দুঃসময়ের প্রহর পেরিয়ে স্বস্তির ঠিকানায় মুমিনুল
একের পর এক ম্যাচে ব্যর্থতার অধ্যায় পেছনে ফেলে অবশেষে রানে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
রবিচন্দ্রন অশ্বিনের ক্যারম বলটি বুঝতেই পারেননি মুমিনুল হক। বল তার গ্লাভসে ছোবল দিয়ে আশ্রয় নিল কিপারের গ্লাভসে। আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর এক মুহূর্তও অপেক্ষা করলেন না তিনি। হনহন করে হেঁটে চললেন ড্রেসিং রুমের পানে। তবে তার বিদায়ে শুধু বিষাদই সঙ্গী নয়, অনেকদিন পর ফেরার সময় গ্যালারির তালি উপহার পেলেন তিনি। ডাগআউট থেকে পেলেন কোচিং স্টাফদের বাহবা।
আউট হওয়ার হতাশা তার চোখেমুখেও ফুটে উঠছিল পরিষ্কার। তবে সেখানে মিশে থাকার কথা বড় স্বস্তিও। সেঞ্চুরির হাতছানি থাকলেও শেষ পর্যন্ত তা মিলিয়ে গেছে। তবে এটি এমনই একটি দিন, যখন ওই আক্ষেপের চেয়েও বড় প্রাপ্তি ৮৪ রান করতে পারা।
হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর। মুমিনুল হক ফিরেছেন রানে!
দলের ব্যাটিং যদিও মুখ থুবড়ে পড়েছে আরেকবার। টস জিতে ব্যাটিংয়ে নামা দল যখন প্রথম দিনেই গুটিয়ে যায় ২২৭ রানে, তখন একজন ব্যাটসম্যানের ৮৪ রানের ইনিংসে উদযাপনের কোনো সুযোগ এমনিতে থাকে না। এই ইনিংস তখন খুব মূল্যবানও হয়ে ওঠে না। তবে মুমিনুলের জন্য এই ইনিংস মহামূল্য। সম্ভবত, বাংলাদেশ ক্রিকেটের জন্যও, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে।
বছরের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রায় সোয়া ৬ ঘণ্টা ব্যাট করে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন মুমিনুল। তখনও তিনি অধিনায়ক। দলের স্মরণীয় জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। এরপর থেকে দল ও মুমিনুল, একই ব্যর্থতার ভেলায় সওয়ার।
তার ব্যাট থেকে রান হারিয়ে যায়। দল জিততে ভুলে যায়। পাশাপাশি দুই ব্যর্থতা তো হাত ধরাধরি করে চলতে পারে না বেশিদিন। মুমিনুল নেতৃত্বের ভার ছেড়ে দিয়ে চেষ্টা করেন ব্যাটের ধার বাড়াতে। কিন্তু দুঃসময়ের জালে ততদিনে এমনভাবে আটকা পড়ে গেছেন, মুক্তি মেলে না। নেতৃত্ব ছাড়ার পর একটি টেস্ট খেলতে পারেন। এরপরই নিজেকে খুঁজে পান একাদশের বাইরে।
অবধারিতই ছিল তা। ১২ ইনিংস ধরে ফিফটি নেই। ৯ ইনিংস ধরে দুই অঙ্ক ছোঁয়া হয় না। এসব তো পরিসংখ্যান কেবল অনুসঙ্গ। মুমিনুলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, তিনি আর নিজের মধ্যে নেই। শরীরী ভাষা বলছিল, তিনি উপভোগ করছেন না। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ব্যাটসম্যানের ব্যাটিংয়ে ফুটে উঠছিল, ব্যাটিং ব্যাপারটিই তিনি ভুলে গেছেন।
তার ফিরে আসার জন্যই হয়তো তাকে দূরে ঠেলে দেওয়া প্রয়োজন ছিল।
ম্যাচের হিসেবে খুব বেশি নয়। স্রেফ দুটি টেস্ট। তবে সময়ের হিসেবে অনেক দিন। তার আত্মনুসন্ধানের সময়। নিজের সঙ্গে বোঝাপড়ার সময়।
এই সময়ে ঘরোয়া ক্রিকেট, বিসিবি একাদশ আর বাংলাদেশ ‘এ’ দলে খেলেও নিজের ছায়া হয়েই ছিলেন। হয়তো অপক্ষা ছিল আবার বড় মঞ্চে সুযোগের। মিরপুর টেস্টে সুযোগটা এলো আকস্মিকভাবেই। যে মাঠে তার ৭টি টেস্ট সেঞ্চুরি, সেই প্রিয় আঙিনা চটগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিনি রইলেন একাদশের বাইরে। কিন্তু মিরপুরে সুযোগ পেয়ে দেখিয়ে দিলেন, তিনি এখনও পারেন।
এই টেস্ট হয়তো তার জন্য ছিল অনেক দিনের মধ্যে শেষ সুযোগ। দুটি ইনিংস। ব্যর্থ হলে শুধু একাদশ নয়, স্কোয়াডের বাইরে ছিটকে পড়তে হতো নিশ্চিতভাবেই। ‘লাইফ লাইন’ পেয়ে নিজেকে নতুন জীবন দিলেন তিনি।
সবচেয়ে বড় কথা, তার সেই উপভোগের আনন্দ ফিরে এলো। উইকেটে যাওয়ার কিছুক্ষণ পর রবিচন্দ্রন অশ্বিনকে একটি চার মারেন কাভার ড্রাইভে। এরপর আর পেছনে তাকানো নয়। মুমিনুল ছুটতে থাকেন। সেরা সময়ে থাকলে যেভাবে খেলেন, সেই শটগুলির প্রদর্শনী মেলে ধরেন আবার। ফ্লিক, ড্রাইভ, কাট, আপার কাট, এমনকি অশ্বিনের বলে জায়গায় দাঁড়িয়ে টার্নের বিপক্ষে শট খেলে ছক্কা!
তিনি ৮০ পার হওয়ার সময় দলের উইকেট ছিল ৫টি। ৮৪ পর্যন্ত যেতে যেতে উইকেট নেই আরও ৩টি। সেঞ্চুরির জন্য সঙ্গী পাবেন কিনা, এই নিয়ে যখন শঙ্কা, অশ্বিনের দারুণ ডেলিভারিত তখন তারই যবানিকা।
এই ইনিংস শেষ। তার ক্যারিয়ারের নতুন শুরু।
নিশ্চয়ই অনেক কিছু ঠিকঠাক করেছেন বলেই তিনি ফিরে পেয়েছেন নিজেকে। তবে দিনের খেলা শেষে সংবাদ সস্মেলনে জেমি সিডন্স বললেন ইতিবাচকতার কথা। মুমিনুল যে ব্যাটিং উপভোগ করছিলেন, সেখানেই তার ফেরার রহস্য লুকিয়ে আছে বলে মনে করেন ব্যাটিং কোচ।
“আজকে তার মানসিকতা ছিল ইতিবাচক। বাজে বলের জন্য অপেক্ষা করার চেয়ে সে যেন বুঝিয়ে দিতে চাচ্ছিল, ‘আজকে আমি রান করব।’ এটি করতে পারলে সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সাম্প্রতিক অতীতে আগের ইনিংসগুলায় সে হয়তো ভাবছিল, ‘পরের রান কিভাবে করব… পরের ভালো বলটি কখন না জানি আসে!’ আজকে ছিল ব্যতিক্রম।”
ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তাকে রাখার সময় নির্বাচকরা বলেছিলেন, দলের সঙ্গে থেকে তাকে ব্যাটিং নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। চট্টগ্রাম টেস্টের সময় সিডন্স ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে দেখা গেছে মুমিনুলের সঙ্গে সময় কাটাতে।
তবে টেকনিক্যাল কাজের চেয়ে মানসিক ব্যাপারগুলিই বেশি কাজে দিয়েছে বলে মনে করেন সিডন্স।
“মানসিক পরিবর্তন একটা ব্যাপার অবশ্যই। তবে গত সপ্তাহে ওর সঙ্গে কাজ করার সময় আমরা চেয়েছি ওকে মুক্ত করে দিতে। চেয়েছি যেন ব্যাটিংয়ের আনন্দটা খুঁজে পায়। গত সপ্তাহে আমরা যে কাজ করেছি, তাতে অনেকটাই টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ধরন ছিল, আগ্রাসী শট খেলা। আমি জানি না, সেটিই কাজে দিয়েছে কি না। তবে আজকে নেমে সে কিছু শট খেলেছে এবং সফল হয়েছে। দুঃখজনক যে শতরান পায়নি।”
আক্ষেপটুকু হয়তো মুমিনুলেরও থাকবে। সেঞ্চুরিটা নাগালেই ছিল। তবে কাঁধ থেকে বড় বোঝা নেমে যাওয়ার অনুভূতিও তার হবে নিশ্চিতভাবেই। অবশেষে রান এলো। সেঞ্চুরিও নিশ্চয়ই সহসাই আসবে!
