২৮ চার ও ১১ ছক্কায় পৃথ্বীর বিধ্বংসী ২৪৪
লিস্ট ‘এ’ ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেললেন ভারতীয় ব্যাটসম্যান।
প্রথমবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়ে নিজের জাত চেনাতে বেশি সময় লাগল না পৃথ্বী শর। নর্থ্যাম্পটনশায়ারের হয়ে ওয়ানডে কাপে নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত ডাবল সেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় ব্যাটসম্যান।
নর্থ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে বুধবার সমারসেটের বিপক্ষে ইনিংস শুরু করে শেষ ওভারে আউট হওয়ার আগে ২৪৪ রান করেন পৃথ্বী। ১৫৩ বলের ইনিংসটি গড়া ২৮ চার ও ১১ ছক্কায়।
লিস্ট ‘এ’ ক্রিকেটে তার দ্বিতীয় দ্বিশতক এবং ক্যারিয়ার সেরা ইনিংস এটি। ২০২১ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ১৫২ বলে অপরাজিত ২২৭ ছিল আগের সেরা।
ইংল্যান্ডের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে পৃথ্বীর চেয়ে বড় ইনিংস আছে স্রেফ একটি। ২০০২ সালে ওভালে চেলটেনহ্যাম অ্যান্ড গ্লস্টারশায়ার ট্রফিতে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন আলি ব্রাউন ।
সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডের তালিকায় ষষ্ঠ স্থানে আছে পৃথ্বীর ২৪৪।
গত বছর বিজয় হাজারে ট্রফিতে তামিল নাড়ুর হয়ে অরুনাচল প্রদেশের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েন ভারতের নারায়ণ জাগদেসান।
পঞ্চাশ ওভারের ক্রিকেটে একাধিক দ্বিশতক করা দ্বিতীয় ভারতীয় পৃথ্বী। প্রথম জন রোহিত শর্মা। রোহিতের আছে তিনটি দ্বিশতক, সবগুলিই ভারতের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে।
সমারসেটের বিপক্ষে পৃথ্বীর ইনিংসের শুরুতে যদিও ঝড়ের ইঙ্গিত ছিল না তেমন। ফিফটি করেন তিনি ৪৪ বলে। এরপর বাড়ে গতি। ৮১ বলে পূর্ণ করেন শতক। সেখান থেকে দেড়শতে যেতে তার লাগে কেবল ২২ বল। আর দ্বিশতকে পা রাখেন ১২৯ বলে।
শেষ ওভারে ক্যাচ দিয়ে থামেন তিনি। নর্থ্যাম্পটনশায়ার ৫০ ওভারে ৮ উইকেটে করে ৪১৫ রান।
নর্থ্যাম্পটনশায়ারের হয়ে এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচও খেলার কথা ছিল পৃথ্বীর। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় প্রথম শ্রেণির ম্যাচ দুটি খেলতে পারেননি তিনি। পরে চুক্তি করেন শুধু ওয়ানডে কাপে খেলার জন্য।
২৩ বছর বয়সী ব্যাটসম্যান প্রথম ম্যাচে সাসেক্সের বিপক্ষে রান তাড়ায় আউট হয়ে যান ১৭ বলে ২৬ রান করে। এবার নিজেকে মেলে ধরে দ্বিশতক উপহার দিলেন ভারতের হয়ে ৫ টেস্ট, ৬ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।
