২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুরিয়াকুমারের বিধ্বংসী সেঞ্চুরি আর কুলদিপের ৫ উইকেটে বিধ্বস্ত প্রোটিয়ারা

তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানে হারিয়ে সমতায় সিরিজ শেষ করল ভারত।

সুরিয়াকুমারের বিধ্বংসী সেঞ্চুরি আর কুলদিপের ৫ উইকেটে বিধ্বস্ত প্রোটিয়ারা

সুরিয়াকুমার ইয়াদাভের চার টি-টোয়েন্টি সেঞ্চুরি হলো ভিন্ন চার দেশে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 12:49 AM

Updated : 15 Dec 2023, 01:14 AM

আগের ম্যাচ যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন সুরিয়াকুমার ইয়াদাভ। খুনে ব্যাটিংয়ে উপহার দিলেন রেকর্ড গড়া শতক। সঙ্গে ইয়াশাসবি জয়সওয়ালের ঝড়ো ফিফটিতে দুইশ ছাড়ানো পুঁজি পেল ভারত। কুলদিপ ইয়াদাভের স্পিনে দক্ষিণ আফ্রিকা থমকে গেল একশর আগেই।

তৃতীয় টি-টোয়েন্টিতে ১০৬ রানে জিতল ভারত। তিন ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টি জিতেছিল স্বাগতিকরা।

এই সংস্করণে রানের হিসাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এটি। ২০২২ সালে রাজকোটে ৮২ রানে জয় ছিল তাদের আগের রেকর্ড।

জোহানেসবার্গে বৃহস্পতিবার ৭ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় ভারত। দক্ষিণ আফ্রিকা ১৩.৫ ওভারে গুটিয়ে যায় স্রেফ ৯৫ রানে।

দ্বিতীয় ম্যাচে ৩৬ বলে ৫৬ রানের পর এবার ৫৬ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুরিয়াকুমার। ৭ চার ও ৮ ছক্কায় গড়া ইনিংসে ম্যাচের সেরাও ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।

এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে রোহিত শার্মা ও গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন সুরিয়াকুমার, তিন জনেরই ৪টি করে।

সুরিয়াকুমারের চার সেঞ্চুরির তিনটি চার নম্বরে ব্যাটিংয়ে নেমে, তিনে নেমে একটি। তিন বা এর নিচে নেমে তার চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারও। ম্যাক্সওয়েলের আছে তিনটি।

সুরিয়াকুমারের চার সেঞ্চুরি হলো ভিন্ন চার দেশে- ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, ভারতের পর এবার দক্ষিণ আফ্রিকায়।

ওপেনার জয়সওয়াল এ দিন ৪১ বলে করেন ৬০ রান। যেখানে ৬টি চারের পাশে ছক্কা ৩টি। ভারতের আর কেউ উল্লেখ করার মতো কিছু করতে পারেননি।

বল হাতে নায়ক কুলদিপ। জন্মদিনে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৭ বলে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন বাঁহাতি রিস্ট স্পিনার।

Image

জন্মদিনে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৭ বলে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন কুলদিপ ইয়াদাভ।

এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। ২০১৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ২৪ রানে।

দা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে ২৯ রান তুলে ফেলে ভারত। এরপর খায় জোড়া ধাক্কা। ওই স্কোরেই পরপর দুই বলে শুবমান গিল ও তিলাক ভার্মাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কেশব মহারাজ।

হ্যাটট্রিক বল ঠেকিয়ে সুরিয়াকুমারের পথচলা শুরু। লিজাড উইলিয়ামসকে স্কয়ার লেগ দিয়ে ছক্কায় উড়িয়ে ডানা মেলে দেন তিনি। অন্য প্রান্তে জয়সওয়ালও অব্যাহত রাখেন আগ্রাসী ব্যাটিং। তরুণ ওপেনার ফিফটি পূর্ণ করেন ৩৪ বলে।

পরের ওভারে আন্দিলে ফেলুকোয়াইয়োর টানা চার বলে একটি চার ও তিনটি ছক্কার পথে সুরিয়াকুমার পঞ্চাশ স্পর্শ করেন ৩২ বলে। জয়সওয়ালকে ফিরিয়ে ৭০ বলে ১১২ রানের বিস্ফোরক জুটি ভাঙেন বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি।

আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা রিঙ্কু সিং এ দিন থামেন একটি ছক্কায় ১৪ রানে। শেষ ওভারে ৯৮ থেকে উইলিয়ামসের বলে ডাবল নিয়ে ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সুরিয়াকুমার। পরের বলে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।

বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। সপ্তম ওভারে ৪২ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে লড়াই থেকে দূরে সরে যায় তারা।

পঞ্চম উইকেটে ডোনোভান ফেরেইরার সঙ্গে ইনিংসের সেরা ৩৩ রানের জুটি গড়েন ডেভিড মিলার। এই জুটি ভাঙার পর আবার শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

মিলারের ২৫ বলে ৩৫ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই কমে শুধু দক্ষিণ আফ্রিকার। বাঁহাতি এই ব্যাটসম্যানকে বোল্ড করে পাঁচ উইকেট পূর্ণ করার পাশাপাশি ইনিংস গুটিয়ে দেন কুলদিপ। স্বাগতিকদের শেষ ৬ উইকেটের ৫টি তার শিকার। উইকেটগুলো তিনি নেন স্রেফ ১২ বলের মধ্যে!

একই মাঠে আগামী রোববার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সীমিত ওভারের সিরিজের পর আছে দুটি টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২০১/৭ (জয়সওয়াল ৬০, গিল ৮, তিলাক ০, সুরিয়াকুমার ১০০, রিঙ্কু ১৪, জিতেশ ৪, জাদেজা ৪, আর্শদিপ ০* সিরাজ ২*; বার্গার ৪-০-৩৯-১, মার্করাম ১-০-১৫-০, মহারাজ ৪-০-২৬-২, উইলিয়ামস ৪-০-৪৬-২, ফেলুকোয়াইয়ো ৩-০-৩৩-০, শামসি ৪-০-৩৮-১)

দক্ষিণ আফ্রিকা: ১৩.৫ ওভারে ৯৫ (হেনড্রিকস ৮, ব্রিটজকি ৪, মার্করাম ২৫, ক্লসেন ৫, মিলার ৩৫, ফেরেইরা ১২, ফেলুকোয়াইয়ো ০, মহারাজ ১, বার্গার ১, উইলিয়ামস ০, শামসি ১*; সিরাজ ৩-১-১৩-০, মুকেশ ২-০-২১-১, আর্শদিপ ২-০-১৩-১, জাদেজা ৩-০-২৫-২, তিলাক ১-০-৪-০, কুলদিপ ২.৫-০-১৭-৫)

ফল: ভারত ১০৬ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতায় শেষ

ম্যান অব দা ম্যাচ: সুরিয়াকুমার ইয়াদাভ

ম্যান অব দা সিরিজ: সুরিয়াকুমার ইয়াদাভ