সাকিবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মাশরাফি বললেন, ‘হ-য-ব-র-ল বিপিএল’
বিপিএল আরও গোছালোভাবে করতে না পারার পেছনে বিভিন্ন সীমাবদ্ধতার কথাও বলেছেন মাশরাফি বিন মুর্তজা।
‘দয়া করে আমাদের ম্যাচ নিয়ে কথা হোক’- মাশরাফি বিন মুর্তজার পাশে দাঁড়িয়ে বলছিলেন সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার। তার এই কথা বলার কারণও যথেষ্ট। বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশরাফিকে মাঠের খেলার চেয়ে বেশি কথা বলতে হলো টুর্নামেন্টের নানান অসঙ্গতি নিয়ে।
বিপিএলের মাঠে খেলা শুরুর আগে সাকিব আল হাসানের করা বিস্ফোরক মন্তব্য নিয়ে দেশের ক্রিকেটে চলছে তুমুল আলোচনা। বৃহস্পতিবার টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার অনুষ্ঠানে বিসিবি প্রধান নির্বাহী ও বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য নিজামউদ্দিন চৌধুরী এই বিষয়ে তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি অসহায় কণ্ঠে বারবার বলেছেন সীমাবদ্ধতার কথা।
মাশরাফিও এনেছেন সীমাবদ্ধতার প্রসঙ্গ। তবে সাকিবের সুরে সুর মিলিয়ে টুর্নামেন্টের সফলতম অধিনায়ক বলেছেন, বিপিএলের ‘হ-য-ব-র-ল’ অবস্থাতেই আছে।
টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম নিজেদের আলাদা মাঠে অনুশীলন করছে রংপুর রাইডার্স। এর বাইরে মিরপুরের একাডেমি মাঠে রুটিন করে দুই ঘণ্টা ব্যাট-বলের স্কিল ঝালাই করে নিতে হচ্ছে বাকি ছয় দলকে।
এর মধ্যে আবার অনুশীলন শুরুর প্রথম দুই দিন ছিল জার্সি বিভ্রাট। সব দলের আলাদা প্র্যাকটিস কিট না থাকায় একাডেমি মাঠে চোখ রেখে বোঝার উপায় ছিল না কোন দল কখন অনুশীলন করছে।
সব কিছু মিলিয়েই বুধবার সাকিব বলেছিলেন, এখন আর বিশ্ব কাতারে কোনো ক্রমের মধ্যেই পড়ে না বিপিএল। বৃহস্পতিবার সিলেটের অনুশীলনের ফাঁকে মাশরাফি জানান, বাঁহাতি অলরাউন্ডারের অভিমতের সঙ্গে তিনি একমত।
“(বিপিএলের) পরিবেশ দেখলে আপনার তা-ই মনে হবে। কারণ এক মাঠে কতগুলি দল অনুশীলন করছে। রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে। এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে।”
“খালি চোখে যে কেউ এসে দেখে যে, একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হ–য–ব–র–ল ব্যাপার, এটা যে কেউ বলতে পারে। আবার দিন শেষে খেলার মাঠে খেলা কিন্তু খেলার মতোই হয়। একটা টুর্নামেন্টের সৌন্দর্য আছে, শুরুর দিকে একটা হাইপ তোলার ব্যাপার আছে, এ জিনিসটা হয় তো আমরা শুরু থেকেই পারিনি, এটি সত্য।”
ক্রিকেট বোর্ড ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে আলোচনার মাধ্যমে লাভের উপায় বের করার দিকে জোর দিয়েছেন মাশরাফি। লভ্যাংশ ভাগাভাগির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর তাগিদ দিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
“বাংলাদেশের চ্যালেঞ্জ আরেকটা জায়গায় আছে। সেটা হচ্ছে স্পন্সরশিপ ও মালিকানা। এই জায়গায় বিশাল শূন্যস্থান থেকে যায়। আরেকটা জিনিস, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর বোর্ড থেকে পাওয়া সুবিধা। লভ্যাংশ ভাগাভাগির একটা সমঝোতা হয়। (বিপিএলে) এটি যেহেতু হয় না, তখন ফ্র্যাঞ্চাইজিদের জন্য চ্যালেঞ্জ থাকে স্পন্সরশিপ থেকে সে অর্থ বের করে আনার। এখানে একটা শূন্যস্থান থেকেই যায়।”
“আরেকটু গোছালোভাবে করতে পারলে ভালো হয়। কিন্তু সত্যি বলতে, বাংলাদেশে ওই পরিমাণ বাজার মূল্যও নেই। এই ধরনের টুর্নামেন্টের জন্য যে পরিমাণ বাজার মূল্য থাকার প্রয়োজন, সেটিও নেই। আমার কাছে মনে হয় যে, এক পর্যায়ে (ফ্র্যাঞ্চাইজিরা) জোর করে আসে বা আনা হয়। বাজার মূল্য থাকলে হয়তো সাগ্রহে আসার ব্যাপার থাকত। আইপিএলে গ্যালারির টাকায় হোম ফিফটি-ফিফটি করে। এরকম অনেক কিছু বিষয় আছে। এগুলো করলে হয় তো আরেকটু জমজমাট হতো। কিন্তু এই টুর্নামেন্টটা গুরুত্বপূর্ণ।”
এত এত সমস্যার সমাধান স্রেফ একটিই মনে করেন মাশরাফি। তার মতে, এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই।
“একটা দল যখন জানে যে, আমি এই দলটার মালিক, আমি পরবর্তী ১০ বছর বা ৭ বছর এটার মালিক, তখন সে দুই বছর লস করতে পারে। ঠিক আছে, আমি আমার দলকে নিয়ে কাজ করব, মার্কেটে প্রমোট করব গোছানোভাবে। এরপর কিন্তু লাভের খাতায় চলে যাবে। এটা তো ফ্র্যাঞ্চাইজিদের জন্য ব্যবসা। এতে যদি আপনি লাভ না করেন ঠিক আছে, লস হয়ে গেলে তো সমস্যা। ফ্র্যাঞ্চাইজিরা এজন্য দীর্ঘ সময় থাকতে পারছে না।”
“যদি এটি গোছানোভাবে আয়োজন করা হয়, যেটা সাকিব বলেছে, আমার কাছেও মনে হয়, অন্তত ৭, ৫ বা ১০ বছর যেটার যে মালিক, তাদের সঙ্গে টিম করা। নির্দিষ্ট তারিখে (টুর্নামেন্ট আয়োজন) করা। তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে, এগুলোই কিন্তু বড় আকার ধারণ করে। এগুলো যদি ঠিক করে, তাহলে তো পরিবর্তন হবেই। পরিবর্তন না হওয়ার তো কোনো কারণ নেই।”
