প্রথমবার পাকিস্তান টি-টোয়েন্টি দলে আব্বাস-উসামা-হাসিবউল্লাহ
নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের দলে ফিরেছেন শাহিবজাদা ফারহান, আজম খান ও আবরার আহমেদ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দলে ডাক পেয়েছেন পেসার আব্বাস আফ্রিদি, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হাসিবউল্লাহ ও লেগ স্পিনার উসামা মির। ১৭ সদস্যের দলে ফিরেছেন শাহিবজাদা ফারহান, আজম খান এবং এখনও এই সংস্করণে দেশের হয়ে কোনো ম্যাচ না খেলা আবরার আহমেদ।
ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে থাকায় বিবেচনা করা হয়নি নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, ইহসানউল্লাহ ও শাদাব খানকে। সবশেষ সিরিজের দল থেকে নেই মোহাম্মদ হারিস, শান মাসুদ ও ফাহিম আশরাফ।
প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেছেন, কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দেওয়ার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে বিস্ফোরক ব্যাটসম্যান হারিসকে। চোটের জন্য নেই শাদাব। এই দুই জনই আছেন নির্বাচকদের দীর্ঘ মেয়াদী পরিকল্পনায়।
দুই পেসার নাসিম ও হাসনাইন ক্রিকেটে ফেরার প্রক্রিয়ায় আাছেন। তাদের নিয়ে কোনোরকম তাড়াহুড়া করতে চান না ওয়াহাব। সাবেক এই পেসার আশা করছেন, পিএসএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন নাসিম ও হাসনাইন।
নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে পাকিস্তানের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হবে শাহিন শাহ আফ্রিদির।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে ব্যাকআপ হিসেবে প্রস্তুত করার জন্য দলে রাখা হয়েছে তিন জনকে- মোহাম্মদ রিজওয়ান, আজম ও হাসিবউল্লাহ। শেষের দুই জনকে মিডল অর্ডারে খেলানোর ভাবনা ওয়াহাবের।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আমের জামাল, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, আজম খান (উইকেটরক্ষক), বাবর আজম, ফাখার জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, উসামা মির, জামান খান।
