৬ ইনিংসে ৪ উইকেট, অ্যান্ডারসন বললেন ‘ভালো বোলিং করছি’
সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেলে আরও একবার নিজেকে নিংড়ে দিতে চান টেস্ট ইতিহাসের সফলতম পেসার।
চলতি অ্যাশেজ সিরিজে জেমস অ্যান্ডারসনের বোলিংয়ে দেখা যাচ্ছে না চেনা ধার। একেকটি উইকেটের জন্য সংগ্রাম করতে হচ্ছে টেস্ট ইতিহাসের সফলতম পেসারকে। আগামী সপ্তাহে তার বয়স হবে ৪১! তাই স্বাভাবিকভাবেই আসছে অবসরের আলোচনা। তবে এখনই এমন কোনো ভাবনা নেই তার।
এবারের অ্যাশেজে এখন পর্যন্ত হওয়া চার ম্যাচের তিনটি খেলেছেন অ্যান্ডারসন। এই তিন টেস্টের ছয় ইনিংসে তার শিকার মোটে ৪ উইকেট। দুই ইনিংসে ছিলেন উইকেটশূন্য। বাকি চারবারে ধরতে পেরেছেন ১টি করে শিকার।
সবশেষ ম্যানচেস্টারে চতুর্থ ম্যাচে মেঘলা কন্ডিশন পেয়েও তেমন কিছুই করতে পারেননি টেস্ট তিনি। ম্যাচের দুই ইনিংসে ৩৭ ওভার হাত ঘুরিয়ে স্রেফ প্যাট কামিন্সের উইকেট নিতে পারেন।
তবে এই পেসার মনে করেন, বোলিংয়ে খুব একটা খারাপ করছেন না তিনি। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে নিজের কলামে লিখেছেন, সব ঠিকঠাক করলেও শুধু প্রত্যাশামতো সাফল্য পাচ্ছেন না।
“আমার এখনও মনে হয়, আমি ভালো বোলিং করছি। অবশ্যই এই সিরিজে আমি যেমন চেয়েছিলাম, তা করতে পারিনি। সবাই-ই খারাপ সময়ের মধ্য দিয়ে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজে এমনটা হোক, তা কেউই চাইবে না।”
“(এই পরিস্থিতিতে) ১০-১৫ বছর আগে হয়তো আলোচনা হতো, আমাকে বাদ দেওয়ার ব্যাপারে। তবে আমি বুঝতে পারছি, এখন বিষয়টি আমার ভবিষ্যত নিয়ে।”
ওভালে বৃহস্পতিবার শুরু হবে শেষ টেস্ট। সিরিজে আগের ম্যাচগুলোর পারফরম্যান্স বিবেচনায়, ওই টেস্টে অ্যান্ডারসনকে একাদশে দেখার পক্ষে নন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের অনেকে।
ভবিষ্যতের সফর সূচি অনুযায়ী, ইংল্যান্ডের পরের টেস্ট সিরিজ ভারতের বিপক্ষে, আগামী বছরের জানুয়ারিতে। তাই স্বাভাবিকভাবেই আসছে অ্যান্ডারসনের অবসরের আলোচনা। সেটিকে উড়িয়েই দিলেন তিনি।
“কোচ, অধিনায়কের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। যতক্ষণ পর্যন্ত আমার ভালো করার ক্ষুধা আছে, পরিশ্রম করার তাড়না আছে, তারা আমাকে দলে চায়। আমিও দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমার ভাবনা ঠিক এমনই। অবসরের ব্যাপারে কোনো ভাবনা নেই।”
“আমি যদি গতি কমিয়ে খুব বাজে বোলিং করতাম এবং মাঠে আমার অবস্থা থাকত নাজুক, তাহলে হয়তো ভিন্ন চিন্তা করতাম। তবে ক্ষুধাটা এখনও আছে। দলকে কিছু দেওয়ার আছে। ওল্ড ট্র্যাফোর্ডে আমি ভালো বোলিং করেছি। যদি (ওভালে) সুযোগ পাই, তাহলে একই কাজ করব এবং ভাগ্য পরিবর্তনের আশায় থাকব।”
