টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্ব মনে করিয়ে দিলেন হাথুরুসিংহে
অন্যান্য সংস্করণ যত জনপ্রিয়ই হোক, টেস্ট খেলার মতো গর্ব আর কিছুতে নেই বলেই মনে করেন বাংলাদেশের প্রধান কোচ।
প্রশ্নটি হতেই ভ্রু পাকিয়ে চোখেমুখে বিস্ময় ফুটিয়ে তুললেন চান্দিকা হাথুরুসিংহে। এরপর মুচকি হেসে তার পাল্টা প্রশ্ন, “তারা দেশের হয়ে খেলছে, তাই না?” তাকে করা প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক ও এই সময়ে নানাভাবে প্রবল উচ্চারিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় যে ম্যাচ, কোনো টেস্ট সিরিজও নয়, স্রেফ একটি টেস্ট ম্যাচের লড়াই আসলে কতটা যৌক্তিক? জবাবে বাংলাদেশ কোচ বোঝাতে চাইলেন যেন ক্রিকেটের চিরন্তন বাস্তবতা, নতুন রং-রূপ নিয়ে যতই চকমকে কিছুর আবির্ভাব হোক, আদি স্বাদ, আবেদন আর গৌরব নিয়ে টেস্ট ক্রিকেটই থেকে যাবে সবকিছুর ওপরে।
টি-টোয়েন্টি ক্রিকেটের তুমুল জনপ্রিয়তা, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রবল দাপটের এই যুগে টেস্ট ক্রিকেটের প্রাসঙ্গিকতার প্রশ্ন ওঠে প্রায়ই। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর তবু ভিন্ন একটি আবেদন যোগ হয়েছে অভিজাত এই সংস্করণে। কিন্তু এটির আওতার বাইরের সিরিজগুলোর গুরুত্ব সংশয়বিদ্ধ হচ্ছে প্রায়ই।
বাংলাদেশ-আফগানিস্তানের মিরপুর টেস্ট ঘিরে তো প্রশ্নের অবকাশ আছে আরও বেশি। কোনো সিরিজও নয়, স্রেফ এই একটি টেস্ট ম্যাচের মাহাত্ম্য কোথায়!
ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে অবশ্য এই প্রশ্ন শুনেই অবাক।
“তারা দেশের হয়ে খেলছে, তাই না? টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান। এটা তো কয় বছর হলো চালু হয়েছে.. দুই-তিন বা চার বছর আগে। এর আগে তো দেশের হয়ে টেস্ট খেলাই ছিল আসল। আমরা যখন খেলা শুরু করেছিলাম, ৯-১০-১১ বছর বয়সে, তখন এই স্বপ্নই তো দেখতাম।”
এই ম্যাচে ক্রিকেটারদের অনুপ্রেরণার রসদের কোনো অভাব আছে বলেও তিনি মনে করেন না। কোচিং স্টাফদের জন্যও ক্রিকেটারদের বাড়তি প্রেরণা জোগানোর মতো কিছু দেখেন না বাংলাদেশের প্রধান কোচ।
“আমার ভাবনায়… আমি মনে করি, ক্রিকেটারদেরও ভাবনায়, দেশের হয়ে টেস্ট খেলাটাই যথেষ্ট প্রেরণার। আমি এভাবেই দেখি ব্যাপারটা। দেশের হয়ে, টাইগারদের হ্যাট মাথায় পরে যে কোনো ম্যাচ খেলাটাই সম্মানের। এর চেয়ে বেশি কিছু আমরা ভাবি না।”
“দেশের হয়ে টেস্ট খেলার জন্য আমার মনে হয় কাউকে অনুপ্রাণিত করার কিছু নেই। যদি কারও কোনো সমস্যা থাকে, তাহলে আমার মনে হয়, সে ভুল জায়গায় আছে…।”
আফগানিস্তান অবশ্য খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। টেস্ট মর্যাদা পাওয়ার ৬ বছরে তারা স্রেফ ৬টি টেস্ট খেলতে পেরেছে। তাদের কাছে এই সংস্করণে প্রতিটি ম্যাচই মহামূল্য। বাংলাদেশও অনেক দেশের তুলনায় টেস্ট কম খেলার সুযোগ পায়। তারপরও এই সিরিজে পূর্ব নির্ধারিত সূচিতে থাকা দুই টেস্ট থেকে একটি কমানো হয়েছে দুই দেশের বোর্ডের সমঝোতায়।
প্রতিষ্ঠিত শক্তির ও ঐতিহ্যবাহী ক্রিকেট খেলুড়ে দেশগুলোতেও এখন টেস্ট ক্রিকেটের আবেদন নিয়ে নানা প্রশ্ন উঠছে। অ্যাশেজ, বোর্ডার-গাভাস্কার ট্রফি, পতৌদি ট্রফির মতো আর কিছু লড়াই ছাড়া অন্য অনেক টেস্ট সিরিজের অস্তিত্ব ক্রমেই সঙ্কটে পড়ছে বলে মনে করেন অনেকে।
তবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ও শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয়-শঙ্কা নেই হাথুরুসিংহের। নব্বইয়ের দশকে শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট খেলা এই অলরাউন্ডারের মতে, ক্রিকেটারদের কাছে টেস্ট ক্রিকেট চূড়ায় রয়েই যাবে।
“সব মিলিয়ে যদি আমার মতামত চান, টেস্ট ক্রিকেটই খেলাটির মধ্যে সবার ওপরে। অন্য কোনো সংস্করণ ভবিষ্যতে যত জনপ্রিয়ই হোক না কেন, ক্রিকেটার হিসেবে সবাই জানে, তার স্কিলের পরীক্ষা হয়েছে টেস্ট ক্রিকেটে। ব্যাটসম্যান-বোলার-ফিল্ডার হিসেবে স্কিলের পরীক্ষা, মানসিকতার পরীক্ষা, দৃঢ়তা, সবকিছুর পরীক্ষা হয় এখানে। দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব সত্যিই পেতে চাইলে যে কোনো ক্রিকেটারের কাছে টেস্টের চেয়ে ভালো সংস্করণ নেই।”
