২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে কোহলির আরেকটি সেঞ্চুরি

ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে এই নিয়ে সবশেষ সাত ইনিংসে তিনটি শতক করলেন ভারতীয় ব্যাটিং গ্রেট, চলতি আসরে প্রথম।

আইপিএলে কোহলির আরেকটি সেঞ্চুরি

চলতি আসরের প্রথম সেঞ্চুরি উপহার দিয়েছেন ভিরাট কোহলি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2024, 10:45 PM

Updated : 06 Apr 2024, 11:00 PM

নান্দ্রে বার্গারের ডেলিভারিতে বোলারের মাথায় ওপর দিয়ে মেরেই দৌড় দিলেন ভিরাট কোহলি। প্রান্ত বদল করে স্রেফ ব্যাট উঁচিয়ে ধরে জানান দিলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঠিকানায় পৌঁছে গেছেন তিনি। আইপিএলের চলতি আসরের প্রথম সেঞ্চুরির উদযাপন সাদামাটাভাবেই সারলেন ভারতীয় মহাতারকা।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে শনিবার ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেন কোহলি। ৪ ছক্কা ও ১২ চারে ৭২ বলে ১১৩ রানের চমৎকার ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার।

চলতি আইপিএলেও রান স্রোত বইয়ে চলেছেন কোহলি। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তার রান ৩১৬। এখনও দুইশ রান করতে পারেননি আর কেউ।

উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২১ রান করে আসর শুরুর পরের দুই ম্যাচে তিনি করেন ফিফটি; পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৭ ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত ৮৩। সবশেষ ম্যাচে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২২ রান করার পর এবার করলেন সেঞ্চুরি।

আইপিএলে এই নিয়ে সবশেষ সাত ইনিংসে এটি কোহলির তৃতীয় সেঞ্চুরি। সবমিলিয়ে এই টুর্নামেন্টে তার অষ্টম শতক। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তার চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারো। ৬টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে আছেন তারই এক সময়ের সতীর্থ ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকলেও কোহলির স্ট্রাইক রেট নিয়ে ভারতীয় ক্রিকেটে চলছে আলোচনা-সমালোচনা। এমনকি, সমালোচকরা আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে তার জায়গা পাওয়া নিয়েও তুলছে প্রশ্ন।

অবশ্য, দারুণ এই সেঞ্চুরির পর তার স্ট্রাইক রেট নিয়ে চর্চা কমার কথা নয়। কারণ এদিন তিনি ৬৭ বলে শতক স্পর্শ করেন। আইপিএলের ইতিহাসে যৌথভাবে যা মন্থরতম সেঞ্চুরি। ২০০৯ আসরে ৬৭ বলে তিন অঙ্ক ছুঁয়ে এতদিন রেকর্ডটি ছিল মানিশ পান্ডের।

জয়পুরে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে রান তাড়ায় ৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কোহলি। কিন্তু আইপিএলে এর আগে এই মাঠে ৮ ইনিংস খেলে কোনো ফিফটিও করতে পারেননি তিনি। এবার করলেন সেঞ্চুরি।

ইনিংসটি গড়ার পথে শুরুতে দ্রুতই রান বাড়ান কোহলি। কিন্তু তেমন বিধ্বংসী হতে পারছিলেন না তিনি। রিয়ান পারাগকে ছক্কায় উড়িয়ে ৩৯ বলে স্পর্শ করেন ফিফটি।

কোহলির সঙ্গে দলকে ভালো শুরু এনে দিতে অবদান রাখেন ফাফ দু প্লেসি। তাদের উদ্বোধনী জুটিতে ১৪ ওভারে ১২৫ রান তোলে বেঙ্গালুরু। দুটি করে ছক্কা-চারে ৩৩ বলে ৪৪ রান করে ফিরে যান দু প্লেসি।

এরপর দ্রুত গ্লেন ম্যাক্সওয়েল ও সৌরভ চৌহানকে হারায় দলটি। চাপের মুখে এক প্রান্তে নিজের মতো খেলে দলের রান বাড়াতে থাকেন কোহলি। ১৯তম ওভারে গিয়ে সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পান তিনি।

কোহলির ইনিংসের সৌজন্যে ৩ উইকেটে ১৮৩ রান করে বেঙ্গালুরু।

স্বীকৃত টি-টোয়েন্টিতে নবম সেঞ্চুরি করলেন কোহলি। এই সংস্করণে সবচেয়ে বেশি শতকের তালিকায় তার ওপরে আছেন কেবল দুইজন, ক্রিস গেইল (২২) ও বাবর আজম (১১)।