শানাকা-নাওয়াজের অলরাউন্ড নৈপুণ্যে খুলনার হ্যাটট্রিক
সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ২৮ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেল খুলনা টাইগার্স।
দেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে প্রতিরোধ গড়লেন মোহাম্মদ নাওয়াজ ও দাসুন শানাকা। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এনে দিলেন লড়াই করার পুঁজি। পরে বল হাতেও আলো ছড়ালেন দুই অলরাউন্ডার। তাদের উজ্জ্বল পারফরম্যান্সে রংপুর রাইডার্সকে পাত্তাই দিল না খুলনা টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার খুলনার জয় ২৮ রানে। ১৬১ রানের লক্ষ্যে ৮ বল বাকি থাকতে ১৩২ রানে গুটিয়ে গেল রংপুর।
চলতি আসরে এই প্রথম জয় পেল আগে ব্যাট করা দল। খুলনার এটি টানা তৃতীয় জয়। তিন ম্যাচে দুটিতে হারল রংপুর।
চোখের সমস্যায় সমাধানের খোঁজে সিঙ্গাপুর যাওয়া সাকিব আল হাসান মাঠে ফেরেন এই ম্যাচ দিয়ে। উইকেট না পেলেও বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ২১ রান দেন তিনি। ব্যাটিংয়ে আট নম্বরে নেমে আউট হন ৪ বলে ২ রান করে।
বিপিএলে এর আগে স্রেফ একবার আট নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে রাজশাহী কিংসের বিপক্ষে সেদিন ৭ বলে ১২ রান করেন তিনি।
সাকিবের নিষ্প্রভ ফেরার দিনে অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সিলেট পর্ব শুরুর আগে খুলনায় যোগ দেওয়া নাওয়াজ ও শানাকা। ব্যাটিংয়ে ৫৫ রানের পর বল হাতে ২ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার নাওয়াজ। ৪০ রান করে ফেরার পর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৬ রানে শানাকা নিয়েছেন ৪ উইকেট। তিনিই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে যায় রংপুর। দ্বিতীয় ওভারে বাবর আজমকে এলবিডব্লিউ করেন তারই স্বদেশি মোহাম্মদ ওয়াসিম। এক ওভার পর নাওয়াজের বলে ফেরেন ব্র্যান্ডন কিং। পাওয়ার প্লেতে ২ উইকেটে স্রেফ ২১ রান করে তারা।
প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রনি তালুকদার ও শামীম হোসেন। কিন্তু রানের পালে হাওয়া দিতে পারেননি তারা। দশম ওভারে ফেরার আগে ২৫ বলে স্রেফ ১৫ রান করেন রনি। ফাইন লেগ দিয়ে দারুণ কিছু শট খেলা শামীম আউট হন ২২ বলে ৩০ রান করে।
শানাকার বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হন আট নম্বরে নামা সাকিব। এরপর একাই চেষ্টা করেন মোহাম্মাদ নাবি। শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫০ রান করেন আফগান তারকা।
ম্যাচের প্রথমভাগে ব্যাটিং সহায়ক উইকেটে দেশি ব্যাটসম্যানদের ব্যর্থতায় শুরুতে চাপে পড়ে খুলনা। প্রথম ওভারে মেডেন খেলা এনামুল হক পরের ওভারের প্রথম বলে ফেরেন ছক্কা মারার চেষ্টায়। সাত বলে কোনো রান করার আগে থামেন খুলনা অধিনায়ক।
তিন নম্বরে নেমে মাহমুদল হাসান জয় শুরু করেন আঁটসাঁট ব্যাটিং। অন্য প্রান্তে এভিন লুইস অবশ্য রানের চাকা সচল রাখেন। পঞ্চম ওভারে আজমতউল্লাহ ওমারজাইয়ের বলে চারের পর দুটি ছক্কা মারেন ক্যারিবিয়ান ওপেনার।
পাওয়ার প্লের শেষ ওভারে শেখ মেহেদি হাসানের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন জয়। এক ওভার পর হাসান মাহমুদের লেংথ বলে ক্রস ব্যাটে খেলে লং অনে ধরা পড়েন আফিফ হোসেন।
লুইসও এরপর বেশি দূর যেতে পারেননি। দলকে পঞ্চাশ পার করিয়ে দশম ওভারে হাসানের স্লোয়ারে বোকা বনে যান তিনি। পুল করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লেগে উইকেটের পেছনে ধরা পড়েন ২৫ বলে ৩৭ রান করা লুইস।
পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন নাওয়াজ ও শানাকা। দুজন মিলে ৫৩ বলে যোগ করেন ৭৭ রান। ষোড়শ ওভারে রিপন মণ্ডলের ওপর ঝড় বইয়ে দেন তারা। দুটি ছক্কা ও একটি চারে ওই ওভারে আসে ১৮ রান।
পরের ওভারে হাসানের বলে জীবন পান শানাকা। ৩০ রানে বেঁচে গিয়ে অবশ্য বেশি দূর যেতে পারেননি শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। হাসানের পরের ওভারে ফুল টস বলে স্কুপ খেলতে গিয়ে বোল্ড হন ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করা অলরাউন্ডার।
শেষ ওভারে চার ও ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন নাওয়াজ। চতুর্থ বলে আবার ছক্কা মারতে গিয়ে থামে তার ৩৪ বলের ইনিংস।
আগের দুই ম্যাচে উইকেট শূন্য থাকা হাসান এবার ২৯ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৬০/৬ (এনামুল ০, লুইস ৩৭, জয় ৭, আফিফ ৪, শানাকা ৪০, নাওয়াজ ৫৫, ওয়াসিম ৭*, হাবিবুর ১*; ওমারজাই ৪-১-৪১-০, মেহেদি ৪-০-২০-২, নাবি ১-০-৭-০, হাসান ৪-০-২৯-৩, সাকিব ৪-০-২১-০, রিপন ৩-০-৪১-১)
রংপুর রাইডার্স: ১৮.৪ ওভারে ১৩২ (রনি ১৫, বাবর ২, কিং ১, শামীম ৩০, নাবি ৫০, ওমারজাই ৪, সোহান ১, সাকিব ২, মেহেদি ১২, রিপন ৮, হাসান ০*; নাহিদুল ৩-০-১৮-০, ওয়াসিম ৩.৪-০-৩১-২, নাসুম ৪-০-২৫-১, নাওয়াজ ২-০-১৩-২, মুকিদুল ৩-০-২৯-০, শানাকা ৩-০-১৬-৪)
ফল: খুলনা টাইগার্স ২৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: দাসুন শানাকা
