১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেন্ডুলকারের ১০০ শতকের রেকর্ড ভাঙবেন কোহলি, বিশ্বাস লয়েডের

ভারতের তারকা ব্যাটসম্যান যেভাবে খেলছেন তাতে যেকোনো কিছুই তিনি অর্জন করতে পারেন বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক।

টেন্ডুলকারের ১০০ শতকের রেকর্ড ভাঙবেন কোহলি, বিশ্বাস লয়েডের

ভিরাট কোহলি (বাঁয়ে) ও ক্লাইভ লয়েড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2024, 05:48 PM

Updated : 12 Jan 2024, 05:48 PM

ক্রিকেটের যে রেকর্ডগুলোকে মনে করা হয় চিরস্থায়ী, তার একটি সাচিন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলেই ধারণা অনেকের। যদিও বলা হয়, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। ক্লাইভ লয়েডের যেমন বিশ্বাস, পূর্বসূরির এই রেকর্ডও ভেঙে দেবেন ভিরাট কোহলি। ভারতের এই তারকা ব্যাটসম্যানের পক্ষে যেকোনো কিছু সম্ভব বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরি ৬৬৪ ম্যাচে। তার থেকে এখনও ২০ সেঞ্চুরি দূরে আছেন কোহলি। ৫২০ ম্যাচে তার শতক ৮০টি। ৭১ শতক নিয়ে তিনে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে কোহলি ছাড়া আর কারো ৫০ শতকও নেই।

কোহলির বয়স এখন ৩৫। তার যে ফিটনেস, আরও অন্তত তিন বছর তিনি শীর্ষ পর্যায়ে খেলে যেতে পারেন। এরই মধ্যে টেন্ডুলকারের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

একটা সময়ে মনে করা হতো ওয়ানডেতে টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডও হয়তো কেউ ভাঙতে পারবে না। তবে কোহলি ঠিকই ভেঙেছেন সেই রেকর্ড। দেশের মাটিতে গত বিশ্বকাপে তিন সেঞ্চুরি করে টেন্ডুলকারকে ছাড়িয়ে যান তিনি, প্রথম ক্রিকেটার হিসেবে গড়েন ওয়ানডেতে ৫০ শতকের কীর্তি।

কলকাতায় শুক্রবার এক অনুষ্ঠানে টেন্ডুলকারের ১০০ শতকের রেকর্ডের প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক লয়েড বললেন, কোহলির পক্ষে যেকোনো কিছুই সম্ভব।

“জানি না কতদিন লাগবে (রেকর্ড ভাঙতে), তবে সে (কোহলি) যথেষ্ট তরুণ। আমি নিশ্চিত, সে যেভাবে খেলছে, তাতে যেকোনো কিছু সে অর্জন করতে পারে। এটি করতে পারলে অনেক খুশি হওয়ার মতো কিছু হবে।”