২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ছন্দ আর আনন্দের খোঁজে জয়

বছরের শুরুতে দুটি টেস্টে দারুণ পারফর্ম করা তরুণ ব্যাটসম্যান এখন নিজেকে হারিয়ে খুঁজছেন।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 07:08 PM

Updated : 12 Dec 2022, 09:23 PM

আর্ম থ্রোয়ারে বল ছুড়লেন জেমি সিডন্স। মাহমুদুল হাসান জয় শট না খেলে ছেড়ে দিলেন। স্টাম্পে বাতাস লাগিয়ে চলে গেল বল। বাংলাদেশের ব্যাটিং কোচ ভ্রু কুঁচকে বললেন, “শট না খেলাও খুব ভালো শট, কিন্তু নিশ্চিত বুঝতে হবে, কোন বলটা ছাড়ার উপযুক্ত!” পরের বলটি এলো প্রায় একই লাইন-লেংথে। এবার লম্বা পা বাড়িয়ে ছেড়ে দিলেন জয়। সিডন্স দেখালেন ‘থামস আপ।’ একটু পর ফুল লেংথ এক বল পেয়ে দারুণ এক কাভার ড্রাইভ খেললেন জয়। পায়ের কাজ, মাথার অবস্থান, ব্যাটের ফলো থ্রু, সব প্রায় নিখুঁত। এবার দারুণ খুশি সিডন্স, “ইয়েস, দ্যাটস ইট… এটাই তোমার খেলা।”

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সোমবার দুপুরে তখনও শুরু হয়নি বাংলাদেশ দলের অনুশীলন। তবে দলের আনুষ্ঠানিক সেশনের আগে নিজের মতো করে বাড়তি অনুশীলন করছিলেন বেশ কজন। পাশাপাশি তিনটি নেটের একটিতে তখন ব্যাট করছিলেন মুশফিকুর রহিম, আরেকটিতে জাকির হাসান। কিন্তু ব্যাটিং কোচ সিডন্সকে প্রায় পুরো সময় দেখা গেল আরেক নেটে জয়ের সঙ্গে কাজ করতে।

ভারতীয় বোলিং সামলানোর প্রস্তুতির জন্য এ দিন নেট বোলারদের মধ্যেও দেখা গেল ‘তারকা।’ বাংলাদেশ টাইগার্সের একটি ক্যাম্প করতে আসা ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ও টেস্ট দলে জায়গা হারানো চট্টগ্রামের সন্তান অফ স্পিনার নাঈম হাসান বল করলেন নেটে। এছাড়াও ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ঢাকা থেকে নিয়ে আসা বাঁহাতি রিস্ট স্পিনার সাইফুল ইসলামরা। জয় অবশ্য আর্ম থ্রোয়ারেই খেললেন বেশি। পাশাপাশি কিছুক্ষণ খেললেন স্পিনারদেরও।

এক পর্যায়ে নাঈমের বলে একটি সুইপ খেললেন তিনি। টাইমিংও হলো বেশ ভালো, সিডন্স নিজেই বললেন, ‘বাউন্ডারি।’ তবে জয়ের শট পুরো সন্তুষ্ট করতে পারল না ব্যাটিং কোচকে, “আরও নিচু হয়ে এই শট খেলতে হবে, শরীর আরও নামাতে হবে।’ হাঁটু গেঁড়ে কতটা নামাতে হবে শরীর, নিজে করে সেটি দেখালেন তিনি।

জয় পরে সুইপ খেললেন আরেকটি। সিডন্সের মনে ধরল না সেটিও। একটু পর নাঈমের বলেই আরেকটি সুইপ তিনি খেললেন। এবার সিডন্স হাতের ইশারায় বোঝালেন, এরকম কিছুই তিনি চাচ্ছিলেন।

এমনিতে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করাই ব্যাটিং কোচের দায়িত্ব। তবে জয়ের সঙ্গে সিডন্সের এই বাড়তি কাজ করার কারণ অনুমান করে নিতে সমস্যা হওয়ার কথা নয় একটুও। তরুণ এই ব্যাটসম্যান নিজেকে হারিয়ে খুঁজছেন। ছন্দ খুঁজে ফিরছেন। ব্যাট হাতে তিনি ধুঁকছেন। খুব বাজেভাবে ধুঁকছেন।

টেস্ট ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট, সাদা বল হোক বা লাল বল, জয়ের ব্যাট থেকে রান হারিয়ে গেছে। বছরের শুরুতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই মাউন্ট মঙ্গানুইয়ে প্রায় ৫ ঘণ্টা ব্যাট করে ২২৮ বল খেলে যিনি করেছেন ৭৮ রান, পরের টেস্টে ডারবানে প্রায় সাড়ে সাত ঘণ্টায় ১৩৭ রানের ইনিংস এসেছে যার ব্যাট থেকে, সেই ব্যাটসম্যান পরের ১০ ইনিংসে ফিফটি করেছেন স্রেফ একটি। শূন্য রানের তেতো স্বাদ পেয়েছেন সবশেষ পাঁচ টেস্টে চারবার।

গত জুনে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের পর ‘এ’ দলের আবার তাকে ক্যারিবিয়ায় পাঠানো হয় অগাস্টে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল দুটি টেস্টে দুই ইনিংস খেলে করেন ০ ও ১৭। ওই সফরে একটি লিস্ট ‘এ’ ম্যাচে ফেরেন ৪ রানে।

অক্টোবরে জাতীয় লিগে চার ইনিংস খেলে ফিফটি করেন স্রেফ একটি। এরপর বিসিবি একাদশের হয়ে তামিলনাড়ু সফরেও চলতে থাকে তার দুর্দশা।

সংস্করণ বদলে বিসিএলের ৫০ ওভারের ক্রিকেটের টুর্নামেন্ট খেললেও ভাগ্যে বদল আসেনি। পূর্বাঞ্চলের হয়ে দুই ম্যাচে করেন ১ ও ৬। আরেকটিতে ৪৭ রান করতে বল খেলেন ১০০টি।

ব্যর্থতার সেই ধারা বয়ে চলে কক্সবাজার থেকে সিলেটেও। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্টে চার ইনিংসে তার সংগ্রহ ১, ২১, ১২ ও ১০।

তাকে নিয়ে সমস্যাটা শুধু রান না পাওয়াই নয়। যেভাবে ব্যাট করছেন, মনে হচ্ছে যেন ব্যাটিং ব্যাপারটিই ভুলে গেছেন। আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না ব্যাটিংয়ে। মনে হচ্ছে যেন পাহাড়সম চাপ চেপে বসে আছে তার কাঁধে। আউটের ধরনগুলিও বেশির ভাগ সময় দৃষ্টিকটূ। ভারত ‘এ’ দলের বিপক্ষে যেমন অনেক বাইরের বলে আলগা ব্যাট চালিয়ে দিয়ে আউট হয়েছেন, বাঁহাতি স্পিনে শট না খেলে ছেড়ে দিয়ে বোল্ড হয়েছেন।

সব মিলিয়ে, টেস্ট ক্যারিয়ারের শুরুটায় যে সম্ভাবনার ছাপ তিনি রেখেছিলেন, তা এখন উধাও। দুর্দান্ত যে টেম্পারমেন্টের উজ্জ্বল বিজ্ঞাপন মেলে ধরেছিলেন, তা এখন ফিকে।

ভারতের বিপক্ষে সিরিজে এখন তার চ্যালেঞ্জ ব্যর্থতার সেই বৃত্ত ভেঙে সাফল্যের আলোয় ফেরার। চোটের কারণে দলে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এনামুল হক দীর্ঘ বিরতির পর ফিরে খেলেছেন মোটে একটি টেস্ট। ওপেনিংয়ে সম্ভাব্য আরেক বিকল্প নতুন মুখ জাকির হাসান। এই দলে তাই ৮ টেস্ট খেলা জয়ই সবচেয়ে অভিজ্ঞ ওপেনার। দলকে ভালো শুরু এনে দেওয়ার দায়ও তারই বেশি।

ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলে পারফর্ম করে টেস্ট দলে জায়গা পাওয়া জাকির যদি একাদশেও সুযোগ পান এবং ভালো করেন, জয়ের জায়গা তাতে নড়বড়ে হয়ে উঠতে পারে তামিম ফেরার পর। জয়ের সামনে তাই চ্যালেঞ্জটা অনেক।

সামনের পথ যদি তিনি মসৃণ করতে চান, তাকে ফিরে যেতে হবে অতীতে। চট্টগ্রাম টেস্টে আবির্ভুত হতে হবে সেই মাউন্ট মঙ্গানুই কিংবা ডারবানের জয় হয়ে।