২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪-০ ব্যবধানে হারের সিরিজকে ‘সত্যিকারের অ্যাশেজ’ মনে করেন না ব্রড

এবারের অ্যাশেজের জন্যও অস্ট্রেলিয়াকে হুমকি দিয়ে রাখলেন ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 01:58 PM

Updated : 27 Apr 2023, 04:29 PM

ইংলিশ কন্ডিশনে লড়াই। সুইং ও সিম মুভমেন্ট সামলানোর চ্যালেঞ্জ। এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার জন্য আবারও বড় হুমকি হতে পারেন স্টুয়ার্ট ব্রড। তবে ২২ গজের লড়াই শুরুর দেড় মাস আগেই তিনি ছুড়লেন গোলা। শুরু করে দিলেন কথায় লড়াই। সবশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ায় গিয়ে ইংল্যান্ড বিধ্বস্ত হলেও ওই সিরিজকে গোনায় ধরতেই নারাজ তিনি। স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেনদের এবার চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার।  

সবশেষ অ্যাশেজে ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় গিয়ে ৪-০ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। কেবল সিডনি টেস্ট তারা ড্র করতে পারে শেষ জুটির নাটকীয়তায়। ওই টেস্টে বৃষ্টিতে অনেকটা সময় খেলা নষ্ট না হলে হয়তো হোয়াইটওয়াশড হতেন ব্রডরা। 

তবে ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ব্রড বললেন, কোভিডের কারণে কোয়ারেন্টিন ও নানা বাধ্যবাধকতায় ওই সিরিজে লড়াইয়ের উপযুক্ত পরিবেশই ছিল না।

“গত অ্যাশেজ সিরিজের চেয়ে কঠিন কিছু আর ছিল না। তবে সত্যি বলতে, আমার ভাবনায় আমি এটিকে সত্যিকারের অ্যাশেজের কাতারে রাখি না। অ্যাশেজের মানে হলো অনেক আবেগ নিয়ে অভিজাত এক লড়াই, যেখানে ক্রিকেটাররা নিজেদের খেলার চূড়ায় থাকবে। কিন্তু ওই সিরিজে কোভিডের নানা বাধ্যবাধকতার কারণে উঁচু মানের পারফরম্যান্সের সুযোগ ছিল না।”

“ট্রেনিংয়ের সুযোগ-সুবিধা, ভ্রমণ, সামাজিকতার সুযোগ না থাকা, সব মিলিয়ে কঠিন ছিল। আমি এটিকে খালি সিরিজ হিসেবেই বাতিল করে দিয়েছি।” 

এখন আর কোভিডের সেই আবহ নেই। লড়াইটা এবার ব্রডদের আঙিনায়। অ্যাশেজে ৩৫ টেস্ট খেলে ১৩১ উইকেট ব্রডের। এর মধ্যে ইংল্যান্ডেই নিয়েছেন ২০ টেস্ট খেলে ৮৪টি। দেশের মাঠে অ্যাশেজের ইতিহাসে এত উইকেট নেই আর কোনো ইংলিশ বোলারের। 

এবারও তিনি অস্ত্রে শান দিচ্ছেন অ্যাশেজের জন্য। তবে তার চোখে এবার অস্ট্রেলিয়ার মূল চ্যালেঞ্জ হবে ‘বাজবল।’  ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে ও বেন স্টোকসের অধিনায়কত্বে আগ্রাসী ক্রিকেটের যে বিপ্লবী ঘরানা শুরু করেছে ইংল্যান্ড, সেটি অস্ট্রেলিয়াকে দ্বিধায় ফেলতে পারে বলে মনে করেন ব্রড। 

“এটা কিছুটা হবে স্টাইলের লড়াই এবং তাদের বোলিং আক্রমণ কীভাবে আমাদের ব্যাটসম্যানদের সামলায়, তা দেখতে আগ্রহ নিয়ে মুখিয়ে আছি আমি। ওদের ব্যাটাররা কীভাবে ধীরস্থির থাকে, সেটিও হবে কৌতূহল জাগানিয়া, কারণ আমরা এখন এতটা আগ্রাসী ক্রিকেট খেলি। আমরা যখন এরকম ঘরানায় খেলব, তখন কি তারা নিজেদের ঘরানাতেই অটুট থাকবে? এটা তাদের জন্য বড় একটি পরীক্ষা হবে।”

“আমার মনে হয়, অস্ট্রেলিয়া যদি আমাদের মতো খেলে আমাদেরকে জবাব দিতে চায়, তাহলে দারুণ হবে। আমরা যদি তাদেরকে একটু ভিন্ন ঘরানায় খেলাতে বাধ্য করতে পারি, তাহলে তারা ভুল করবে এবং আমাদের জন্য তা হবে দারুণ।” 

অস্ট্রেলিয়ার শীর্ষ ব্যাটসম্যানদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়েও রাখলেন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সফলতম পেসার ব্রড। 

“স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন এবং উসমান খাওয়াজা, তারা সবাই লম্বা সময় উইকেটে থাকতে এবং আস্তে আস্তে রান করতে পছন্দ করে। আমরা তাই ওদের মনোযোগ কিছুটা সরিয়ে দিতে পারি এবং ওদেরকে ভাবতে বাধ্য করাতে পারি যে, ‘আমরা কেন আরও দ্রুত রান করছি না? কেন খেলাটাকে সামনে এগিয়ে নিচ্ছি না।’ আমি তো চাই স্টিভ স্মিথ ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলুক এবং শুরুতেই মিড-অফে বল আকাশে তুলে দিক। এটা হবে ক্ল্যাসিক।” 

এজবাস্টন টেস্ট দিয়ে এবারের অ্যাশেজ শুরু আগামী ১৬ জুন।