দ্রাবিড়-কোহলির কথায় অনুপ্রাণিত জাকির
অভিষেকে সেঞ্চুরি করা বাংলাদেশের ব্যাটসম্যানকে অভিনন্দন জানিয়েছেন দুই ভারতীয় গ্রেট।
মাঠেই অভিনন্দন মিলেছে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলির কাছ থেকে। দিনের খেলা শেষে শুভেচ্ছা যোগ হয়েছে সবসময়ের সেরা ব্যাটসম্যানদের একজন রাহুল দ্রাবিড়ের কাছ থেকে। জাকির হাসানের অভিষেক সেঞ্চুরির রোমাঞ্চ তাতে বেড়ে গেছে আরও।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে সংবাদ সম্মেলনে যাচ্ছিলেন জাকির হাসান। ড্রেসিং রুম থেকে মিডিয়া সেন্টারে আসার পথে উইকেটের কাছে পৌঁছতেই দেখা রাহুল দ্রাবিড়ের সঙ্গে। নিজ থেকেই এগিয়ে যান ভারতীয় প্রধান কোচ। হাত মিলিয়ে কিছু একটা বলেন, জাকিরও হাসিমুখে জবাব দেন।
অভিষেকে চতুর্থ ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব দেখানো জাকির এভাবেই প্রশংসা আদায় করে নেন প্রতিপক্ষের কাছ থেকেও। পরে সংবাদ সম্মেলনে জাকির বলেন, তাদের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা বার্তা তার জন্য প্রেরণার উৎস।
হতাশায় মোড়া চট্টগ্রাম টেস্টের প্রথম চার দিনে বাংলাদেশের প্রাপ্তি জাকিরের সেঞ্চুরি। চতুর্থ ইনিংসে ৫১৩ রানের বোঝা মাথায় নিয়ে সাবলিল ব্যাটিংয়ে ২২৪ বলে ১০০ রান করেছেন ২৪ বছর বয়সী এ ওপেনার। নিজের ইনিংস সাজান ১৩ চার ও ১ ছয়ের মারে।
অভিষেকে বাংলাদেশের প্রথম ওপেনার ও সবমিলিয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন জাকির। টেস্ট ইতিহাসে অভিষিক্ত ওপেনার হিসেবে চতুর্থ ইনিংসে তিন অঙ্কের ইনিংস খেলা স্রেফ দ্বিতীয় ব্যাটসম্যান তিনি।
আকসার প্যাটেলের বলে সুইপ করে মারা বাউন্ডারিতে শতক পূরণ হয় জাকিরের। তিনি শুরুতে ছুটছিলেন রানের জন্য। ঘুরে বল সীমানা ছাড়া হতে দেখতেই লাফিয়ে উঠে হাত মুষ্টিবদ্ধ করে বাতাসে ছুড়ে উদযাপন করেন। তার আগেই অবশ্য আনন্দে দুই হাত তুলে উল্লাস শুরু করেন অন্য প্রান্তে থাকা মুশফিকুর রহিম। পরে সতীর্থকে জড়িয়ে ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
জাকিরের উদযাপন শেষ হতেই কাছে গিয়ে অভিনন্দন জানান কোহলি। দিনের খেলা শেষে ছোট্ট করে জাকির জানান, ভারতের ব্যাটিং জিনিয়াস তাকে কী বলেছিলেন।
“উনি (কোহলি) অভিনন্দন জানাচ্ছিলেন। আমি ধন্যবাদ দিয়েছি।”
সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি জাকির। রবিচন্দ্রন অশ্বিনের বলে ব্যাট-প্যাড হয়ে স্লিপে থাকা কোহলির হাতেই ধরা পড়েন তিনি। একরাশ হতাশ সঙ্গী করে মাঠ ছাড়েন জাকির।
দিনের শেষ ভাগে সীমানার কাছে ডাগআউটে বসে তিনি দেখছিলেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের প্রতিরোধের লড়াই। খেলা শেষে তিনি আসে সংবাদ সম্মেলনে।
এই ম্যাচে প্রতিদিনই দ্রাবিড়কে দেখা গেছে, খেলার বিরতিতে বা দিন শেষে মাঠে গিয়ে উইকেট পর্যবেক্ষণ করছেন। চতুর্থ দিন শেষেও উইকেট দেখতে গিয়েছিলেন তিনি। তখন জাকিরকে যেতে দেখে এগিয়ে যান ভারতের প্রধান কোচ। সেখানে দুজনের কথোপকথনের সারমর্ম সংবাদ সম্মেলনে শোনালেন জাকির।
“স্যার (দ্রাবিড়) বলেছেন যে, ‘খুব ভালো ব্যাটিং করেছ।’ আর অভিনন্দন জানিয়েছে আর কী। এমন গ্রেট একজন ক্রিকেটার, গ্রেট একজন কোচ এসে যদি অনুপ্রেরণা দেয়, অবশ্যই খুব ভালো লাগে।”
