মাঠে ঢুকে গেলেন উত্তেজিত সাকিব, বিতর্কিত ঘটনায় খেলা শুরু হতে দেরি
রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচে দ্বিতীয় ইনিংস শুরুর আগে বোলার-ব্যাটসম্যান ঠিক করা নিয়ে মাঠে উত্তেজনা।
ইনিংস বিরতি শেষে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করতে প্রস্তুত রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ফিল্ডার-ব্যাটসম্যানরা। কিন্তু হুট করে থমকে গেল খেলা। সীমানার বাইরে থেকে সাকিব আল হাসানকে দেখা গেল হাত উঁচিয়ে কিছু বলতে। পরে উত্তেজিত অবস্থায় মাঠে ঢুকে মাঠের আম্পায়ারদের সঙ্গ বচসায় জড়ালেন বরিশাল অধিনায়ক। তাতে খেলা শুরু হতে দেরি হলো মিনিট পাঁচেক।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রংপুরের ১৫৮ রানের জবাবে বরিশালের পক্ষে ইনিংস সূচনা করেন চতুরাঙ্গা ডি সিলভা ও এনামুল হক বিজয়। রংপুরের পক্ষে প্রথম ওভার করার প্রস্তুতি নিচ্ছিলেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তখন স্ট্রাইকে যান বাঁহাতি ওপেনার চতুরাঙ্গা।
তবে চতুরাঙ্গাকে স্ট্রাইকে দেখে রকিবুলকে বদলে অফ স্পিনার শেখ মেহেদি হাসানকে বোলিংয়ে আনেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তা দেখে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন সাকিব। ডাগ আউটের সামনে তিনি কথা বলতে থাকেন চতুর্থ আম্পায়ারের সঙ্গে।
তখন হাতের ইশারায় উইকেটের দুই ব্যাটসম্যানকে কিছু একটা বলছিলেন তিনি। মাঠে দেখা যায় চতুরাঙ্গার বদলে স্ট্রাইক নিতে এগোচ্ছেন এনামুল। সেটি দেখে শেখ মেহেদির বদলে ফের রাকিবুলকেই বোলিং করাতে চায় রংপুর। এটি নিয়েই হয়তো বিবাদ বেধে যায়।
এক পর্যায়ে সাইড লাইন থেকে সরাসরি মাঠের ভেতরে ঢুকে পড়েন বরিশালের অধিনায়ক সাকিব। দুই আম্পায়ারের সঙ্গে উত্তেজিত ভঙ্গিতে বেশ লম্বা সময় কথা বলতে দেখা যায় তাকে। সাকিব মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় চতুরাঙ্গাই থাকেন স্ট্রাইকে। বোলিং করেন রাকিবুল।
এ ঘটনায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে মাঠে। নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় বরিশালের ইনিংস।
পরে আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের মাঠে ঢোকা নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন, তা দেখেই ঠিক হয় কোন ব্যাটসম্যানরা স্ট্রাইক নেবেন। এক্ষেত্রে শেখ মেহেদিকে বল করতে আসতে দেখে চতুরাঙ্গা ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না। এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’
তবে ক্রিকেটের নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন সময়ে কোনো ক্রিকেটার মাঠে ঢুকতে পারেন না। সাকিবের এমন হুট করে মাঠে ঢোকার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বরিশাল।
আগের ম্যাচেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান সাকিব। রেজাউর রহমান রাজার মাথার ওপর দিয়ে যাওয়া বাউন্সারে ওয়াইড না দিয়ে স্রেফ ‘ওয়ান বাউন্স’ দিয়েছিলেন লেগ আম্পায়ার। তখন সেটিকে ওয়াইড দাবি করে তেড়েফুঁড়ে আম্পায়ারের দিকে এগিয়ে যান বরিশালের তারকা অলরাউন্ডার।
এই ম্যাচে বিতর্ক শেষ হয়নি এখানেই। ইনিংসের চতুর্থ ওভারে সিকান্দার রাজার বলে এনামুল হকের বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় রংপুর রাইডার্স। বেশ কয়েকবার রিপ্লে দেখে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দিয়ে ‘আউট’ দিয়ে দেন টিভি আম্পায়ার।
সিদ্ধান্ত দেখে চটে যান এনামুল। বেশ ক্ষিপ্ত আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। একটু পর মাঠ ছাড়েন বটে। তবে মাঠ ছাড়ার সময় সীমানায় দড়ির বিজ্ঞাপনী টপলারে ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন তিনি।
টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অবশ্য সংশয়ের রেশ রয়েই যায়। বিপিএলের এডিআরএস-এ বল ট্র্যাকিং প্রযুক্তি নেই। কাজেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে টিভি আম্পায়ারকে শতভাগ নিশ্চিত হতে হবে। কিন্তু টিভি রিপ্লে দেখে মনে হয়েছে, ওই বল লেগ স্টাম্পে স্পর্শ করতে পারত বাইরেও যেতে পারত। অন্তত শতভাগ নিশ্চিত হওয়ার কোনো বাস্তবতাই ছিল না।
