হেরে যাওয়ার ভালো দিকও দেখছেন পান্ডিয়া
ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে যাওয়ার পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক বলছেন, কখনও কখনও হেরে যাওয়া খারাপ নয়।
২-০ থেকে ২-২ করেও শেষ রক্ষা হলো না ভারতের। শেষ ম্যাচে তাদেরকে উড়িয়ে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। তবে হেরে গেলেও বেশ ইতিবাচক হার্দিক পান্ডিয়া। অন্তত তার কথায় ফুটে উঠল তেমনটিই। এই সিরিজ ছাপিয়ে ভারতের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক তাকাচ্ছেন বৃহত্তর ছবিটায়। এই পরাজয়কে তাই খুব খারাপ কিছু মনে হচ্ছে না তার কাছে। কারণ, হার থেকে শেখার আছে অনেক কিছু!
পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটিতে রোববার ফ্লোরিডায় ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিনিদাদ ও গায়ানায় প্রথম দুই ম্যাচে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে গায়ানায় ও ফ্লোরিডায় টানা দুই ম্যাচ জিতে সমতায় ফেরে ভারত। তবে শেষ হাসি ক্যারিবিয়ানদেরই। কোনো দ্বিপাক্ষিক সিরিজে এই প্রথমবার তিন ম্যাচ হারার তেতো স্বাদ পায় ভারত।
ম্যাচের পর পান্ডিয়া বললেন, সিরিজ হারলেও অনেক কিছু শিখেছেন তারা। সতীর্থ সবার মানসিকতার প্রশংসাও করলেন এই অলরাউন্ডার।
“টি-টোয়েন্টিতে কী করতে হবে, এটা অনুধাবন করার জন্য যথেষ্ট সময় আমাদের হাতে আছে। কখনও কখনও হেরে যাওয়া ভালো, কারণ এতে অনেক কিছু শেখা যায়। অবশ্যই আমাদের ভুলগুলো এতে ঢাকা পড়ছে না, তবে ইতিবাচক দিকটা ভাবলে, দল হিসেবে আমরা অনেক কিছু শিখেছি।”
“ছেলেদের সবার কথা আলাদা করে উল্লেখ করতেই হবে। সত্যি বলতে, তারা দারুণ নিবেদিত ছিল। আমরা যখন ২-০তে পিছিয়ে ছিলাম, তারা নিজেরাই চ্যালেঞ্জটা নিয়েছে এবং মানসিকতার ছাপ রাখতে পেরেছে। সিরিজজুড়েই এটা পেরেছে ওরা। আজকের ম্যাচটি হয়তো একতরফা মনে হচ্ছে। কিন্তু এরপরও ওরা মুখের হাসি ধরে রেখেছে এবং চেষ্টা করেছে। জয়-হার তো প্রক্রিয়ারই অংশ। শেখার দিকেও মনোযোগ দিতে হবে আমাদের।”
আগের ম্যাচেই এই মাঠে ১৭৮ রান তাড়ায় উড়ন্ত জয় পেয়েছিল ভারত। কিন্তু শেষ ম্যাচে টস জিতেও আগে ব্যাটিং নেন পান্ডিয়া। এবার ভারতের ১৬৫ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতে যায় ১২ বল বাকি রেখেই।
টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। পান্ডিয়া বললেন, আগামী বছরের বিশ্বকাপে তাকিয়ে তারা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের পরখ করে নিচ্ছেন বলেই আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জটা নিয়েছেন।
“আমি মনে করি, দল হিসেবে আমাদের চ্যালেঞ্জ জানাতে হবে নিজেদেরই। এই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলি থেকেই আমাদের শিখতে হবে। দল হিসেবে এটা আমরা আলোচনা করেছি যে, যে ব্যাপারগুলি কঠিন, আমরা সেসবই চেষ্টা করে দেখব এবং নিশ্চিত করব যেন, সেসবে ভালো হতে পারি।”
“একটা-দুটি সিরিজ এখানে-সেখানে হতেই পারে (হার)… এটা একটা লম্বা প্রক্রিয়া। আমার মনে হয় না, সেটির খুব বেশি ব্যাখ্যা জরুরি। তবে সব মিলিয়ে ছেলেরা এই প্রক্রিয়ায় দারুণ নিবেদিত, এটাই রোমাঞ্চকর।”
দলের হারের পাশাপাশি পান্ডিয়ার নিজের পারফরম্যান্সও ভালো ছিল না এই সিরিজে। চার ইনিংসে ব্যাট করে ২৫ ছুঁতে পারেননি একবারও। শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে গিয়ে অনেকটা সময় নিলেও পরে আউট হয়ে যান ১৮ বলে ১৪ রান করে। প্রথম ১০ ওভারে ৮৬ রান তোলা ভারত পরের ১০ ওভারে সেভাবে ঝড় তুলতে পারেনি।
সেই দায় অবশ্য নিজের কাঁধে নিচ্ছেন পান্ডিয়া।
“যদি খেয়াল করে দেখেন, আমি ক্রিজে যাওয়ার পর ওই ১০ ওভারে আমরা পথ হারিয়ে ফেলি। আমার মনে হয়, পরিস্থিতির দাবি মেটাতে পারিনি আমি। ক্রিজে গিয়ে সময় নিয়েছি, কিন্তু কাজটা শেষ করতে পারিনি। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু আমি যখন ক্রিজে যাই, এরপর যেভাবে খেলা উচিত ছিল, তা করতে পারিনি।”
