তাসকিনের গতি-ইয়র্কার, উজ্জ্বল হাসান, বিবর্ণ মুস্তাফিজ আর নবির ঝড়
আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলিং হলো ভালো-মন্দ মিলিয়ে।
উইকেটে ঘাসের ছোঁয়া, তবে বেশির ভাগই বাদামী ঘাস। তারপরও বেশ গতিময় উইকেট, বাউন্সও মিলল অনেক। সেই ২২ গজে নিজের প্রথম তিন ওভার দারুণ বোলিং করলেন তাসকিন আহমেদ। তবে গড়বড় করলেন তিনি শেষ ওভারে। শেষ ওভারে বেদম মার খেলেন সাকিব আল হাসানও। সাম্প্রতিক ফর্ম ধরে রেখে হাসান মাহমুদ নজর কাড়লেন আবার। মুস্তাফিজুর রহমান নিজের ছায়া হয়ে রইলেন প্রায় পুরো সময়েই। জীবন পেয়ে শেষ দিকে ঝড় তুললেন মোহাম্মদ নবি।
ব্রিজবেনে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসের টুকরো টুকরো ছবি এসব। দুই দলেরই এটি প্রথম অফিসিয়াল গা গরমের ম্যাচ।
১৮ ওভার পর্যন্ত আফগানদের রান অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে বাংলাদেশের বোলাররা। তবে শেষ দুই ওভারে ৩৩ রান তুলে শেষ পর্যন্ত ২০ ওভারে আফগানিস্তানের রান ৭ উইকেটে ১৬০।
৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার তাসকিন। নতুন বলে গতি ও বাউন্সে আফগান ব্যাটারদের ভালোই পরীক্ষা নেন তিনি। হজরতউল্লাহ জাজাইকে ফিরিয়ে ম্যাচের প্রথম ব্রেক থ্রু দেন তিনিই। পরে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেন দারবিশ রাসুলিকে। তবে নিজের ও ইনিংসের শেষ ওভারে তিনি দেন ১৪ রান।
ইনিংসের ১৯তম আর নিজের শেষ ওভারে সাকিব দেন ১৯ রান। ৪ ওভারে ৪৬ রান দিয়ে তার উইকেট ২টি।
ম্যাচের প্রথম ওভার থেকে দারুণ বোলিং করেন হাসান। পরে দু-একবার লেংথ হারালেও আফগানদের ভালোই ভুগিয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে তার উইকেট ২টি। সম্প্রতি নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও শেষ দুই ম্যাচে ভালো বোলিং করেন তরুণ এই পেসার।
যাকে নিয়ে দলের বড় দুর্ভাবনা, সেই মুস্তাফিজ এই ম্যাচেও ছন্দ পাননি খুব একটা। ধার খুব একটা দেখা যায়নি। ৪ ওভারে ৩১ রান দিয়ে তিনি উইকেটশূন্য।
আফগানিস্তানের দুশ্চিন্তা ছিল যার ব্যাটিং ফর্ম নিয়ে, সেই মোহাম্মদ নবি ঠিকই ইঙ্গিত দেন দুঃসময়কে পেছনে ফেলার। ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন আফগান অধিনায়ক। শেষ দুই ওভারে তিনি দুটি করে ছক্কা মারেন সাকিব ও তাসকিনকে।
তবে এই ব্যাটিংয়ের জন্য নাজমুল হোসেন শান্তকে বিশেষ ধন্যবাদ জানাতেই পারেন তিনি। ১৯তম ওভারে সাকিবের বলে মিড উইকেটে তার সহজ ক্যাচ ছাড়েন শান্ত। পরে ৭ বল খেলে নবি করেন ২৯ রান!
আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন তিনে নামা ইব্রাহিম জাদরান। তিনটি করে চার ও ছক্কায় তার রান ৩৯ বলে ৪৬।
