১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত, সহ-অধিনায়ক মিরাজ

দুই সংস্করণের দলেই ফিরেছেন সৌম্য সরকার, ওয়ানডে দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

নিউ জিল্যান্ড সফরেও অধিনায়ক শান্ত, সহ-অধিনায়ক মিরাজ

ছেলেবেলা থেকে বিভিন্ন পর্যায়ে একসঙ্গে খেলে বেড়ে ওঠা দুই বন্ধু শান্ত ও মিরাজ এখন জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 07:51 PM

Updated : 01 Dec 2023, 10:27 AM

দেশের মাঠে চলতি টেস্ট সিরিজের ধারাবাহিকতায় নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। বয়সভিত্তিক ক্রিকেটে তার অধিনায়ক ছিলেন যিনি, সেই মেহেদী হাসান মিরাজ এখন থাকবেন তার সহ-অধিনায়ক হিসেবে।

ওয়ানডে দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। টি-টোয়েন্টি দলে রিশাদ ছিলেন আগে থেকেই। দুই সংস্করণের দলেই ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার।

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সীমিত ওভারের এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন শান্তরা।

আঙুলের চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের এই সফরে না যাওয়া নিশ্চিত ছিল আগে থেকেই। তার জায়গাতেই নেতৃত্ব দেবেন শান্ত। সাকিবের অনুপস্থিতিতে এর মধ্যেই তিনটি ওয়ানডেতে নেতৃত্বের অভিজ্ঞতা হয়ে গেছে তার। টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন তিনি এই প্রথমবার।

চোটের কারণে তাসকিন আহমেদেরও না থাকা নিশ্চিত ছিল আগে থেকেই। বিশ্বকাপের শেষ ম্যাচে পাওয়া চোট এই সফর থেকে ছিটকে দিয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহকেও।

সাকিবের বদলি হিসেবে বিশ্বকাপের শেষ ম্যাচের স্কোয়াডে যোগ দেওয়া টপ অর্ডার এনামুল হক টিকে গেছেন দলে।

ওয়ানডে দলে রিশাদের ডাক পাওয়া একটু বিস্ময়করই। টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তিনি নানা সময়ই। তিনটি ম্যাচও খেলেছেন ২১ বছর বয়সী এই লেগ স্পিনার। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অভিজ্ঞতা স্রেফ তিন ম্যাচের। তাতেই জায়গা পেয়ে গেলেন ওয়ানডেতে।

Image

দুই সংস্করণেই দলে ফিরেছেন সৌম্য সরকার।

ওয়ানডে দলের আরেক নতুন মুখ রাকিবুল ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। গত যুব বিশ্বকাপে তিনি ছিলেন দলের অধিনায়ক। এছাড়াও হাই পারফরম্যান্স দল, বিসিবি একাদশ, বাংলাদেশ ‘এ’ দলে তিনি নিয়মিত মুখ। ঘরোয়া ক্রিকেটে পারফর্মও করেছেন। ৪৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে তার উইকেট ৬৬টি।

 সৌম্য ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফিরলেন এই দুই সংস্করণে ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ ১৬ ইনিংসে ২৫ রানের ইনিংসও নেই তার। সবশেষ ১৬ ওয়ানডেতে ফিফটি করেছেন একটি। সবশেষ খেলেছেন বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে।

ব্যর্থতার খেসারত দিয়ে দুই সংস্করণেই বাদ পড়েছেন নাসুম আহমেদ।

ওয়ানডে দলে জায়গা হারানো অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ফিরেছেন টি-টোয়েন্টি দলে। এই সংস্করণে প্রথমবার ডাক পেয়েছেন ওয়ানডে দলের পেসার তানজিম হাসান। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা বাঁহাতি স্পিনার তানভির ইসলামও ফিরেছেন দলে।

১৭ ডিসেম্বর ডানেডিনের ম্যাচ দিয়ে শুরু ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২০ ডিসেম্বর নেলসন ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নেপিয়ারেই ২৭ ডিসেম্বর। পরের দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইতে, ২৯ ও ৩১ ডিসেম্বর।

ওয়ানডে স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

বাদ : শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ।

চোটের কারণে নেই: তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ।

দলে ফিরলেন: সৌম্য সরকার, আফিফ হোসেন।

নতুন মুখ: রাকিবুল হাসান, রিশাদ হোসেন।

টি-টোয়েন্টি স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তানজিম হাসান।

বাদ: নাসুম আহমেদ

চোটের কারণে নেই: সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।

দলে ফিরলেন: তানভির ইসলাম, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান।

নতুন মুখ: তানজিম হাসান।