২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের মাঠের রোমাঞ্চ নিয়ে ভালো কিছুর অপেক্ষায় রংপুর অধিনায়ক সোহান

বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এবার প্রস্তুতি চালিয়ে যাবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে নিজেদের মাঠে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 04:05 PM

Updated : 01 Jan 2023, 04:05 PM

বিপিএলের যা বাস্তবতা, তাতে নিজস্ব মাঠে অনুশীলন করা ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য কল্পনাতীত কিছু। তবে রংপুর রাইডার্সের জন্য এটিই এখন বাস্তব। নতুন বছরের প্রথম দিন থেকে তারা অনুশীলন শুরু করেছে নিজেদের মাঠে। যেখানে গাদাগাদি ভীড় নেই, আরেকপাশ থেকে বল উড়ে আসার ভয় নেই, ঘড়ির কাটা ধরে অনুশীলন শুরু আর শেষ করার তাড়া নেই। প্রস্তুতিতে এবার তাই কোনো ঘাটতি থাকবে না বলেই আশা রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের।

এমনিতে বিপিএল দলগুলির অনুশীলন মানেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একাডেমি মাঠ রূপ নেয় বারোয়ারি মেলার। একসঙ্গে দুই দলের নেট সেশন চলে, আরও দুই দল হয়তো তখন গা গরম আর স্ট্রেচিং সেরে নেয়। কোনো দলের হয়তো আবার চলে ফিল্ডিং সেশন। হয়তো নেট ধেকে ব্যাটসম্যানের শটে বল উড়ে আসে এক পাশ থেকে, আরেক পাশ থেকে ছুটে আসে ফিল্ডিং অনুশীলনের বল। সবাইকে সবসময় থাকতে হয় সতর্ক।

এর মধ্যেই আবার টিম মিটিং, পরস্পর দেখা আর কুশালরদি বিনিময়, হালকা নাশতা সেরে নেওয়া, কিট ব্যাগ টানাটানি, সব চলতে থাকে। সব মিলিয়ে ওই ছোট আঙিনায় থাকে গাদাগাদি ভীড়। দলগুলির অনুশীলনের সময় বেঁধে দেওয়া থাকে। কিন্তু রংপুর রাইডার্স এবার সেই ঝামেলা থেকে মুক্ত।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন বসুন্ধরা গ্রুপের দাপুটে অবস্থান প্রতিষ্ঠিত হয়েই গেছে। সুবিশাল এক ক্রীড়া কমপ্লেক্স আছে তাদের। বিপিএল ফুটবলে তারা ঘরের ম্যাচগুলি খেলে নিজেদের মাঠে। এবার বিপিএল ক্রিকেটেও নিজেদের মাঠে অনুশীলন শুরু করল তাদেরই ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

প্রথম দিনের অনুশীলন শেষে দলটির এবারের অধিনায়ক সোহান বললেন, এই সুযোগটা তারা কাজে লাগাতে চান।

“আমরা অনেক বেশি রোমাঞ্চিত। এমনিতে আমরা যখন বিপিএলের সময় অনুশীলন করি, একটা স্লট থাকে দুই-তিন ঘণ্টা। চাইলেও এর বেশি অনুশীলন অনেকে করতে পারে না। এখানে নিজেদের মাঠ হওয়ায় সকাল থেকে শুরু করেছি, সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। যে যার মতো প্রস্তুতি নিতে পারছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৪৬টি ম্যাচ সোহান খেলে ফেলেছেন এর মধ্যে। এই সংস্করণে তাকে এখন অভিজ্ঞ ক্রিকেটারই বলা যায়। ৫টি টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্বও দিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তার নেতৃত্বে জাতীয় লিগের শিরোপা জিতেছে খুলনা, ঢাকা প্রিমিয়ার লিগেও নেতৃত্বের অভিজ্ঞতা তার অনেক আছে। এবার বিপিএলে শুরু থেকেই রংপুরের নেতৃত্বের গুরু ভার তার ওপর।

বরাবরই দল অন্তপ্রাণ সোহান নিজের দায়িত্বের রোমাঞ্চ কিংবা সামনে থেকে নেতৃত্ব দেওার তাড়নার চেয়ে বেশি ভাবছেন দল হিসেবে নিজেদের মেলে ধরা নিয়ে।

“অবশ্যই ভালো লাগছে (নেতৃত্ব পেয়ে)। কিন্তু আমার কাছে মনে হয়, দল হিসেবে ভালো করা গুরুত্বপূর্ণ। বছরের প্রথমদিন আমরা একসঙ্গে সবাই অনুশীলন করার সুযোগ পেয়েছি। এটা যেহেতু নিজেদের মাঠ, সবাই অনেক রোমাঞ্চিত টুর্নামেন্ট। অবশ্যই ভালো কিছু আশা করছি।”

“আমাদের দলটা বেশ তারুণ্যে ভরা ও ভারসাম্যপূর্ণ। সবাই যদি নিজেদের জায়গা থেকে ভালো কিছু করতে পারে, অবশ্যই ভালো কিছু আশা করব। আমার মনে হয় এটা ভালো একটা প্ল্যাটফর্ম। সবাই যারা আছে, তাদের জন্য বড় সুযোগ। আমরা যদি সবাই সেরাটা দিতে পারি, ভালো কিছু হবে।”

টানা তিন দিন এই মাঠে অনুশীলন করে বুধবার এই মাঠে সোহানরা প্রস্তুতি ম্যাচ খেলবেন বিপিএলের আরেক দল খুলনা টাইগার্সের সঙ্গে।

এবারের বিপিএলের শুরুর দিনেই শুক্রবার দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে খেলবে রংপুর রাইডার্স।