২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসাধারণ ইনিংসে ম্যাচ সেরার রেকর্ড কোহলির

টি-টোয়েন্টিতে কোহলির চেয়ে বেশিবার ম্যান অব দা ম্যাচ হওয়ার কীর্তি নেই কারো।

অসাধারণ ইনিংসে ম্যাচ সেরার রেকর্ড কোহলির

ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 07:37 PM

Updated : 23 Oct 2022, 07:44 PM

পঞ্চাশের আগেই নেই ৪ উইকেট। ভারতকে চোখ রাঙাচ্ছিল হার। কিন্তু সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি যে তখনও উইকেটে। এত সহজে তো হাল ছাড়ার পাত্র নন তিনি! আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে খেললেন অসাধারণ এক ইনিংস। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দলকে জয় এনে দিয়ে গড়লেন দারুণ রেকর্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার টুয়েলভের দ্বিতীয় দিন মাঠে গড়ায় ভারত-পাকিস্তানের ‘হাইভোল্টেজ’ ম্যাচটি। রোমাঞ্চ, উত্তেজনার নানা বাঁক পেরিয়ে শেষ ওভারে গড়ানো ম্যাচটি শেষ বলে গিয়ে ভারত জেতে ৪ উইকেটে। 

ভারতের এই জয়ের নায়ক আর কেউ নন, কোহলি। তিন নম্বরে নেমে ৪ ছক্কা ও ৬ চারে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনি ছাড়া আর কে! 

ম্যান অব ম্যাচ হয়ে কোহলি নাম লেখান রেকর্ডের দুটি পাতায়। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৪ বার এই স্বীকৃতি জেতা একমাত্র ক্রিকেটার এখন তিনি। এই ম্যাচের আগে আফগানিস্তানের মোহাম্মদ নবির সঙ্গে যৌথভাবে ছিলেন শীর্ষে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপেও এখন সবচেয়ে বেশিবার ম্যাচ সেরার পুরস্কার জেতা ক্রিকেটার কোহলি। বৈশ্বিক আসরে ৬ বার এই স্বীকৃতি জিতলেন তিনি। ৫ বার করে এই অর্জন আছে ক্রিস গেইল, মাহেলা জয়াবর্ধনে, শেন ওয়াটসনের। 

পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে দ্বিতীয় ওভারে লোকেশ রাহুল বিদায় নিলে উইকেটে যান কোহলি। কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন রোহিত শর্মাও। ১০ রানে তখন ২ উইকেট নেই ভারতের। 

দলকে আরও বিপদে ফেলে পাওয়ার প্লের শেষ ওভারে আউট হন সূর্যকুমার যাদব। পরের ওভারে রান আউট আকসার প্যাটেল। হাল ছাড়েননি কোহলি। 

শুরুতে সাবধানী ব্যাটিংয়ে এগোন তিনি। ২৪ বলে তার রান ছিল ১৫। দ্বাদশ ওভারে মোহাম্মদ নাওয়াজকে ছক্কায় উড়িয়ে হাত খোলেন তিনি। পরের তিন ওভারেও হাঁকান একটি করে বাউন্ডারি। 

শেষ ৩ ওভারে যখন ৪৮ রান চাই ভারতের, শাহিন শাহ আফ্রিদিকে ওভারে তিন চার মারেন কোহলি। যেখানে প্রথম বাউন্ডারিতে ৪৩ বলে ক্যারিয়ারের ৩৪তম ফিফটি স্পর্শ করেন তিনি। ১৯তম ওভারে হারিস রউফকে টানা দুই ছক্কায় দলের জয়ের পথ সহজ করে দেন তিনি। 

শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বিদায়ে ভাঙে টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেটে ভারতের সর্বোচ্চ ১১৩ রানের জুটি। এরপর এই স্পিনারকে ছক্কায় উড়িয়ে দলকে জয়ের দিকে আরও এগিয়ে নেন কোহলি। 

শেষ পর্যন্ত তার দারুণ এই ইনিংস সার্থক হয় ভারতের জয়ে। মাথা উঁচু করে মাঠ ছাড়েন তিনি।