কোচের সঙ্গে আলাদা কাজ করে ফেরার ম্যাচে রঙিন শরিফুল
ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর তরুণ এই বাঁহাতি পেসার জানালেন, চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে বিশেষ কাজের সুফল পেয়েছেন তিনি।
ম্যাচ সেরার পুরস্কার জিতে হাসি মুখে সংবাদ সম্মেলনে এলেন শরিফুল ইসলাম। কিন্তু মাঠে তিনি যতটা আগ্রাসী, সংবাদমাধ্যমের সামনে ততটাই লাজুক। মুখ ফুটে যেন কথাই বের হয় না তার। এক সংবাদকর্মী তাই মজার ছলেই বললেন, ‘আপনার উচ্চতার মতোই লম্বা উত্তর দিয়েন।’ চওড়া হাসিতে শরিফুল বললেন, ‘চেষ্টা করব…।’
তবু খুব একটা বড় হয়নি শরিফুলকে করা পরের প্রশ্নগুলোর উত্তর। এর মাঝেই যতটা সম্ভব মনের আগল খোলার চেষ্টা করলেন তিনি। তরুণ বাঁহাতি পেসার জানালেন, দলের সবার সমর্থন ও প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে আলাদাভাবে কাজ করে পেলেন সুফল।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে প্রথমবার সুযোগ পান শরিফুল। প্রথমবারেই বাজিমাত। ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্রেফ ২১ রানে ৪ উইকেট নিয়ে তিনিই বাংলাদেশের জয়ের নায়ক।
নতুন বলে শুরুর স্পেলের ৫ ওভারে স্রেফ ৮ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। একেকটি উইকেটের পর বুনো উচ্ছ্বাসে মাতেন তিনি। রহমত শাহকে কট বিহাইন্ড করে তো অনেকটা দৌড়ে নিজেদের ডাগআউটের কাছাকাছিই চলে যান!
আগের ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করা রহমানউল্লাহ গুরবাজকে দারুণ একটি বাউন্সার করে কাছাকাছি গিয়ে কিছু একটা বলতেও দেখা যায় তাকে। ওই প্রথম স্পেলে তার ২৮ বল থেকে কোনো রান নিতে পারেনি আফগানিস্তান।
দারুণ এই বোলিংয়ের তেজ ফুটে ওঠে তার শরীরী ভাষায়ও। শরিফুলের এই আগ্রাসী রূপ দেখা গেছে বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে একেকটি উইকেটের পর তার উল্লাস ছিল দেখার মতো।
বয়সভিত্তিক পর্যায় পেছনে ফেলে আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রাসনের দিক থেকে বদল আসেনি শরিফুলের। আফগানদের বিপক্ষে ম্যাচ জেতানোর পর বললেন, তিনি নিজে না চাইলেও স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে তার শরীরী ভাষায় বারুদ।
“আসলে ওরকম জেদ ছিল না। অনুশীলনে যেমন বল করার চেষ্টা করি, তেমন ম্যাচেও করার চেষ্টা করছিলাম। আর শরীরী ভাষা অটোমেটিক চলে আসে। যতই ভাবি যে, ‘না এমন করা যাবে না।’ তাও চলে আসে।”
তবে এই আগ্রাসী মনোভাব দেখানোর সুযোগ খুব একটা পান না শরিফুল। কখনও চোট, আবার কখনও কম্বিনেশনের কারণে প্রায়ই মূল একাদশে জায়গা হয় না ২২ বছর বয়সী পেসারের। পেসারদের চলমান আধিপত্যের মাঝে একাদশে নিয়মিত সুযোগ পাওয়াও চ্যালেঞ্জিং।
২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হলেও এখন পর্যন্ত স্রেফ ১৭ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে এটি নিয়ে tতার কোনো আক্ষেপ-অভিযোগ নেই বলেই দাবি করলেন।
“আমরা যে ৫ জন পেসার আছি, পরিবারের মতো। সবার ওপরই কোচের বিশ্বাস আছে। এখান থেকে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছে। যাতে সবাই খেলার মধ্যে থাকে, যে কোনো সময় প্রস্তুত থাকে সুযোগ এলে ভাল করার জন্য।”
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটির আগে টানা তিন ওয়ানডেতে একাদশের বাইরে ছিলেন শরিফুল। তবে সুযোগের অপেক্ষায় থাকা পেসার অনুশীলন থেকেই নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখেন। আর এটি করার ক্ষেত্রে তিনি বিশেষ যত্ন পান চান্দিকা হাথুরুসিংহের কাছ থেকেও।
“হাথু স্যার (হাথুরুসিংহে) বিশেষভাবে আমাকে নিয়ে বাড়তি কাজ করেছেন। আমি যখন বাসায় ছিলাম, তখন তিনি বোলিংয়ের অনেক ড্রিলের ভিডিও দিয়েছিলেন। আমি ওভাবেই করছিলাম। অনুশীলনে কাজ করতে করতে আজকে ম্যাচে প্রয়োগ করেছি। কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ।”
বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অবদানের কথা বললেন তিনি। আর কতৃজ্ঞতা জানালেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রতি।
নতুন বলে প্রথম ওভারের সবকয়টি ডেলিভারি গুড ও ফুল লেংথে করেন শরিফুল। কিন্তু তেমন সুইং বা মুভমেন্ট পাননি। পরের ওভার থেকেই বদলে যায় তার পরিকল্পনা। শর্ট লেংথে বোলিং করে তিনি বিপাকে ফেলেন ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবিদের।
ম্যাচে তার ৯ ওভারের মধ্যে ৪৬ শতাংশ ডেলিভারিই ছিল শর্ট লেংথে। গুড লেংথে পড়ে ৪৪ শতাংশ ডেলিভারি। দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের সঙ্গে আলোচনা করে লেংথ বদলে শর্ট বোলিংয়ের পথে হাঁটেন বাঁহাতি পেসার।
“শুরুতে দুই-তিন বল সামনে করার পর দেখলাম, সামনে করলে কিছু হচ্ছে না। তখন তাসকিন ভাই বললেন, একটু ব্যাক অব লেংথে করলে সুবিধা পাওয়া যেতে পারে। বল উঁচু-নিচু হতে পারে। তখন দুজন মিলে পরিকল্পনা বদল করেছি।”
পরিকল্পনা বদলের পর প্রথম বলেই সাফল্য পান শরিফুল। তার অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারি পা বাড়িয়ে খেলতে গিয়ে নাগাল পাননি ইব্রাহিম। ব্যাটের কানায় লেগে বল চলে যায় মুশফিকুর রহিমের গ্লাভসে। এতে আরও একবার ইব্রাহিমের বিপক্ষে সফল হন শরিফুল।
টেস্ট ও ওয়ানডে মিলিয়ে এ নিয়ে চার বারের দেখায় প্রতিবারই আফগান ওপেনারকে আউট করলেন তিনি। গত বছরের সিরিজে প্রথম ওয়ানডেতে তার বলে স্লিপে ক্যাচ দেন ইব্রাহিম। এবারের সফরে একমাত্র টেস্টের দুই ইনিংসেও শরিফুলের শিকার তিনি।
ইব্রাহিমের বিপক্ষে চতুর্থবার সাফল্য পাওয়ার পর শরিফুল জানালেন আগের তিনবার থেকে পাওয়া আত্মবিশ্বাসের কথা।
“ইব্রাহিম ভাই ভালো ব্যাটসম্যান। আমি চেষ্টা করছি নিজের সেরা ডেলিভারিটা তার সময় দেওয়ার। আগে তিনবার আউট করায় একটা আত্মবিশ্বাস ছিল যে, আমি তাকে বল করলে হয়তো উইকেটটা পাব। আল্লাহর রহমতে পেরেছি।”
শরিফুলের সামনে সুযোগ ছিল ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়ারও। কিন্তু নিজের শেষ ওভার করতে এসে পায়ের পেশিতে টান অনুভব করেন। তেমন ভালো অনুভব না করায় বোলিং ছেড়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে যান তিনি। এক ওভার পর মাঠে ফেরেন। কিন্তু আফগান অলআউট হয়ে যাওয়ায় আর বল করার সুযোগ পাননি।
ব্যক্তিগত অর্জনের হাতছানি ছাপিয়ে ওই সময় দলের লাভের কথাই চিন্তা করছিলেন তরুণ পেসার।
“চেষ্টা ছিল (৫ উইকেট নেওয়ার)। কিন্তু দেখলাম পায়ে ক্র্যাম্প করছে। তখন জোরাজুরি করলে ইনজুরিতে পড়তে পারতাম। কিংবা আলগা বল দুই-একটা হলে বাউন্ডারি হয়ে যেত। তাই চিন্তা করেছি যে, দলের ভাল বোলার যে আছে বা যে এখন শতভাগ দিতে পারবে, সে করলে হয়তো দুই-একটা উইকেট বা রান কম হতে পারে। তাই চিন্তা করেছি বাইরে গিয়ে বিশ্রাম নিয়ে আসি।”
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান। বাংলাদেশের মাঠে গত নয় বছরের মধ্যে ওয়ানডে সিরিজ জয়ী দ্বিতীয় দল তারা। এই সময়ে শুধুমাত্র ইংল্যান্ড ২০১৬ সালে ও চলতি বছর সিরিজ জিতে ফিরতে পেরেছে।
ঘরের মাঠের আধিপত্যে ধাক্কা লাগায় শেষ ম্যাচে নিজেদের সেরা রূপ দেখানোর একটা তাগিদ ছিল বলে জানালেন তরুণ পেসার।
“খেলার মধ্যে হার-জিত থাকবে। প্রথম দুটি ম্যাচ হয়তো একটু অন্যরকম হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি যে আমরা যেরকম দল, শেষ ম্যাচটায় যেন প্রমাণ দিতে পারি যে, আমরা ওরকম দল না। যাতে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি।”
সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপে এই দলের বিপক্ষেই অন্তত একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দলই এশিয়া কাপের সুপার ফোরে উঠলে বাড়বে মুখোমুখি লড়াইয়ের সংখ্যা। ঘরের মাঠে সিরিজ হারলেও বড় দুই টুর্নামেন্টে ভালো করার ব্যাপারে আশাবাদী শরিফুল।
“সবাই তো (অন্য দলকে) হারাতেই চায়। আমরাও ওই মনোবল নিয়েই নামব। এরপর দেখা যাক কী হয়! আমাদের চেষ্টা থাকবে। এশিয়া কাপ বা বিশ্বকাপে (আফগানিস্তানের বিপক্ষে) জেতার জন্যই খেলব। সবার মধ্যে ওই ক্ষুধাটা রেখেই নামব।”
