৩০০ রান করতে পারতাম: কিষান
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েও ইশান কিশানের আক্ষেপ প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রান করতে না পারায়।
প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন ইশান কিষান। রোহিত শর্মার চোটে শেষ ম্যাচে সুযোগ পেয়ে খেললেন ২১০ রানের রেকর্ড গড়া ইনিংস। একগাদা রেকর্ডে প্রাপ্তিতে টইটম্বুর ইনিংস। তার পরও ভারতীয় এই ব্যাটসম্যানের একটু আক্ষেপ, ট্রিপল সেঞ্চুরি তো করা হলো না!
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলার-ফিল্ডারদের দর্শক বানিয়ে ১৩১ বলে ২৪ চার ও ১০ ছয়ে ২১০ রান করেন কিষান।
ক্যারিয়ারের দশম ওয়ানডে খেলতে নেমে সেঞ্চুরি করতে ৮৫ বল খেলেন বাঁহাতি এ ওপেনার। পরের একশ রান করেন স্রেফ ৪১ বলে। শচিন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ ও রোহিত শর্মার পর ভারত পায় ওয়ানডের আরও একজন ডাবল সেঞ্চুরিয়ান।
সেঞ্চুরি থেকে যখন বুলেটের গতিতে ডাবল সেঞ্চুরি করে ফেলেন, তাকে মনে হচ্ছিল অপ্রতিরোধ্য। এক পর্যায়ে রোহিত শর্মার ২৬৪ রানের বিশ্ব রেকর্ড ভেঙে দেওয়াও অস্বাভাবিক মনে হচ্ছিল না। তার ডাবল সেঞ্চুরি হয়ে যায় তো ৩৬তম ওভারেই!
শেষ পর্যন্ত তাসকিন আহমেদের বলে লিটন দাসের দারুণ ক্যাচে যখন তিনি আউট হন, তখনও বাকি ছিল ইনিংসের ৮৫ বল।
ম্যাচের মাঝরিতিতে তিনি মুখোমুখি হন ব্রডকাস্টারদের। নিজ দেশের গ্রেটদের সঙ্গে ওয়ানডে ডাবল সেঞ্চুরিতে ক্রিস গেইল, মার্টিন গাপটিল ও ফখর জামানের পাশে নিজের নাম লেখাতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা যেমন বলেন তিনি, তেমনি তুলে ধরেন আরও বড় অর্জনের দখা না পাওয়ার আফসোসও।
“কিংবদন্তিদের সঙ্গে আমার নাম শুনতে পেরে ভালো লাগছে। আমার এখনও মনে হচ্ছে, যখন আউট হলাম ১৫ ওভার বাকি ছিল। হয়তো ৩০০ রানও করতে পারতাম।”
পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিষান আরও ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা তার যথেষ্টই ছিল।
"আমি আউট হওয়ার সময় ১৫ ওভার বাকি ছিল। মানে ৯০ বল। এর মধ্যে ৪৫ বল খেললেও সহজেই আরও একশ রান করা যেত, কারণ তখন থিতু ছিলাম। বোলাররা ছিল প্রচণ্ড চাপে। ৩০০ রানের জোনেই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি।"
বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভার একটু দেখে খেলেন কিষান। তৃতীয় ওভারেই মারেন জোড়া বাউন্ডারি। তাসকিন আহমেদের পরের ওভার অবশ্য মেডেন খেলেন তিনি। এরপর আর পেছনে তাকাননি।
উইকেটের চারদিকে বাহারি শটে স্বাগতিকদের হতাশায় ডোবান ২৪ বছর বয়সী এ ওপেনার। এই সাফল্যের পেছনে তিনি বললেন ভাবনার স্বচ্ছতার কথা।
“ব্যাটিংয়ের জন্য উইকেট খুব ভালো ছিল। আমার পরিকল্পনা খুব পরিষ্কার ছিল, নাগালের মধ্যে (বল) পেলে আমি অবশ্যই মেরে দেব।”
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পথে ৭৬ বলে ৯০ করে ফেলেন কিষান। সেখান থেকে পরের ৮ বলে করেন ৭ রান। সেঞ্চুরি জন্য তাড়াহুড়ো না করে শান্ত থাকার পেছনে বিরাট কোহলির ভূমিকার কথা জানিয়েছেন ইশান।
স্রেফ ১৫ রানে শিখর ধাওয়ানের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ২৯০ রান যোগ করেন ইশান ও কোহলি। বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটি এটি। ভারতের হয়ে যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ।
“বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাটিংয়ের ব্যাপারে বলব, খেলাটি নিয়ে তার বোধ অনেক গভীর। যখন নব্বইয়ের ঘরে গেলাম, তিনি আমাকে শান্ত রাখেন। যখন ৯৫ রানে ছিলাম, তখন ছক্কা মারতে চাচ্ছিলাম। তিনি আমাকে বোঝান, যেহেতু এটি আমার প্রথম সেঞ্চুরি, তাই এক রান নিয়ে আগালে ভালো হবে।”
