২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বংসী ইনিংসে টেইলরকে ছাড়িয়ে রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন সিকান্দার রাজার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 05:01 PM

Updated : 17 Oct 2022, 05:07 PM

ইনিংসের দ্বিতীয় বলেই নেই উইকেট। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আরও দুই ব্যাটসম্যানের বিদায়। সিকান্দার রাজা তখন গেলেন উইকেটে। বিপর্যয়ের মধ্যে তিনি হয়ে উঠলেন দলের ত্রাতা। দুর্দান্ত ব্যাটিংয়ে খেললেন বিস্ফোরক ইনিংস। প্রায় একার লড়াইয়ে জিম্বাবুয়েকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮২ রানের অসাধারণ ইনিংস খেলেন রাজা। তার ৪৮ বলের ইনিংসে চার ও ছক্কা সমান ৫টি করে।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তোলে ১৭৪ রান। এবারের আসরে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্কোর এটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন রাজার ৮২। ২০০৭ সালে প্রথম আসরে কেপ টাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে রান তাড়ায় ব্রেন্ডন টেইলরের অপরাজিত ৬০ ছিল আগের সর্বোচ্চ।

রাজার নিজের এর চেয়ে বড় ইনিংস আছে একটি। গত জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ৪০ বলে করেছিলেন ৮৭।

হোবার্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই রেজিস চাকাভাকে হারায় জিম্বাবুয়ে। পাঁচ নম্বরে রাজা যখন ব্যাটিংয়ে নামেন, ষষ্ঠ ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে দল।

সেখান থেকেই শুরু রাজার লড়াই। গত আসরে ডাবল হ্যাটট্রিক করা কার্টিস ক্যাম্পারের এক ওভারে দুটি ছক্কা মারেন তিনি।

লেগ স্পিনার গ্যারেথ ডেলানিকে ছক্কায় উড়িয়ে ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান ফিফটি পূর্ণ করেন স্রেফ ২৬ বলে।

সবশেষ ৯ টি-টোয়েন্টি ইনিংসে এটি রাজার পঞ্চম ফিফটি। এর আগের ৪৭ ইনিংসে তার ফিফটি ছিল মোটে একটি।

পঞ্চাশ হওয়ার পর তিনি আরেকটি ছক্কা মারেন সিমি সিংকে। তার দুর্দান্ত ইনিংসটি থামে ইনিংসের শেষ বলে, মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড হয়ে।

১০ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে অপরাজিত থাকেন লুক জঙ্গুয়ে। রাজার পর দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ওয়েসলি মাধেভেরে।