০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাঞ্জাব কিংসের কোচিং স্টাফে দুই অস্ট্রেলিয়ান সঙ্গীকে হারালেন পন্টিং

পাঞ্জাব কিংসের প্রধান কোচের দায়িত্বে রিকি পন্টিং থাকলেও আপাতত নেই কোনো পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ ও স্পিন বোলিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 01:47 PM

Updated : 08 Oct 2026, 01:47 PM

প্রধান কোচ রিকি পন্টিং আছেন আগের মতোই। কিন্তু পাঞ্জাব কিংসের কোচিং স্টাফে আপাতত নেই কোনো পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ ও স্পিন বোলিং কোচ। স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে দায়িত্ব ছেড়েছিলেন আগেই। এবার বিদায় নিলেন পেস বোলিং কোচ জেমস হোপস ও ফিল্ডিং কোচ ব্র্যাড হাডিন।

এই দুজনের দায়িত্ব ছাড়ার ব্যাপারটি অবশ্য গত কিছুদিনে অনেকটা অনুমিতই ছিল। কুইন্সল্যান্ড রাজ্য দল ও বিগ ব্যাশে ব্রিজবেন হিটের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক অলরাউন্ডার হোপস। নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক কিপার-ব্যাটার হাডিন।

অস্ট্রেলিয়ান ক্রিকেট মৌসুমের সঙ্গে অবশ্য আইপিএলের সময়টার সংঘাত নেই। তবে দুজনকেই ব্যস্ত থাকতে হবে বছরজুড়ে।

গত জুনে পাঞ্জাবের স্পিন বোলিং কোচের দায়িত্ব ছেড়ে ভারতের জাতীয় দলে একই দায়িত্ব নেন সাবেক লেগ স্পিনার বাহুতুলে।

আগামী মৌসুমের আগে তাই পন্টিংয়ের কোচিং স্টাফকে অনেকটাই সাজাতে হবে নতুন করে।

পাঞ্জাবের পেস বোলিং কোচ হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন হোপস। এর আগে পন্টিংয়ের সঙ্গে একই ভূমিকায় ছিলেন দিল্লি ক্যাপিটালসে। হাডিন অবশ্য পাঞ্জাবে ছিলেন পন্টিংয়েরও আগে থেকে। ২০২২ সালে ট্রেভর বেলিস প্রধান কোচ থাকার সময় শুরু হয় তার দায়িত্ব।

আইপিএলে পাঞ্জাব কখনও শিরোপা জিততে পারেনি। ২০১৪ আসরে ফাইনালে তারা হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে। দীর্ঘ ব্যর্থতার পর পন্টিং কোচ হয়ে এসে গত বছর আবার দলকে ফাইনালে তুলে নেন। কিন্তু সেখানে তারা হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। গত আসরে প্রথম সাত ম্যাচে অপরাজিত থেকে অসাধারণ শুরুর পর পথ হারিয়ে প্লে-অফে উঠতে পারেনি দলটি।