২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের পর পান্ডিয়াকে ভারতের নেতৃত্বে দেখতে চান শাস্ত্রী

রবি শাস্ত্রীর মতে, হার্দিক পান্ডিয়াকে টেস্ট না খেলিয়ে বিশ্বকাপের পর ভারতের সীমিত ওভারের দলের নেতৃত্বে আনা উচিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 11:37 AM

Updated : 25 Jun 2023, 03:52 PM

আইপিএলে তো নেতৃত্বের দক্ষতা দারুণভাবেই মেলে ধরেছেন হার্দিক পান্ডিয়া। জাতীয় দলেও ভারপ্রাপ্ত দায়িত্বে দেখিয়েছেন ঝলক। নিকট ভবিষ্যতে পাকাপাকি দায়িত্বেও এই অলরাউন্ডারকেই সবচেয়ে উপযুক্ত মনে করেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক অধিনায়ক ও কোচের মতে, আগামী ওয়ানডে বিশ্বকাপের পরই ভারতের সাদা বলের নেতৃত্বের ভার দেওয়া উচিত পান্ডিয়াকে। 

গত বছর আইপিএলের আগ পর্যন্তও পান্ডিয়ার মধ্যে নেতৃত্বের উপাদান দেখতে পাওয়ার মতো লোক খুব বেশি কেউ ছিলেন না। আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরই নিজের এই দিকটি মেলে ধরে সবাইকে চমকে দেন তিনি। তার নেতৃত্বে প্রথম আসরেই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট। পারফরম্যান্সে যেমন তিনি নেতৃত্ব দেন সামনে থেকে, তেমনি তার অনুপ্রেরণাদায়ী ও কৌশলী নেতৃত্ব নজর কাড়ে অনেকের। এবারও আইপিএলে গ্রুপ পর্যায়ে শীর্ষে থেকে পরে ফাইনালে উঠে চেন্নাইয়ের কাছে হেরে যায় পান্ডিয়ার গুজরাট। 

আইপিএলে নেতৃত্বের পথ ধরেই জাতীয় দলের অধিনায়কত্বও পান তিনি। মূল অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে নানা সময়ে তার অধিনায়কত্বে ১১ টি-টোয়েন্টির মাত্র ২টিতে হেরেছে ভারত। ওয়ানডেতে ১টি ম্যাচে নেতৃত্ব দিয়েই তিনি জিতেছেন। 

সাদা বলের ক্রিকেটে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে নিজের অবস্থান একরকম নিশ্চিতই করে ফেলেছেন পান্ডিয়া। তবে সংশয় আছে লাল বলের ক্রিকেট নিয়ে। শাস্ত্রীর কাছে একটি অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়, টেস্টেও পান্ডিয়া ভবিষ্যতে অধিনায়ক হতে পারেন কি না। শাস্ত্রী বললেন, চোটপ্রবণ এই অলরাউন্ডারকে টেস্ট থেকে দূরেই রাখা উচিত। 

“তার শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এটা পরিষ্কার করে বোঝা উচিত সবার। আগামী বিশ্বকাপের পর তার শরীর যদি প্রস্তুত থাকে, সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে আসা উচিত তার।” 

দীর্ঘ চোট থেকে ফেরার পর সাদা বলের ক্রিকেটে এখন টানা খেললেও টেস্ট ক্রিকেট থেকে একরকম নির্বাসনেই আছেন পান্ডিয়া। ১১ টেস্টের ক্যারিয়ারে ১ টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি আছে তার, উইকেট নিয়েছেন ১৭টি। কিন্তু চোটের কারণে দূরেই আছেন এই সংস্করণ থেকে। সবশেষ টেস্ট ম্যাচটি খেলেছেন ২০১৮ সালের সেপ্টেম্বরে। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। 

শাস্ত্রী চোট নিয়ে সতর্ক করে দিলেন জাসপ্রিত বুমরাহর ক্ষেত্রেও। পেস বোলিংয়ের সেরা অস্ত্রকে দীর্ঘদিন ধরেই পাচ্ছে না ভারত। আপাতত আগামী বিশ্বকাপের জন্য তাকে ফিট করে তোলার চেষ্টা চলছে। তবে বিশ্বকাপ বলেই যেন সেই চেষ্টা মরিয়া না হয়, অভিমত শাস্ত্রীর। 

“মূল ভাবনা হলো, তাকে পুরো ফিট পেতে হবে। সে বিশ্বমানের এক অস্ত্র, কিন্তু শতভাগ ফিট হয়ে উঠতে হবে তাকে। এতটাই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে, বিশ্বকাপের জন্য তাকে তাড়াহুড়ো করে নামিয়ে দেওয়া যাবে না। সেরকম কিছু করতে গিয়ে তাকে আবার চার মাসের জন্য হারাতে হতে পারে। অনেকটা শাহিন আফ্রিদি মতোই। পাকিস্তান তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিয়েছে তাড়াহুড়ো করে। সে পরে চার মাসের জন্য ছিটকে গেছে।”