আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায় গিলের শাস্তি
ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে ভারতের, অস্ট্রেলিয়ার কাটা হয়েছে ৮০ শতাংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজের আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি শুবমান গিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে সমালোচনা করায় শাস্তি পেয়েছেন ভারতের এই ব্যাটসম্যান।
তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।
ইংল্যান্ডের দা ওভালে রোববার ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। পর দিন এই শাস্তির ঘোষণা দিল আইসিসি।
মন্থর ওভার রেটের কারণে দুই দলকেই জরিমানা করা হয়েছে।
৪৪৪ রান লক্ষ্য তাড়ায় ম্যাচের চতুর্থ দিন শনিবার ১৮ রানে সাজঘরে ফেরেন গিল। স্কট বোল্যান্ডের লেংথ বল তার ব্যাটের কানায় লেগে যায় গালিতে, সেখানে বাঁয়ে ঝাঁপিয়ে নিচু ক্যাচ নেন ক্যামেরন গ্রিন।
ক্যাচ হয়েছে কিনা, সংশয় ছিল মাঠের আম্পায়ারদের। পরে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য টিভি আম্পায়ারের কাছে পাঠানো হয়। রিচার্ড কেটেলবরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকবার রিপ্লে দেখে আউট দেন। এতে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকরা দুয়ো দিয়ে প্রতিবাদ জানান, অসন্তোষ জানান অধিনায়ক রোহিত শর্মা ও গিলও।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গ্রিনের ক্যাচ নেওয়ার মুহূর্তের একটি জুম করা ছবি পোস্ট করেন গিল। সঙ্গে ম্যাগনিফাইং গ্লাসের দুটি ইমোজি ও কপালে হাত দেওয়া একটি ইমোজি ক্যাপশন হিসেবে দেন তিনি। ইনস্টাগ্রামে হাততালি দেওয়ার ইমোজিসহ একটি স্টোরিও পোস্ট করেন এই ওপেনার।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, ‘আন্তর্জাতিক ম্যাচে ঘটা কোনো কাণ্ড নিয়ে প্রকাশ্যে সমালোচনা কিংবা অনুপযুক্ত মন্তব্য’ করার অভিযোগ গিলের বিরুদ্ধে। নিজের দোষ স্বীকার করে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
মন্থর ওভার রেটের কারণে ভারত দলের সবার ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে। আর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কেটে নেওয়া হয়েছে ৮০ শতাংশ।
নির্ধারিত সময়ে পাঁচ ওভার কম করেছে ভারত, আর অস্ট্রেলিয়া করেছে চার ওভার। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
ভারত অধিনায়ক রোহিত ও অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
