২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম ইকবালের অবসরের ভেতর-বাহির

দলের ভেতরে-বাইরে থেকে প্রচণ্ড চাপ আর নিতে পারছিলেন না তামিম, হারিয়ে ফেলেছিলেন লড়াই করার মানসিকতা।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 09:50 PM

Updated : 06 Jul 2023, 10:41 PM

২০০৭ সালে যখন ডাউন দা উইকেটে এসে জহির খানকে ছক্কায় উড়িয়েছিলেন তামিম ইকবাল, ধারাভাষ্য কক্ষে ইয়ান বিশপ বলেছিলেন, ‘It belies a 17 years old really…।’ ১৬ বছর পর আবার যেন বিশ্বাস-অবিশ্বাসের সেই ঘোরে ফেলে দিলেন তামিম। আগেরবার তার ক্যারিয়ার ছিল অঙ্কুরে। এবার ঝরে পড়ার পালা। তামিমের অবসরের অবসর যেন বজ্রপাতের মতো আঘাত করল বাংলাদেশের ক্রিকেটে। সত্যিই বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না তাকে!

বিস্ময়, আবেগ এবং আরও নানা অনুভূতির প্রাথমিক দোলাচল শেষে জেগে ওঠে কিছু প্রশ্ন। কেন এমন অবসর?

বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, এই সিদ্ধান্ত ‘হুট করে’ নেওয়া নয়। বরং বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছেন ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করছেন। অবসর ঘোষণার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথোপকথনেও তিনি একই কথা বলেছেন জোর দিয়েই। তার পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেও সেটির সত্যতা নিশ্চিত করা গেছে। 

তামিম বেশ কিছুদিন ধরেই পরিবারের সদস্যদের সঙ্গে অবসর নিয়ে আলোচনা করছিলেন। সবাই তাকে বোঝানোর চেষ্টা করেছেন যথেষ্টই। সবশেষ কয়েক দিন আগেও আরেক দফা আলোচনা হয়েছে। কিন্তু সবাইকে তিনি বলেছেন, চাপটা আর নিতে পারছেন না। শুধু নেতৃত্ব নয়, খেলাটাই আর উপভোগ করতে পারছেন না। জোর করে তাই চালিয়ে যেতে চান না।

কী সেই চাপ? বিদায়ী সংবাদ সম্মেলনে অবসরের কারণ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘ভিন্ন ভিন্ন’ কারণ আছে। কী সেসব? 

তামিমকে জিজ্ঞেস করা হলে তিনি খোলাসা করলেন না কিছু। তবে তার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেল, বোর্ড তাকে অধিনায়কত্ব দিলেও বেশ কিছুদিন ধরে বোর্ডের সমর্থনটুকু তিনি পাচ্ছিলেন না। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এমন সব বক্তব্য বোর্ডের শীর্ষ কর্তারা দিয়েছেন, অধিনায়ক হিসেবে যা তার জন্য ভীষণ বিব্রতকর।

এমনকি অধিনায়কত্ব তার কাছ থেকে নিয়ে অন্য কাউকে দেওয়ার আলোচনাও হয়েছে বোর্ডে। এসব খবর জেনে তামিম অপমানিত বোধ করেছেন নানা সময়ে। সংবাদমাধ্যম ও সমর্থকদের সমালোচনার শঙ্কায় হোক বা অন্য কোনো কারণে, বোর্ড চায়নি তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে। কিন্তু বোর্ড কর্তাদের একটি বড় অংশ এমন আবহ তৈরি করতে চেয়েছেন, যাতে দলে তামিমের নিজেকে অনাকাঙ্ক্ষিত মনে হয় এবং নিজে থেকেই সরে যান।

ঘনিষ্ঠজনরা তামিমকে বলেছেন, লড়াই করে মাঠেই জবাব দিতে। কিন্তু তাদেরকে তামিম বলেছেন, “প্রতিপক্ষের সঙ্গে লড়াই করা যায়, নিজ দেশের বোর্ড বা অভিভাবকদের সঙ্গে নয়…।” এমনকি দলের ভেতরও একটা অস্বস্তিকর অবস্থা গড়ে তোলা হয়েছে বলে কাছের মানুষদের বলেছেন তামিম। 

সেটি শুধু সাম্প্রতিক সময়েই নয়, বেশ কিছু দিন ধরেই। গত কিছু দিনে মাত্রাটা বেড়েছে আরও।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসানের মন্তব্যের পর তামিম নিজের করণীয় বুঝে নেন। ফিটনেস নিয়ে মন্তব্যের জের ধরে ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার সঙ্গে কথোপকথনে তামিমকে তুলাধুনা করে ছাড়েন বোর্ড প্রধান।

এরপরই কি অবসরের সিদ্ধান্ত? তামিম পুরোপুরি বললেন না, আবার অস্বীকারও করলেন না।

“উনি (বোর্ড সভাপতি) তো এসব কতই বলেন! আমি সত্যিই পরিবারের সবার সঙ্গে আলোচনা করছিলাম আগে থেকেই। হ্যাঁ, উনার এবারের কথাটিতে হয়ত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। তবে যেটা বললাম, আমার ভাবনায় ছিল আগেই। আমার ঘনিষ্ঠদের জিজ্ঞেস করে দেখতে পারেন, ওরাও বুঝতে পারছিল যে আমি ভালো অনুভব করছি না, উপভোগ করছি না…।”

কেন উপভোগ করছেন না? সেই প্রশ্নে আবার তামিমের মুখে কুলুপ। 

শুধু নেতৃত্বে ছেড়ে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শও তামিমকে দিয়েছিলেন ঘনিষ্ঠজনরা। কিন্তু তাদেরকে তিনি একই কথা বলেছেন, এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে, দিনের পর দিন সেই চাপ নিতে নিতে তিনি এখন আর খেলা চালিয়ে যাওয়ার মতো মানসিক অবস্থায় নেই। 

তামিমের সঙ্গে সেই আলোচনায় ছিলেন, পরিবারের এমন একজন সদস্য জানালেন, তামিম বারবার মানসিক অবস্থার কথাই বলেছেন। মানসিকভাবে তিনি ক্লান্ত ও বিধ্বস্ত, নিজ দেশের বোর্ডের তৈরি করা প্রতিকূল স্রোতে সাঁতরানোর মানসিক জোর ও উৎসাহ তিনি আর পাচ্ছেন না।

তবু তিনি আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটা দেখতে চাচ্ছিলেন। কিন্তু সিরিজ শুরুর আগের দিন বোর্ড প্রধানের ওই মন্তব্য ও প্রথম ম্যাচের পর চারপাশের গুমোট আবহের পর আর দেরি করেননি। স্থির সিদ্ধান্তে পৌঁছে যান। ঘনিষ্ঠজনদের শেষবারের অনুরোধেও কান দেননি। পরদিন ডাকেন সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলন ডাকার খবর পেয়ে বোর্ড প্রধান থেকে শুরু করে বোর্ডের শীর্ষ কর্তারা তার সঙ্গে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করে গেছেন বলে জানা গেছে বোর্ড সূত্রে। কিন্তু কিছু সময় তামিম ফোনকলে সাড়া দেননি, কিছু সময় ফোন ছিল ‘ডু নট ডিস্টার্ব’ মোড দেওয়া। ঘনিষ্ঠদের তিনি ততক্ষণে বলে দিয়েছেন, কারও কোনো অনুরোধেই আর কাজ হবে না।

কেন এমন কঠিন মনোভাব, কেন এই চূড়ান্ত সিদ্ধান্ত, বারংবার সেই প্রশ্নে তামিম শুধু ছোট্ট করে বললেন, “আপনাকে যদি কেউ কিছু দেয়, এরপর তারাই তা নিয়ে যেতে নানা বাহানা করে, তাহলে আপনার কী করা উচিত?” 

সেই ‘কিছু’ মানে যে নেতৃত্ব, তা তো বার ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না। শুধু নেতৃত্ব নয়, তিনি ছেড়ে দিলেন সবই। 

বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনটি তিনি করতে চেয়েছিলেন চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের আউটার মাঠে খেলেই তার ক্রিকেটার হিসেবে গড়ে ওঠা। কিন্তু জানা গেছে, বিসিবি কর্তাদের বিরাগভাজন হওয়ার ভয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ সেই অনুমতি তামিমকে দেননি।

আগ্রাসী ব্যাটিংয়ে বয়সভিত্তিক ক্রিকেটেই আলোচনার ঝড় তুলেছিল যে কিশোর, দেশের ক্রিকেটে যাকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল যে, ‘একটি ছেলে আসছে’, ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে যার বিস্ময়কর স্ট্রোকের ছটায় তাক লেগে গিয়েছিল ক্রিকেট বিশ্বে, ব্যাট হাতে যিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের সাহস, ২০১০ সালে লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডে চোখধাঁধানো দুটি সেঞ্চুরিতে যিনি আঁচড় কেটেছিলেন ইংলিশ আভিজাত্যে, ২০১২ এশিয়া কাপে টানা চার ফিফটি করে চার আঙুলে উঁচিয়ে ধরেছিলেন জয়ের ঝান্ডা, ২০১৫ সালে একের পর এক ম্যাচে যিনি কচুকাটা করেছেন বোলারদের, খুলনায় ইনিংস পরাজয়ের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে করেছেন রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছেন সর্বোচ্চ রান, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জবাব দিয়েছেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বোলারদের, দেশের শততম টেস্টে স্মরণীয় জয়ে চতুর্থ ইনিংসে খেলেছেন অসাধারণ ইনিংস, দেশের মাঠে ভয়ঙ্কর টার্নিং উইকেটে দারুণ ব্যাটিং করে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে যার বড় অবদান, সাফল্যের শতকরা হারে যিনি দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক, দেশের ব্যাটিং রেকর্ডের অনেকগুলা নিজের করে নিয়েছেন ১৬ বছরের দীপ্তিময় পথচলায়, তার ক্যারিয়ার শেষ হয়ে গেল ৩৪ বছর বয়সেই। অবসর ঘোষণার সংবাদ সম্মেলন তাকে করতে হলো ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে ও হোটেল কক্ষ ভাড়া করে। 

দেশের ক্রিকেটের একটি বাস্তবতা কি এতেও ফুটে উঠছে না!