২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁহাতি পেসের আগুন ডানায় তিনশর ঠিকানায় স্টার্ক

টেস্ট ইতিহাসের ষষ্ঠ বাঁহাতি পেসার হিসেবে এই মাইলফলক ছুঁলেন অস্ট্রেলিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 09:27 AM

Updated : 18 Dec 2022, 09:27 AM

মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল স্রেফ একটি উইকেটের। সেটির জন্য অপেক্ষা খুব বেশি করতে হলো না। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভারেই কাঙ্ক্ষিত সীমানায় পা রাখলেন মিচেল স্টার্ক। রাসি ফন ডার ডাসেনকে বোল্ড করে অস্ট্রেলিয়ান পেসার পূরণ করলেন ৩০০ টেস্ট উইকেট। 

‘টিপিক্যাল’ মিচেল স্টার্ক ডেলিভারিতেই এলো মাইলফলকের উইকেটটি। গতিময় ফুল লেংথ বল, দারুণ সিম পজিশন। অফ স্টাম্প বা হালকা বাইরের লাইনে পিচ করে ডানহাতি ফন ডার ডাসেনের জন্য তীক্ষ্ণভাবে ভেতরে ঢুকে ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্পে ছোবল। 

মুহূর্তেই সতীর্থদের আলিঙ্গনে আবদ্ধ হয়ে ৩২ বছর বয়সী তারকা উদযাপন করলেন স্মরণীয় অর্জন। 

২৯৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিজবেন টেস্ট শুরু করেন স্টার্ক। গ্যাবার সবুজ ২২ গজে প্রথম দিনে তিন উইকেট নিয়ে তিনশর খুব কাছে পৌঁছে যান তিনি। দ্বিতীয় ইনিংসে রোববার বাকি শিকারটি ধরে ফেলেন শুরুতেই। 

একসময় ৩০০ টেস্ট উইকেট ছিল খুবই বিরল। প্রথম এই চূড়ায় পৌঁছান ইংলিশ কিংবদন্তি ফ্রেড ট্রুম্যান। ১৯৬৪ অ্যাশেজে এই কীর্তির পর এই পেসারকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘আপনার রেকর্ড কি কেউ ভাঙতে পারবে?’ তার উত্তর ছিল, ‘পারবে হয়তো, তবে সে ততদিনে থাকবে ভীষণরকম ক্লান্ত।’ সেই সময়ের বাস্তবতায় কথাটি ভুল ছিল না। প্রায় এক যুগ ধরে তিনিই ছিলেন এই ক্লাবের একমাত্র সদস্য। 

পরে আস্তে আস্তে বাড়তে থাকে তার সঙ্গীর সংখ্যা। তবুও এই শতাব্দীর শুরুতে ৩০০ উইকেট শিকারি ছিলেন স্রেফ ১০ জন। তবে পরে দ্রুত বাড়তে থাকে সংখ্যা। মিচেল স্টার্ক যেমন এই ক্লাবের ৩৭তম সদস্য। 

তবে বাঁহাতি পেস বোলারদের মধ্যে এই কৃতিত্ব দেখাতে পেরেছেন স্টার্কের আগে স্রেফ পাঁচজন- ওয়াসিম আকরাম, চামিন্দা ভাস, ট্রেন্ট বোল্ট, মিচেল জনসন ও জহির খান। 

অস্ট্রেলিয়ান পেসারদের মধ্যে এই মাইলফলকে পৌঁছেছেন আগে কেবল ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি ও মিচেল জনসন। 

স্টার্কের ৩০০ এলো ৭৪তম টেস্টে। বিশ্বরেকর্ড থেকে তিনি বেশ দূরে। ৫৪ টেস্টে ৩০০ ছুঁয়ে দ্রুততম ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পেসারদের মধ্যে সবচেয়ে কম টেস্ট লেগেছে স্টার্কের পূর্বসূরী লিলির, ৫৬টি। 

এই টেস্টের আগে ইনিংসে ৫ উইকেট ১৩ বার নিয়েছেন স্টার্ক, ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেয়েছেন দুই দফায়।