২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছন্দে ফেরায়’ এক সিরিজ পরই দলে আফিফ

আফিফ হোসেন ও ইবাদত হোসেন চৌধুরিকে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করলেন হাবিবুল বাশার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 08:21 PM

Updated : 18 Jun 2023, 09:32 PM

পরপর দুই দিন দুটি সুসংবাদ পেলেন আফিফ হোসেন। গত মার্চে বাদ পড়ার পর ২৪ ঘণ্টার ব্যবধানে সাদা বলের দুই সংস্করণেই জাতীয় দলে ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে ছন্দ খুঁজে পাওয়ায় তাকে ফেরানো হয়েছে, জানালেন নির্বাচক হাবিবুল বাশার।

মিরপুরে শনিবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড গড়া জয়ের কিছুক্ষণ পর ঘোষণা করা হয় ওয়ানডে সিরিজের দল। নাঈম শেখের সঙ্গে ফেরানো হয় আফিফকে। পরদিন ঘোষিত টি-টোয়েন্টি দলে আফিফের সঙ্গে দলে ডাকা হয়েছে ইবাদত হোসেন চৌধুরিকে। 

গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের একাদশে জায়গা হারান আফিফ। এর আগে বাংলাদেশের হয়ে টানা ৬১টি ২০ ওভারের ম্যাচ খেলার রেকর্ড গড়েন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। পরে আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াড থেকেই বাদ পড়েন তিনি। 

গত বছর সেপ্টেম্বরে আরব আমিরাতের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন আফিফ। পরের ১২ ইনিংসে একবারও পঞ্চাশ ছুঁতে পারেননি। নিচের দিকে ব্যাটিং করায় তার জন্য ফিফটি করা হয়তো সহজ নয়। কিন্তু দ্রুত রান তোলার যে চাহিদা, সেটিও ঠিক মেটাতে পারেননি তিনি। এই ১২ ইনিংসে তিনি সব মিলিয়ে ১৯৪ রান করেন ১১৭.৫৭ স্ট্রাইক রেটে। যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের (১২০.২৮) চেয়েও কম। 

তাই আফিফকে বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। এরপর আর কোনো ২০ ওভারের ম্যাচই খেলেননি তিনি। তবে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে তিনি ছন্দে ফেরার বার্তা দেন। মিডল অর্ডারে ব্যাটিং করে ১৩ ইনিংসে ৫ ফিফটির সঙ্গে লিস্ট 'এ' ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও করেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। সব মিলিয়ে ৫৫ গড় ও ১১০.৬৬ স্ট্রাইক রেটে করেন ৫৫০ রান।

সংস্করণ ভিন্ন হলেও, প্রিমিয়ার লিগে রানে ফেরার সৌজন্যেই জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছেন আফিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, মূলত ছন্দ খুঁজে পাওয়ার কারণে এক সিরিজ পরই আফিফকে আবার টি-টোয়েন্টি দলে ডেকেছেন তারা।

“আফিফকে দলের বাইরে রাখা হয়েছিল কারণ, ও ফর্মে ছিল না। বাইরে গেলে যেটা হয়, সবাই কাজ করার সুযোগ পায়। আমাদেরও ভাবনা থাকে, যেন ফর্মে ফিরতে পারে। তো ও দেখিয়েছে যে, এখন ফর্মে আছে। নিজের ছন্দটা খুঁজে পেয়েছে। তাই ওকে দলে ফেরানো হয়েছে।”

আফিফের চেয়েও দীর্ঘ ইবাদতের ফেরার বিরতি। গত বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর এই সংস্করণে আর ম্যাচ খেলতে পারেননি ২৯ বছর বয়সী পেসার। এমনকি সবশেষ বিপিএলেও ভালো ছিল না তার পারফরম্যান্স। ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে স্রেফ ৩ উইকেট নেন তিনি। ওভারপ্রতি খরচ করেন দশের বেশি রান।

তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্টে নিজের গতির কারিশমা নিয়মিতই দেখাচ্ছেন ইবাদত। যে কারণে তাকে এবার টি-টোয়েন্টিতে দলে নিয়েছেন নির্বাচকরা।

“ইবাদতের গতিটা আমরা দেখেছি যে টি-টোয়েন্টিতে অনেক কাজে লাগে। আর আমরা তো এখন একটু অদল-বদল করিয়ে খেলানোর দিকে যাচ্ছি। যেহেতু আমাদের হাতে বিকল্প এখন বেড়েছে। সামনেও দেখবেন, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।”

২৯ বছর বয়সী পেসারের অন্তর্ভুক্তির ফলে এবার ওয়ানডে ও টেস্টের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলেও দেখা গেল পাঁচ জন ফাস্ট বোলার। তিন সংস্করণেই নির্দিষ্ট সংখ্যক পেসার নেওয়া সামনের দিনগুলোর জন্য কোনো বার্তা কি না জানতে চাওয়া হলে, কন্ডিশনের কথা বলেন হাবিবুল। 

“না! পাঁচ পেসার নেওয়া কোনো ধারার শুরু নয়। এটি কন্ডিশনের ওপর নির্ভর করবে। আমাদের এখন বিকল্প আছে। আর দলে তো তিনটা স্পিনার আছেই। ভুলে গেলে চলবে না, আমাদের স্পিনাররাও কিন্তু ভালো। ফাস্ট বোলাররাও এখন ভালো। তাই যে কোনো কন্ডিশনে গিয়ে আমরা খেলতে পারব।”

আফিফ-ইবাদতের ফেরার সিরিজে দল থেকে জায়গা হারিয়েছেন জাকের আলি অনিক। সবশেষ আয়ারল্যান্ড সিরিজে তাকে প্রথমবার নেওয়া হয় দলে। কিন্তু কোনো ম্যাচ না খেলিয়েই এবার বাদ দেওয়া হল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে। 

তবে হাবিবুল জানিয়েছেন, এই সিরিজে বাদ পড়লেও ভাবনার আড়াল হবেন না ২৫ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। 

“জাকের আলি আমাদের নজরের মধ্যেই আছে। আমরা তখন বিভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিয়ে দেখছিলাম। এখন দিন দিন ওই দেখার সুযোগটা কমে যাবে। তারপরও আমরা যেহেতু গ্রুপটা বড় করছি, ও আমাদের (বাংলাদেশ) টাইগার্সে আছে। তো সামনে হয়তো আবার সুযোগ পাবে।”