২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওভারপ্রতি ৮ রান’, চাপের মধ্যে আফিফকে শ্রীরামের চ্যালেঞ্জ

মাঝের ওভারগুলোয় দ্রুত রান তোলার চেষ্টায় আফিফের ওপর ভরসা রাখছেন বাংলাদেশের টেকনিক্যাল কানসালটেন্ট।

ব্রিজবেন থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 02:23 PM

Updated : 20 Oct 2022, 06:22 PM

৮ ওভারে রান ২ উইকেটে ৬০। উইকেটে আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত। তাদের দায়িত্ব, এই চাপ সামলেই দ্রুত রান তোলা। সেই অভিযানে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্টের মূল ভরসা আফিফ!

নাহ, কোনো ম্যাচ নয়। তবে ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠের নেট সেশনে বৃহস্পতিবার ম্যাচ পরিস্থিতিই মেলে ধরলেন শ্রীধরন শ্রীরাম। তার মূল মনোযোগ আফিফের দিকে। পরিকল্পনায় নাটকীয় পরিবর্তন না এলে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে চার কিংবা পাঁচ নম্বরে জায়গা হবে তার। মিডল অর্ডারে দ্রুত রান তোলার ভারও মূলত তার।

কাজটা যে তিনি পারেন, আফিফ দেখিয়েছেন নানা সময়েই। ৫ নম্বর পজিশনে ১৪ ইনিংস খেলে তার স্ট্রাইক রেট ১৩০.৬০। এই পজিশনে বাংলাদেশের হয়ে একাধিক ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই সর্বোচ্চ। শ্রীরামের তা চোখ এড়িয়ে যাওয়ার কারণ নেই।

বাংলাদেশের টেকনিক্যাল কানসালটেন্ট নেটে যা বললেন আফিফকে, একটু দূর থেকেও তা শোনা গেল স্পষ্ট, “বেটা… ৮ থেকে ১২ ওভারের মধ্যে তোমাকে ওভারপ্রতি ৮ রান করতে তুলতে হবে…।”

শ্রীরামের চ্যালেঞ্জে আফিফ এ দিন নেটে খেললেন ম্যাচের মতোই। ইনসাইড আউট, দারুণ সব ড্রাইভ যেমন খেললেন, তেমনি উদ্ভাবনী যেসব শট তাকে খেলতে দেখা যায়, সেসবের প্রদর্শনীও মেলে ধরলেন। সবটুকু যে পারলেন, তা অবশ্য নয়। বেশ কিছু শটে টাইমিংও হলো না। শ্রীরাম গিয়ে তখন কথা বললেন তার সঙ্গে, চেষ্টা করলেন শুধরে দেওয়ার।

অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীরাম বললেন, মাঝের ওভারগুলোয় দলের ইনিংস গতিময় রাখার পথ খুঁজছেন তারা।

“এটা নির্ভর করে ম্যাচের পরিস্থিতির ওপর। এটাই আমরা শেখার চেষ্টা করছি, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলা যায়। যে অবস্থাই থাকুক… কখনও রান থাকবে ৪ উইকেটে ৬০, কখনও ২ উইকেটে ১২০, সব পরিস্থিতির দাবিই মেটাতে হবে। তবে মূল ব্যাপার হলো, হ্যাঁ, মাঝের ওভারগুলোয় ওভারপ্রতি ৮ রান তুলতে হবেই।”

“ঝুঁকি অবশ্যই নিতে হবে। তবে সেটা হতে হবে সঠিক ঝুঁকি। উপযুক্ত বোলার বেছে নিয়ে সঠিক জায়গা লক্ষ্য বানিয়ে, নিজের হিটিং এরিয়ার ডাইমেনশন বুঝে হিট করতে হবে। অর্থাৎ, স্রেফ ব্যাটিং করে যাওয়ার চেয়েও অনেক বেশি কিছু করতে হবে। ওরা এসবই শেখার চেষ্টা করছে।”

এসব অনুশীলনের একটা বড় সুযোগ হতে পারত বিশ্বকাপের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। এর প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছে ব্যাটিং লাইন আপ। পরেরটিতে শুধরে নেওয়ার সুযোগ দেয়নি প্রকৃতি। ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। শ্রীরাম বললেন, নেট সেশনগুলোই সর্বোচ্চ কার্যকর করার চেষ্টা করছেন তারা।

“আবহাওয়া নিয়ে আমাদের কিছু করার নেই। এটা নিয়ে আমরা কথাও বলেছি। যা পাচ্ছি, সেটিরই সর্বোচ্চ ব্যবহার করতে হবে। অস্ট্রেলিয়ায় প্রতিটি সেশনই জরুরি। এজন্যই প্রতিটি নেট সেশন গুরুত্বপূর্ণ। নেটে যতটা সম্ভব চাওয়াগুলো পূরণ করার চেষ্টা করছি আমরা। বাস্তবতার কাছাকাছি যতটা থাকা যায়।”

“নেটে স্রেফ বল হিট করাই নয়, কীভাবে হিট করছি, সেদিকেও লক্ষ্য রাখা। বোলারদের ক্ষেত্রেও একই কথা। প্রয়োগের দিকে মনোযোগ দেওয়া, তাদেরকে চাপে ফেলা, ছোট ছোট লক্ষ্য দেওয়া…সব মিলিয়ে আমরা সঠিক পথেই আছি। যা পাচ্ছি (সুযোগ), কাজে লাগাচ্ছি।”