২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের কম বোলিং করার কারণ জানেন না ডোনাল্ড

সাকিব আরও বোলিং করলে দলের জন্য ভালো হতে পারত বলে মনে করেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 07:14 PM

Updated : 06 Apr 2023, 07:14 PM

“প্রশ্নটি আপনাদের জন্যই রেখে গেলাম সাকিবকে করার জন্য’- হাসতে হাসতে বললেন অ্যালান ডোনাল্ড। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব আল হাসানের বেশি বোলিং না করার কারণ। তিনি উত্তরটা দিলেন আসলে প্রশ্নের জায়গা রেখেই। বাংলাদেশের পেস বোলিং কোচ অকপটেই বললেন, তার কোনো ধারণাই নেই কেন আরও বেশি বোলিং করেননি সাকিব।  

আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৬৫ ওভার পর্যন্ত বোলিং করেননি সাকিব আল হাসান। পরে স্রেফ তিন ওভার করেন বাংলাদেশ অধিনায়ক।

দ্বিতীয় ইনিংসে অবশ্য তিনিই শুরু করেন বোলিং। দ্বিতীয় দিন বিকেলে দুর্দান্ত বোলিংয়ে সাত ওভারে নেন দুই উইকেট। তৃতীয় তিন সকালেও শুরুতে আসেন তিনি আক্রমণে। এবারও শুরুটা করেন ভালো। কিন্তু তিন ওভারের স্পেল করেই সরিয়ে নেন নিজেকে। এরপর যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি।

প্রথম স্পেলের পর সারা দিনে করেন আর মাত্র তিন ওভার। সেটিও তিনটি ভিন্ন স্পেলে। লাঞ্চ বিরতির ঠিক আগের ওভারটি করেন তিনি। পরে দ্বিতীয় নতুন বলে ৮৩তম ওভারে ফের বল হাতে নেন তিনি। এক ওভার করে আবার ৯০তম ওভারে ফেরেন আক্রমণে। সেবারও স্রেফ এক ওভারেই শেষ সাকিবের বোলিং।

সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের হতাশায় ভরা তৃতীয় দিনে চারটি ভিন্ন স্পেলে স্রেফ ৬ ওভার বোলিং করেন সাকিব। এর মধ্যে আইরিশরা একটির পর একটি জুটি গড়ে তোলে। অভিষেকে সেঞ্চুরি করেন লর্কান টাকার। আটে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন অ্যান্ডি ম্যাকব্রাইন। আইরিশদের লিড পেরিয়ে যায় শতরান।

বাংলাদেশের বোলিং বেশির ভাগ সময়ই ছিল নির্বিষ। কিন্তু দলের অভিজ্ঞতম ও সফলতম বোলার আক্রমণে আসেনি তখনও। তার কম বোলিং করা নিয়ে ধারাভাষ্য কক্ষে বলাবলি হচ্ছিল, হয়তো পুরোপুরি ফিট নন বাংলাদেশ অধিনায়ক। 

তবে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড নিশ্চিত করেন, চোটজনিত কোনো সমস্যা নেই সাকিবের।   

“বলতেই হবে, আমার কোনো ধারণা নেই (কেন সাকিব এত কম বোলিং করলেন)। তাকে (সাকিব) দেখে তো ফিটই মনে হয়েছে। সে কয়েকবার বাইরে বেরিয়েছে, স্রেফ বাথরুম বিরতির জন্য। আমি ঠিক নিশ্চিত নই… সে হয়তো বাকিদের সুযোগ দিতে চেয়েছে, কাজটা করার জন্য। আমি সত্যিই জানি না, সে আজকে বেশি বোলিং করেনি কেন। ১৩ ওভারে ২০ রানের মতো (২৬) খরচ করে ২ উইকেট নিয়েছে।” 

“আজকে আমরা যখন দ্বিতীয় নতুন বল নিলাম, মনে হচ্ছিল এটি বড় ব্যাপার হবে। সত্যি বলতে এটি (নতুন বল) গতকালের মতো অত স্পিন করেনি। আমার মনে হয়েছে, এটি নতুন বলের পিচ। এই উইকেটে থিতু হয়ে গেলে রান করা যায়। আমি এই প্রশ্নটা (বেশি বোলিং না করা) সাকিবকেই করার জন্য রেখে গেলাম (হাসি)।”

অধিনায়কের কম বোলিংয়ের দিনটি ভালো কাটেনি বাংলাদেশের। ৯০ ওভারে ২৫৯ রান দিয়ে স্রেফ ৪ উইকেট নিতে পেরেছে স্বাগতিকরা। এর দুইটি নেন তাইজুল। অন্য দুইটি শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। সাকিব আরও বেশি বোলিং করলে এই চিত্র ভিন্নও হতে পারত মনে করেন ডোনাল্ড।

“(সে বোলিং করলে আরও ভালো হতো কি না) হ্যাঁ, অবশ্যই…। সে যেটা দারুণভাবে করে, এক প্রান্ত পুরোপুরি আটকে ফেলে। তার বল খেলা কঠিন। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। সে খুব স্মার্টভাবে গতির তারতম্য করে। যদিও সারা দিন তেমন টার্ন করেনি, তবে আমার মনে হয়েছে, সে হয়তো এক প্রান্ত নিয়ন্ত্রণ করতে পারত।”

তবে দলের বাকি বোলারদের প্রশংসাই ঝরল বোলিং কোচের কণ্ঠে। তিনি তাকিয়ে চতুর্থ দিন সকালের দিকে।

“তবে আমি অন্যদের কথাও বলব। আমার মতে, মিরাজ, তাইজুল ও তিন পেসার আজকে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। তবে যেমন চেয়েছি, তা হয়নি। কালকের সকাল খুব গুরুত্বপূর্ণ। তারা এখন সম্ভবত ১৩০ রানে (১৩১) এগিয়ে আছে। তো আমাদের দ্রুত উইকেট তুলে নিতে হবে এবং ব্যাটিং করতে হবে।”