২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ হলেও বাটলার বললেন, ‘সঠিক সিদ্ধান্ত’

ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত করা হয় বলে জানালেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

হতাশ হলেও বাটলার বললেন, ‘সঠিক সিদ্ধান্ত’

অ্যারন ফিঞ্চের সঙ্গে জস বাটলার (ডানে)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 09:08 PM

Updated : 28 Oct 2022, 09:18 PM

দুই দলের জন্যই ম্যাচটি ছিল খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টির বাধায় ভেস্তে গেল সব। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারায় কিছুটা হতাশ জস বাটলার। তবে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনা করে ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক। 

গত দুই দিন ধরেই মেলবোর্নে হচ্ছে বৃষ্টি। শুক্রবার এমসিজিতে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দুটি ম্যাচ। প্রকৃতির বাগড়ায় আয়ারল্যান্ড-আফগানিস্তানের মতো ভেসে যায় তুমুল আগ্রহের কেন্দ্রে থাকা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচও। দুটি ম্যাচের কোনোটিতেই সম্ভব হয়নি টস করা। 

নিজেদের প্রথম দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় নিয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি ছিল তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে বৃষ্টি থেমেছিলও। কিন্তু মাঠের অবস্থা ছিল বাজে। মূলত দুই দলের পেসারদের নিয়ে ছিল উদ্বেগ। পরিস্থিতি বুঝতে পেরে অ্যারন ফিঞ্চ ও বাটলার দুইজনই মেনে নেন ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত। 

সংবাদ সম্মেলনে এনিয়ে কিছুটা আক্ষেপ ঝরল বাটলারের কণ্ঠে। পরে অবশ্য তুলে ধরলেন তিনি মাঠের পরিস্থিতি। 

“তাদের (আম্পায়ার) উদ্বেগ ছিল। আমিও মনে করি, ঠিক আছে। আউটফিল্ড অনেক ভেজা ছিল, ৩০ গজের মধ্যে কিছু জায়গা খেলার জন্য উপযুক্ত ছিল না। আমরা যতই চাই না কেন খেলতে, মাঠটা তো নিরাপদ হতে হবে। কিন্তু তা ছিল না।” 

প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সময় পৌনে ৯টার একটু পর দেওয়া হয় আনুষ্ঠানিক ঘোষণা। তবুও এমন একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না সংশ্লিষ্টদের জন্য। 

বাটলার অবশ্য বললেন, শেষ পর্যন্ত নেওয়া হয়েছে সঠিক সিদ্ধান্তটিই। 

“আমার মনে হয়, যাদের এখানে বল করতে হতো তাদের সবারই দুশ্চিন্তা হতো। খেলোয়াড়দের সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ। আমাদের কিংবা অস্ট্রেলিয়া; দুই দলের বোলারদের জন্যই মাঠ খেলার জন্য উপযুক্ত ছিল না। আমি মনে করি সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।” 

এ নিয়ে এক নম্বর গ্রুপের তিনটি ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। ফলে চারটি দলের এখন পয়েন্ট ৩ করে। রান রেটে এগিয়ে সবার ওপরে দুই ম্যাচ খেলা নিউ জিল্যান্ড। এরপর যথাক্রমে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া; এই তিন দল খেলেছে তিনটি করে ম্যাচ।

তাদের মতো শেষ চারে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানেরও। দুই দলেরই পয়েন্ট ২ করে। এক ম্যাচ কম খেলা লঙ্কানরা রান রেটে এগিয়ে আছে আফগানিস্তান থেকে। 

এক নম্বর গ্রুপের যা অবস্থা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড তিন দলেরই ৭ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভ শেষ করার সম্ভাবনা রয়েছে। এতে পরের ধাপে যেতে রান রেট হয়ে দাঁড়াতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।