অধিনায়ক সাকিবের চ্যালেঞ্জ, নেতা সাকিবের হাতছানি
নেতৃত্ব নিয়ে সংশয় আর প্রশ্নগুলোকে দূর করার সুযোগ সাকিবের সামনে এবারের বিশ্বকাপে।
প্রশ্নটা শুনে একটু ক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। গত ২২ অগাস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, টি-টোয়েন্টির নেতৃত্ব আবার নিতে কতটা আগ্রহ ছিল তার। একটু ভেবে তিনি যে উত্তর দিয়েছিলেন, তাতে তার আগ্রহের কোনো প্রমাণ তাতে মিশে ছিল না। বরং বুঝিয়ে দিয়েছিলেন, এই দায়িত্ব তার ওপর অনেকটাই চেপে বসেছে। অনাগ্রহের এই পথ ধরে ছুটেই এবার তিনি পৌঁছতে পারেন এমন ঠিকানায়, যেখানে নিশ্চিত হতে পারে তার অমরত্ব।
এমনিতে বাংলাদেশের ক্রিকেটে চিরস্মরণীয় রাখার সব আয়োজন তিনি সেরে ফেলেছেন আরও অনেক আগেই। তর্কাতীতভাবেই দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার তিনি। তার পারফরম্যান্স-প্রভাব, ধারাহিকতা, বৈশ্বিক বাস্তবতায় আবেদন, কোনো কিছুতেই বাংলাদেশ ক্রিকেটে তুলনীয় আর কেউ নেই। ভবিষ্যতেও এমন কেউ একজন কবে আসবে, বলা কঠিন। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন তিনি অনেক বছর ধরেই।
তার পরও একটি জায়গায় নিজেকে প্রমাণের দায় এখনও তার আছে। তার অধিনায়কত্ব। তার নেতৃত্ব। এখানে নিজেকে আরও মেলে ধরার, নিজের ছাপ আরও স্পষ্ট, আরও পোক্ত, আরও দীপ্তিময় করার চ্যালেঞ্জ তার আছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে নেতা সাকিবের নতুন উচ্চতায় ওঠার মঞ্চ।
অধিনায়কত্বেও তাকে অনেকে বাংলাদেশের সেরাই মনে করেন। বিশেষ করে মাঠের ক্রিকেটে। তার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক, তোর বোধ, ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে। তবে ক্রিকেটার হিসেবে যেমন তিনি দেশের অবিসংবাদিত সেরা, অধিনায়ক হিসেবে তা নয় মোটেও। বরং এখানে সংশয় তোলা লোকের সংখ্যাও কম নয়। নেতৃত্বে তাকে কেউ মনে করেন সেরাদের একজন, কেউ মনে করেন সেরাদের কাতারে, কেউ মনে করেন গড়পড়তা।
কেউ বা আবার তাকে যথেষ্ট যোগ্য অধিনায়কই মনে করেন না। যাদের যুক্তির বড় ভিত্তি, মাঠের ভেতরে-বাইরে সাকিবের অসংখ্য বিতর্কের জন্ম দেওয়া। নেতা মানে অবশ্যই পরিপূর্ণতা নয়, সম্পূর্ণতা নয়, সব দিকে সমান দক্ষতা নয়। তবে নেতা মানে নিশ্চিতভাবেই ভারসাম্য ও সমন্বয়। এখানে সাকিবের ব্যর্থতা কিংবা তার পাত্তা না দেওয়ার নজির বা প্রমাণের শেষ নেই।
এমনিতে অধিনায়ক হিসেবে অর্জন তারও কিছু আছে। স্মরণীয় কিছু জয় তার নেতৃত্বে ধরা দিয়েছে। সেই ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে মাশরাফি বিন মুর্তজার চোটে টেস্টের মাঝপথে নেতৃত্ব পেয়ে দলকে জয় এনে দেওয়া থেকে শুরু। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ তাদের আঙিনায়। ব্যাটে-বলে ও নেতৃত্বে সামনে থেকেই সেই সাফল্যে দারুণ অবদান রাখেন সাকিব। যদিও ওয়েস্ট ইন্ডিজ সেরা দল পায়নি বোর্ড ও ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে। তার পরও সেই সময়ের বাস্তবতায় অভাবনীয় সাফল্য ছিল সেটি।
২০১০ সালে নিউ জিল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করার সিরিজেও ছিল প্রায় পুনরাবৃত্তি। আবারও প্রথম ম্যাচে চোটে পড়েন নিয়মিত অধিনায়ক মাশরাফি। সেখান থেকে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে আরও একটি অবিস্মরণীয় সাফল্যে তিনি নেতৃত্ব দেন। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে আবির্ভুত হন যেন সুপারম্যানের ভূমিকায়।
বয়স তখনও তার মোটে ২২-২৩। তখনই ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার, টেস্টেও সেরাদের একজন। পাশাপাশি নেতৃত্বেও তার ওপর ভরসা রাখে বাংলাদেশ। কিন্তু তরুণ সেই কাঁধ ভরসার প্রতিদিন সেই সময়ে দিতে পারেনি। ২০১১ বিশ্বকাপে দেশের মাঠে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় দল। তিনি টুর্নামেন্ট চলার সময় নানা বিতর্কে জড়ান। তীব্র সমালোচনার শিকারও হন। বিতর্কের সঙ্গে বন্ধুত্বের কারণেই শেষ পর্যন্ত নেতৃত্ব হারাতে হয়।
অনেক পথ পেরিয়ে ২০১৮ সালে আবারও টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে বেছে নেওয়া হয় তাকে। তখন তিনি ক্রিকেটার হিসেবে আরও অনেক পরিণিত, আরও বেশি সমৃদ্ধ ও অভিজ্ঞতায় ঋদ্ধ। কিন্তু তরুণ সাকিব যে সম্ভাবনার আলো দেখিয়েছিলেন নেতৃত্বে, অভিজ্ঞ সাকিবের তেজ ততটা তীব্র হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে জয় এসেছে দেশের মাঠে, আফগানিস্তানের সঙ্গে বাজেভাবে টেস্ট হারার দুঃসহ অভিজ্ঞতাও সঙ্গী হয়েছে তার নেতৃত্বে। যেখানে প্রশ্নবিদ্ধ হয়েছে তার অধিনায়কত্ব ও পারফরম্যান্স সবই। টি-টোয়েন্টিতেও টুকটাক কিছু সাফল্য এসেছে, কিন্তু ধারাবাহিকতা ধরা দেয়নি।
এসবের মধ্যেই এসেছে জুয়ারি প্রস্তাব গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞার কালো অধ্যায়।
সেই নিষেধাজ্ঞাও এক সময় শেষ হয়েছে। তার বিতর্ক শেষ হয়নি। পারফরম্যান্স ও অর্জন নয়। দেশের ক্রিকেটের দীনতা আর নিজের ঔজ্জ্বল্য মিলিয়ে আবার তার কাছে এসেছে নেতৃত্ব। তিনি আপন করে নিতে না চাইলেও আলিঙ্গন করতে বাধ্য হয়েছেন। এখন পথ চলেছেন এই দায়িত্বকে সঙ্গী করেই। এই পথই এবার তাকে অস্ট্রেলিয়ার পথ থেকে পথ ধরে নিয়ে যেতে পারে নতুন ঠিকানায়।
তার সামনে সুযোগ অধিনায়ক হিসেবে ‘লিগ্যাসি’ গড়ার। তার ক্রিকেট মেধা নিয়ে সাধারণ্যে যে ধারণা, বারবার তার কাছেই আশ্রয় নিয়ে দেশের ক্রিকেটের যে প্রত্যাশা, সব কিছু মেটানোর সুযোগ। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে তিনি এনে দিতে পারেন স্মরণীয় সাফল্য।
টেস্ট দলেরও ভার তার ওপরই। তবে দেশের ক্রিকেটের সার্বিক বাস্তবতায় এখানে সহসাই দারুণ কিছু করা কঠিন। তার পরও অধিনায়ক হিসেবে এখানে তিনি নিজের ছাপ রাখতে পারেন বটে। তবে সুযোগটা অনেক বেশি টি-টোয়েন্টিতে। এই বিশ্বকাপে। এই সময়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে দল ধুঁকছে ক্রমাগত। এই বিশ্বকাপেও দলকে ঘিরে আশা খুব বেশি নেই। এই দলকে উজ্জীবিত করে যদি তিনি দারুণ কোনো অর্জনের পথে এগিয়ে নিতে পারেন, দলটা যদি অধিনায়কের জন্য খেলে মাঠে নিজেদের উজাড় করে দিতে পারে, তার মানসিকতার প্রতিফলন যদি দলের সবার মধ্যে পড়ে, শুধু পদবির খাতিরে নয়, যদি সত্যিই ‘সাকিবের দল’ হয়ে ওঠে বিশ্বমঞ্চে তাক লাগাতে পারে, অধিনায়ক সাকিবের শ্রেষ্ঠত্বও তখন তার অলরাউন্ডার সত্ত্বার মতো প্রশ্নের উর্ধ্বে উঠে যাবে।
সাকিব নিজে যদিও ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বললেন, ভাবনার এতটা গভীরে তিনি ডুব দেননি। তবে দারুণ কিছুর আশাটা লুকালেন না।
“যদিও আমি এ ধরনের কখনও কোনো চিন্তা করিনি যে, আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং যে চ্যালেঞ্জটা আমার নিতে হবে কিংবা আমার কিছু প্রমাণ করতে হবে। এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি, বাংলাদেশের হয়ে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই অত একটা ভালো করিনি। তবে আমি বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।”
পরিষ্কার করেই যখন এত বড় আশার কথা বললেন, ভাবনাটি স্রেফ তার মনের কোণে নয়, নিশ্চয়ই মন আর মাথা জুড়েই আছে। ব্যস, এটা পারলেই তো হয়ে গেল!
