২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নারের জায়গায় টেস্টে ওপেন করতে চান স্মিথ

টেস্ট ক্রিকেটে নতুন চ্যালেঞ্জে নিজেকে বাজিয়ে দেখতে আগ্রহী অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 04:13 PM

Updated : 05 Jan 2024, 04:13 PM

৫ জন প্রতিদ্বন্দ্বী আগে থেকেই তৈরি। তাদের নিয়ে আলোচনাও চলছে তুমুল। এবার সেই লড়াইয়ে যোগ হলেন শক্ত আরেকজন প্রতিযোগী। ডেভিড ওয়ার্নারের জায়গায় টেস্টে ওপেন করতে আগ্রহী স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট ওপেনার নিয়ে লড়াইটা তাতে জমে উঠল আরও। 

১০৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কখনোই ইনিংস শুরু করেননি স্মিথ। তবে এই ৩৪ বছর বয়সে এসে নিজেকে নতুন চ্যালেঞ্জে পরখ করতে চান তিনি। 

পাকিস্তানের বিপক্ষে চলতি সিডনি টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ওয়ার্নার। কিছুদিন আগে যখন তিনি বিদায়ের পরিকল্পনার কথা জানান, তখন থেকেই তার পরিবর্তিত ওপেনার নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন সময়ে টেস্ট ক্রিকেটে খেলা এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করা তিন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস ও ম্যাট রেনশকে ঘিরেই তখন ছিল মূল আলোচনা।

তবে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড পরে নতুন এক ভাবনার কথাও জানান। প্রথাগত ওপেনারদের জায়গায় মার্নাস লাবুশেনকে তিন নম্বর থেকে ওপেনিংয়ে তুলে আনা বা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি। 

এরপর থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটে বিতর্ক চলছে, প্রথাগত কোনো ওপেনারকে সুযোগ দেওয়া হবে নাকি বিকল্প পথ বেছে নেওয়া উচিত। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা তাদের মতামত জানিয়ে চলেছেন নানা মাধ্যমে। 

সেই আলোচনাই নতুন মোড় নেয় সম্প্রতি। গুঞ্জন ছড়িয়ে পড়ে, স্মিথও ওপেন করতে ইচ্ছুক। সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডে আলোচনায় সেটিই নিশ্চিত করলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

“সত্যি বলতে, খুশিমনেই ওপরে ব্যাট করতে রাজি আমি। তারা যদি এরকমই চায়, আমি তাহলে খুবই আগ্রহী। আমি নিশ্চিত, নির্বাচকরা, রন (কোচ ম্যাকডোনাল্ড) ও প্যাটি (অধিনায়ক প্যাট কামিন্স), ওরা সবাই এই ম্যাচ শেষে কথা বলবে এটা নিয়ে। তবে আমি নিশ্চিতভাবেই খুবই আগ্রহী।” 

স্মিথ সবচেয়ে ওপরে ব্যাট করেছেন তিন নম্বরে, যেখানে কখনও কখনও ইনিংসের শুরুর দিকেই নামতে হয়েছে তাকে। তার ব্যাটিং গড় সবচেয়ে ভালো এই পজিশনেই। তিন নম্বরে ১৭ টেস্ট খেলে ৮ সেঞ্চুরি তার, ব্যাটিং গড় ৬৭.০৭। চার নম্বরে ৬৭ টেস্টে সেঞ্চুরি তার ১৯টি, গড় ৬১.৪৬। পাঁচ নম্বরে ১৯ টেস্ট খেলে সেঞ্চুরি ৪টি, ব্যাটিং গড় ৫৭.১৮। 

স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করা স্মিথ এছাড়াও খেলেছেন ৬ নম্বর থেকে ৯ নম্বর পর্যন্ত সব পজিশনেই।

নতুন চ্যালেঞ্জ নেওয়ার পাশাপাশি তার ওপেন করতে চাওয়ার পেছনে আরেকটি তাড়না হতে পারে নিজের ছন্দ খুঁজে পাওয়াও। তার ক্যারিয়ার রেকর্ড এখনও অসাধারণ। তবে সাম্প্রতিক বছরগুলোয় ভাটার টান স্পষ্ট।

গত বছর ১৩ টেস্ট খেলে ৩ সেঞ্চুরিতে ৯২৯ রান করেছেন তিনি ৪২.২২ গড়ে। অনেক ব্যাটসম্যানের জন্যই এই পারফরম্যান্স খারাপ নয়। তবে স্মিথের মানের সঙ্গে তা মানানসই নয়। 

মূলত ২০১৯ অ্যাশেজে অসাধারণ এক সিরিজ কাটানোর পর থেকে তার সেই অপ্রতিরোধ্য চেহারা আর নেই। ওই সিরিজের পর ৬৮ টেস্টে তার সেঞ্চুরি ছিল ২৬টি, ব্যাটিং গড় ছিল ৬৪.৫৬। কিন্তু এরপর থেকে চলতি সিডনি টেস্ট পর্যন্ত পর্যন্ত ৩৭ টেস্টে তার সেঞ্চুরি ৬টি, ব্যাটিং গড় ৪৫.৩০।

শুধু পরিংখ্যানেই নয়, তার ব্যাটিংয়ের ধরনেও আগের সেই স্বাভাবিক ছন্দ বা সাবলিল চেহারা অনেক সময়ই দেখা যায়নি। 

১৫৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেও কখনও ওপেন করেননি স্মিথ। তবে গত বিগ ব্যাশে ওপেনিংয়ে চমকপ্রদ পারফরম্যান্সের পর সম্প্রতি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলেও ওপেন করতে শুরু করেছেন তিনি। 

ওয়ার্নারের সমান ৩৭ বছর বয়স হলেও উসমান খাওয়াজা এখনও শেষের ঘোষণা দেননি। আপাতত তাই দুজন ওপেনার প্রয়োজন হচ্ছে না অস্ট্রেলিয়ার।