২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ার লিফটে আটকা পড়ায় মেলবোর্নে খেলা শুরু হতে দেরি

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে খেলা শুরু হতে দেরি হয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে যাওয়ায়।

আম্পায়ার লিফটে আটকা পড়ায় মেলবোর্নে খেলা শুরু হতে দেরি

তৃতীয় আম্পায়ারের আসন ফাঁকা, মাঠে হাসছেন আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 11:27 AM

Updated : 28 Dec 2023, 11:51 PM

দুই ব্যাটসম্যান ক্রিজে প্রস্তুত। বোলিং মার্কে গিয়ে বল করার জন্য তৈরি বোলার মির হামজা। তিন স্লিপ ও এক গালি অপেক্ষায়। কিন্তু খেলা শুরু হলো না। বরং দুই আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন একত্রিত হয়ে কথা বলতে থাকলেন নিজেদের মধ্যে। উইলসনের মুখে হাসিও দেখা গেল। তখনও পর্যন্ত বোঝা যাচ্ছিল না কিছুই। কারণটা স্পষ্ট হলো একটু পরই। 

বিচিত্র সব কারণে খেলা শুরু হওয়ার নজির ক্রিকেট ইতিহাসে অনেক আছে। সেখানেই এবার সংযোজন হলো আরেকটি। মেলবোর্নে অস্ট্রেলিয়া-পাকিস্তান বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে কিছুক্ষণ দেরি হলো তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ সময়মতো তার কক্ষে যেতে না পারায়। ইংলিশ এই আম্পায়ার আটকা পড়েছিলেন লিফটে!

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ দিন প্রথম সেশন ছিল দারুণ নাটকীয়। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অলআউট হয় ২৬৪ রানে। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স নেন ৫ উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত ডেলিভারিতে হারায় উসমান খাওয়াজাকে। লাঞ্চের ঠিক আগের ডেলিভারিতে আফ্রিদিরই শিকার হন মার্নাস লাবুশেন। 

Image

রিচার্ড ইলিংওয়ার্থ

২ উইকেটে ৬ রান নিয়ে লাঞ্চের পর যখন খেলা শুরু করতে যাবে অস্ট্রেলিয়া, তখনই ওই বিপত্তি। দেরি হওয়ার কারণ শুরুতে বুঝে উঠতে পারছিলেন না ধারাভাষ্যকাররাও। পরে তারাই জানান ঘটনা।

ফোর্থ আম্পায়ার ফিলিপ গিলেস্পিকে তখন দেখা যায় ওপরে দৌড়ে যেতে। তিনি তৃতীয় আম্পায়ারের আসনে বসার পর শুরু হয় ম্যাচ।

একটু পর টিভি ক্যামেরায় ইলিংওয়ার্থকে দেখা যায় তার কক্ষে ঢুকতে। ধারাভাষ্যকার মাইকেল ভন তখন মজা করে বলেন, "এই তো, তিনি এলেন। রিচার্ড ইলিংওয়ার্থ অবশেষে পারলেন! তাকে একটু ক্লান্ত মনে হচ্ছে। সম্ভবত সিড়ি ভেঙে আসতে হয়েছে তাকে।"

টিভি ক্যামেরা তাক করা আছে বুঝতে পেরে হাসি ফুটে ওঠে ইলিংওয়ার্থের মুখেও। হাসিমুখে হাত নাড়তে দেখা যায় তাকে।