইট, টেন বা টুয়েলভে ১৬টি ম্যাচ খেলেও জয়ের খাতা ছিল শূন্য। হোবার্টে সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ৯ রানের জয়ে ঘুচল আক্ষেপ। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সময় একদমই ভালো কাটছে না। এর মধ্যে ডাচদের বিপক্ষে হেরে গেলে পরিস্থিতি হয়ে যেত আরও নাজুক। সেই পরিস্থিতি এড়ানোতে সবচেয়ে বড় অবদান তাসকিনের। গতিময় এই পেসার ২৫ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিবর্ণ রেকর্ড, এবারের প্রাথমিক পর্বের অঘটন- সব কিছু বিবেচনা করে ডাচদের বিপক্ষে জয়ও তাসকিনের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব।

“এটি স্বস্তির চেয়ে বেশি হচ্ছে উদযাপন করা। এর আগে আমরা সুপার টেন, টুয়েলভে কোনো ম্যাচ জিততে পারিনি। এটা আমাদের জন্য বড় জয়। টি-টোয়েন্টিতে কোনো দলকে ছোট করার উপায় নেই। ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দল বাদ পড়ে গেছে। আমরা যদি প্রক্রিয়া মেনে চলি, তাহলে সামনেও ভালো করতে পারব আশা করি।”

তাসকিনের কাছে জানতে চাওয়া হয় এ জয়ের পর দলের উদযাপনের ধরন কেমন? সরাসরি উত্তর না দিয়ে তিনি বললেন, উদযাপন যেমনই হোক মনের শান্তিই তাদের কাছে বড়।

“জিততে পেরেছি এটাই সবচেয়ে বড় শান্তির বিষয়। কারণ, অনেকদিন ধরে জিততে পারছিলাম না। মানসিকভাবে একটা চাপ ছিল। সামনে যেন আরও জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই লক্ষ্য থাকবে। উদযাপন আর কি, মনের খুশি সবচেয়ে বড় বিষয়। বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে পেরেছি। এটাই বড়।”