২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে পাওয়া চোটে বিশ্বকাপে অনিশ্চিত উইলিয়ামসন

নিউ জিল্যান্ড অধিনায়কের বিশ্বকাপে খেলা শঙ্কার সুতোয় ঝুলছে এখনই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 10:01 AM

Updated : 06 Apr 2023, 10:05 AM

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আরও ৬ মাস। তবে এই আসরে কেন উইলিয়ামসনের খেলা শঙ্কার সুতোয় ঝুলতে এখনই। আইপিএলে পাওয়া চোট লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে নিউ জিল্যান্ড অধিনায়ককে। নাটকীয়ভাবে উন্নতি না হলে বিশ্বসেরার লড়াইয়ে তাকে পাবে না দল।

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ের সময় সীমানায় ছক্কা বাঁচাতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান উইলিয়ামসন। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে দেশে ফেরেন তিনি ক্রাচে ভর দিয়ে। বিশেষজ্ঞ দেখিয়ে নিশ্চিত হয়, তার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। অস্ত্রোপচার ছাড়া আর পথ খেলা নেই ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের সামনে।

হাঁটুর ফোলা কমলে আগামী তিন সপ্তাহের মধ্যে কোনো একটা সময়ে অস্ত্রোপচার করানো হবে উইলিয়ামসনের। অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাস সময় লাগে। ভারতে বিশ্বকাপ শুরু আগামী ৫ অক্টোবর। সময় তাই এখনই আছে ৬ মাসের কম।

২০১৫ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের ফাইনাল খেলার পথে উল্লেখযোগ্য অবদান ছিল উইলিয়ামসনের। গত বিশ্বকাপে তার নেতৃত্বেই ফাইনাল খেলে মূল ম্যাচ ও সুপার ওভার টাই হওয়ার পর বাউন্ডারির সংখ্যায় হেরে যায় কিউইরা। নেতৃত্বের উজ্জ্বল রেকর্ডের পাশাপাশি তার নিজের ব্যাটিং পারফরম্যান্সও দারুণ এই সংস্করণে। তাকে ছাড়া খেলতে হলে নিউ জিল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা লাগবে নিশ্চিতভাবেই।

নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টেডের কণ্ঠেও সেই হতাশার সুর।

“খেলোয়াড় কেন উইলিয়ামসনের কথা তো শুরুতে বলতেই হবে, তবে নেতা ও ব্যক্তিত্ব হিসেবেও আমাদের দলে সে এমন একজন যে, এটা আমাদের পরিকল্পনায় বড় একটা আঘাত। আমরা এখনও আশা ছাড়িনি, তবে এই মুহূর্তে সম্ভাবনা নেই বললেই চলে।”

“আপাতত তার প্রতি আমরা সমব্যথী। সময়টা তার জন্য কঠিন। এমন চোট প্রত্যাশিত নয়, এটা তাই বড় একটা আঘাত তার জন্য।”

কেন উইলিয়ামসন অবশ্য বললেন, দ্রুত মাঠে ফেরার চেষ্টায় তিনি হাল ছাড়বেন না।

“এই ধরনের একটি চোটে পড়া স্বাভাবিকভাবেই হতাশাজনক। আপাতত আমার মনোযোগ অস্ত্রোপচার করানো এবং পুনবার্সন শুরু করা। অনেকটা সময় লাগবে এতে, তবে যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য সম্ভাব্য সবকিছুই আমি করব।”

উইলিয়ামসন আইপিএলের জন্য ছুটি পাওয়ায় সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেন টম ল্যাথাম। সামনে পাকিস্তান সফরেও তিনিই থাকবেন অধিনায়ক। উইলিয়ামসনের অনুপস্থিতিতে নানা সময়ে ২৬ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ২১টিতেই জয় আছে তার। শেষ পর্যন্ত উইলিয়ামসন খেলতে না পারলে ল্যাথামই  এগিয়ে থাকবেন নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে।