২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউয়ের রিভিউ নিলেন অশ্বিন

রিভিউয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হওয়ায় সেই সিদ্ধান্তেরও রিভিউ নেন ভারতের এই স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 09:50 AM

Updated : 15 Jun 2023, 09:50 AM

ক্রিকেট মাঠে চমকপ্রদ সব কাজ করতে জুড়ি নেই রবিচন্দ্রন অশ্বিনের। এবার তিনি বিস্ময় উপহার দিলেন রিভিউয়ের সিদ্ধান্তে আবার রিভিউ নিয়ে। ভারতীয় এ স্পিনারের সৌজন্যে দেখা গেল এক বলেই দুটি রিভিউ! 

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার দেখা যায় এই ঘটনা। ত্রয়োদশ ওভারে দিন্দিগুল ড্রাগনসের অধিনায়ক অশ্বিনের একটি ক্যারম বল ঠিকমতো খেলতে পারেননি ব্যাটসমান রাজকুমার। উইকেটের পেছনে বল গ্লাভসবন্দি করেন কিপার বাবা ইন্দ্রজিত। কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেন আম্পায়ার। ব্যাটসম্যান নেন রিভিউ। 

টিভি রিপ্লে দেখে সেই সিদ্ধান্ত বদলে দেন তৃতীয় আম্পায়ার এস নিশান্থ। আল্ট্রাএজ-এ বড় স্পাইক দেখা গেলেও ব্যাট উইকেটে লাগার কারণে সেটি হয়েছে বলে মনে করেন তিনি। ‘ব্যাট-বলের মধ্যে স্পষ্ট ফাঁক আছে’ জানিয়ে মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো উপাদান যথেষ্টই আছে বলে রায় দেন টিভি আম্পায়ার। 

সেই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি অশ্বিন। মাঠের আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এরপর রিভিউয়ের সিদ্ধান্তের রিভিউ নেন তিনি। আবারও একই কারণ দেখিয়ে নিজের আগের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার। 

রাজকুমার ২২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তবে অশ্বিনদের জিততে সমস্যা হয়নি। ১২১ রান তাড়ায় জিতে যায় তারা ৬ উইকেটে। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বরুন চক্রবর্তী। 

ম্যাচের পর অশ্বিন ব্যাখ্যা করেন রিভিউয়ের রিভিউ নেওয়ার কারণ। 

“বড় পর্দায় তাকিয়ে আমার মনে হয়েছিল, এটা আউট। এই টুর্নামেন্টে ডিআরএস নতুন চালু হয়েছে। ব্যাটে বল লাগলেও সাধারণত স্পাইক (আল্ট্রাএজ-এ) ফুটে ওঠে ব্যাটে স্পর্শ করার ঠিক আগে। মাঠের সিদ্ধান্ত বদলে দেওয়ার জন্য তো পরিষ্কার প্রমাণ লাগবে। তারা সেটি বদলে দেওয়ায় আমি কিছুটা অখুশি ছিলাম। এজন্য রিভিউ নিয়েছিলাম। ধারণা করেছিলাম, তারা হয়তো ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারে।” 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়কের সিদ্ধান্তে সমর্থন দেন দিন্দিগুলের ব্যাটসম্যান আদিত্য গণেশ। 

“এটা খুব ক্লোজ ছিল, তাই না? এরকম হতে পারে। মাঠের ভেতরে থেকেই আমার মনে হচ্ছিল, খুব ক্লোজ ছিল এটি। অ্যাশ ভাই রিভিউ নিয়ে ঠিকই করেছেন।”