দিল্লির হারের চক্রে শেবাগের কাঠগড়ায় পন্টিং
সাফল্যের কৃতিত্ব কোচ পেলে ব্যর্থতার দায়ভারও নেওয়া উচিত, বলছেন দিল্লির হয়ে একসময় আইপিএল মাতানো শেবাগ।
সাফল্যের কৃতিত্ব যদি কোচ পান, তাহলে ব্যর্থতার দায় কেন তাদের ওপর বর্তাবে না? রিকি পন্টিংয়ের দিকে এভাবেই তোপ দাগালেন বিরেন্দর শেবাগ। আইপিএলে চ্যাম্পিয়ন না হলেও পন্টিংয়ের কোচিংয়ে আগের মৌসুমগুলোয় ধারাবাহিকভাবে বেশ ভালো করেছে দিল্লি ক্যাপিটালস। কোচকে সেটির বড় কৃতিত্ব দেওয়া হয়েছে। এবার দিল্লির যে হতশ্রী অবস্থা, সেটির জন্য পন্টিংয়ের দিকেই আঙুল তুলছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সফল ব্যাটসম্যান শেবাগ।
একসময় দিল্লির ফ্র্যাঞ্চাইজির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। পরে ২০১৯ আসর থেকে নাম বদলে তারা হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। নতুন নাম নেওয়ার পর এবারের আগের চার মৌসুমের তিনটিতেই প্লে অফ খেলে ক্যাপিটালস, একবার হয় রানার্স আপ। গত মৌসুমে প্লে অফ খেলতে না পারলেও তারা ছিল কাছাকাছিই।
সেই দল এবার শুরুটা করেছে যাচ্ছেতাই। সড়ক দুর্ঘটনায় ছিটকে পড়া অধিনায়ক রিশাভ পান্তকে ছাড়া খেলতে নামা দল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে হেরে গেছে মৌসুমের প্রথম ৫ ম্যাচের সবকটিতেই।
দিল্লির হয়েই একসময় আইপিএলে ঝড় তুলেছেন শেবাগ। আইপিএল ক্যারিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন তিনি এই দলেই। দিল্লির হয়ে ৮৫ ইনিংস খেলে ১ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে তার রান ২ হাজার ৩৮২। তার চেয়ে বেশি রান করেছেন কেবল রিশাভ পান্ত। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে শেবাগের স্ট্রাইক রেট ১৫৮.৩৭। দিল্লির হয়ে অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে দেড়শ স্ট্রাইক রেট নেই আর কারও।
এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তাই শেবাগের আলাদা টান থাকা স্বাভাবিক। দলের এবারের দুঃসময় তাই স্পর্শ করছে তাকে।
পাঞ্জাব কিংসের কাছে শনিবার দিল্লির পরাজয়ের পর ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে আলাপচারিতায় শেবাগ সরাসরিই প্রশ্নবিদ্ধ করলেন পন্টিংয়ের কোচিংকে।
“একটা দল যখন জেতে, তখন কোচকে কৃতিত্ব দেওয়ায় হয়। কাজেই দল হারলে দায়ভারও তারই নেওয়া উচিত। আমরা অনেকবারই বলেছি যে, এই দলের কোচ হিসেবে পন্টিং অসাধারণ কাজ করেছে। তার কোচিংয় তারা ফাইনাল খেলেছে, প্রায় প্রতি মৌসুমেই প্লে অফ খেলেছে। সব কৃতিত্বই সে পেয়েছে। এখন তাকে ব্যর্থতার দায়ও নিতে হবে।”
“এটা ভারতীয় দল নয় যে দল জিতলে সমস্ত কৃতিত্ব নিয়ে দল হারার পর অন্য কাউকে দোষ দেওয়া যাবে। আইপিএল দলে সত্যি বলতে কোচের ভূমিকা শূন্য। কোচের সবচেয়ে বড় দায়িত্ব এখানে ম্যান-ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগানো।”
শেবাগের ধারণা, দুঃসময় থেকে ঘুরে দাঁড়ানোর কোনো পথ আপাতত দিল্লির টিম ম্যানেজমেন্ট বের করতে পারছে না।
“দিনশেষে, কোচকে তখনই ভালো মনে হয়, যখন দল পারফর্ম করে। দিল্লি এবার তা একটুও করতে পারেনি। আমার মনে হয়, দিল্লি দলটা এমন জায়গায় পৌঁছে গেছে যে, সংশ্লিষ্টরা এখন দ্বিধায় পড়ে গেছে যে ভাগ্য ফেরানোর জন্য কী করা প্রয়োজন।”
