২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এটি স্পেশাল, আমার সেরা ইনিংস’

অবশেষে ইনিংস বড় করতে পেরে তৃপ্ত নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 07:19 PM

Updated : 30 Oct 2022, 07:41 PM

প্রথম ম্যাচে শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। আউট হয়ে যান ২৫ রান করে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ভুল আর করেননি তিনি। রয়েসয়ে শুরুর পর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে খেলেন ক্যারিয়ার সেরা ইনিংস। দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত দল প্রত্যাশিত জয় পাওয়ায় একই সঙ্গে স্বস্তি ও আনন্দ খেলা করছে তার মনে।

ব্রিজবেনে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই হারায় সৌম্য সরকারকে। ভালো শুরুর পরেও স্রেফ ১২ রানে আউট হন লিটন দাস। পাওয়ার প্লে'তে ৩২ রানে ২ উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে গিয়েছিল দল। তবে অবিচল ছিলেন বাঁহাতি ওপেনার শান্ত।

শুরুতে তিনি খানিকটা সময় নিয়েছেন। পাওয়ার প্লে'তে খেলা ১৯ বলে করেছেন স্রেফ ১৮ রান। এক পর্যায়ে ৩০ বলে তার সংগ্রহ ছিল ৩০ রান। তবু ধৈর্য্যহারা হননি, চেষ্টা করেননি তেড়েফুঁড়ে মারতে। জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে কঠিন পরীক্ষায় উৎরে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটি করতে শান্ত খেলেন ৪৫ বল।

ততক্ষণে সাজঘরে ফিরে যান অধিনায়ক সাকিব আল হাসান। তাই ফিফটি ছোঁয়ার পর রানের গতি বাড়ানোর দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন শান্ত। ব্র্যাডলি ইভান্সের করা ১৬তম ওভারে দুইটি চারের সঙ্গে দৃষ্টিনন্দন এক ছক্কা হাঁকান তিনি। যার সৌজন্য দলের রান রেট সাড়ে ৭-এর ঘরে ঢোকার পাশাপাশি শান্তর স্ট্রাইক রেটও ভদ্রস্থ হয়।

পরের ওভারে ফের ছক্কার চেষ্টায় শেষ হয় শান্তর ইনিংস। খেলেন ৫৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রানের ইনিংস। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ ম্যাচ পর বাংলাদেশের কোনো ওপেনারের ফিফটি এটি। শান্তর এই ইনিংসে ভর করেই মূলত ১৫০ রানে পৌঁছায় বাংলাদেশের ইনিংস। পরে বোলারদের নৈপুণ্যে মেলে ৩ রানের জয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ভালো শুরুর পর বারবার খেই হারাচ্ছিলেন তিনি। এবার খারাপ কিছু হতে দেননি, ইনিংসটি তার জন্য স্পেশাল।

“অবশ্যই আমার জন্য এটি স্পেশাল। কারণ আমার প্রথম ফিফটি। আমার যে জিনিসটা হচ্ছিল যে, বেশ কিছু ইনিংস আমার শুরু হচ্ছিল, কিন্তু বড় করতে পারছিলাম না। আজকে আমার মধ্যে প্রতিজ্ঞা ছিল, যদি সেট হই তাহলে ইনিংস যত বড় করা যায়। তা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ্।”

“হ্যাঁ আমার জন্য এটিই সেরা ইনিংস। কারণ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমার প্রথম ফিফটি। এটি বিশেষ ইনিংস।”

টি-টোয়েন্টি ক্যারিয়ারে আগের ১৪ ম্যাচে ৯ বার দুই অঙ্ক ছুঁয়েছেন শান্ত। এর মধ্যে ২৫ বা তার বেশি রান করেছেন স্রেফ চার ম্যাচে। অবশেষে ১৫তম ম্যাচ খেলতে নেমে কাঙ্ক্ষিত ফিফটি করলেন তিনি।