২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ডেকে সৌম্যর দিকে বিশেষ নজর হাথুরুসিংহের

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মূল স্কোয়াডে না থাকলেও তিন ক্রিকেটারকে অনুশীলনে ডেকে নেন হাথুরুসিংহে, তাদের মধ্যে প্রথম দিনের অনুশীলনে সৌম্যর দিকে ছিল কোচের বিশেষ মনোযোগ।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 09:03 PM

Updated : 22 Jun 2023, 01:01 AM

শরিফুল ইসলামের ডেলিভারিটি ছিল খাটো লেংথের। সৌম্য সরকার পুল করলেন সপাটে। পাশের নেট থেকে তা দেখে হাত নেড়ে কিছু একটা বললেন চান্দিকা হাথুরুসিংহে। যেন তাকে সাহস জোগাতে চাইলেন। পরমুহূর্তেই হাসান মাহমুদের একটি ডেলিভারি খেলতে কিছুটা ভুগলেন সৌম্য। সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন কোচ। নেটের মাঝে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে চলল তাদের কথোপকথন। মিরপরে বিসিবি একাডেমি মাঠে বুধবার অনুশীলনে বেশ কবার দেখা গেল এমন দৃশ্য। 

এটুক পড়ে অনেকের খটকা লাগতে পারে। আফগানিস্তানের বিপক্ষে সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে নেই সৌম্য। ঘরোয়া ক্রিকেটে তার যা পারফরম্যান্স, তাতে জাতীয় দলের কাছাকাছিও তার থাকার কথা নয়। তাহলে অনুশীলনে সৌম্য এলেন কোত্থেকে! 

শুধু সৌম্যই অবশ্য নয়, দলের বাইরে থেকে দুই অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও শেখ মেহেদি হাসানও ছিলেন অনুশীলনে। নির্বাচকদের কাছ থেকে জানা গেল, মূলত কোচের চাওয়াতেই বর্তমান অবস্থা পরখ করতে অনুশীলনে ডাকা হয়েছে তাদেরকে। অনুশীলনে সৌম্যর সঙ্গে বেশ ব্যস্ত সময় কাটাতেই দেখা গেল হাথুরুসিংহেকে। 

আফগানদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে প্রাক-সিরিজ প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে বুধবার। শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল মাঠে গা গরমের পর ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা। পরে তাদের ব্যাটিং-বোলিং ঝালিয়ে নেওয়ার পালা চলে একাডেমি মাঠে। 

সেখানে শুরু থেকেই ব্যাটিং করেন সৌম্য। প্রথমে থ্রোয়ারদের বলে কিছুক্ষণ নকিং করেন তিনি। খেলেন বেশ কিছু ভালো ড্রাইভ। ওই নেট থেকে বের হওয়ার সময় তাকে ডেকে কিছুক্ষণ কথা বলেন হাথুরুসিংহে। 

পরে সৌম্য ঢোকেন পেসারদের নেটে। এখানেই বেশি সময় ব্যাটিং করেন তিনি। হাসান, শরিফুলদের পাশাপাশি নেট বোলারদের বিপক্ষে বেশ কিছু নিয়ন্ত্রিত শট খেলেন। আবার কয়েকবার ধুঁকতেও দেখা যায় আগ্রাসী এই বাঁহাতিকে। ওই নেটের সামনে বেশ কিছুক্ষণ সৌম্যর ব্যাটিং দেখেন হাথুরুসিংহে। পরে বিরতি নিয়ে সৌম্য নন-স্ট্রাইক প্রান্তে আসতেই তার সঙ্গে কিছু একটা কথা বলে নেন প্রধান কোচ।  

এরপর স্বাভাবিক রুটিনেই স্পিনারদের নেটে ব্যাটিং করেন সৌম্য। ওই নেট থেকে বের হওয়ার পরেও তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন হাথুরুসিংহে। 

২০১৪ সালে সৌম্যকে জাতীয় দলে সুযোগ করে দেওয়ায় বড় ভূমিকা ছিল এই হাথুরুসিংহেরই। আবির্ভাবের পরপরই স্ট্রোকের ছটায় সবার চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন প্রতিভাবান এই ব্যাটসম্যান। দ্রুতই দলের অবিচ্ছেদ্য অংশও হয়ে উঠেছিলেন। তবে ধারাবাহিক হতে পারেননি। সম্ভাবনাকে পূর্ণতা দিতেও পারেননি। দলে আসা-যাওয়া চলতে থাকে। একসময় আসাটুকুও বাদ পড়ে যায়, রয়ে যান বাইরেই। 

জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটেও পারফরম্যান্সের যা বাজে অবস্থা, তাতে ক্রমেই আড়ালে চলে গিয়েছিলেন সৌম্য। এখন আবার হুট করেই তিনি আলোচনায়। সম্প্রতি তাকে নেওয়া হয়েছে ইমার্জিং টিমস এশিয়া কাপের বাংলাদেশ দলে। এমনিতে অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের টুর্নামেন্ট হলেও নির্দিষ্ট সংখ্যক বেশি বয়সী ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকে। সৌম্য দলে আছেন সেই কোটায়। 

তবে এই দলে জায়গা পাওয়ার মতো কিছুও সাম্প্রতিক সময়ে সৌম্য করতে পারেননি। তাকে কেন নেওয়া হলো, সেই বিস্ময়ের রেশ থাকতে থাকতেই জাতীয় দলের সঙ্গে অনুশীলনের এই সুযোগ। কৌতূহল জাগাটা তাই স্বাভাবিক। এখন কোচ যখন আবার সেই হাথুরুসিংহে, কৌতূহলের মাত্রাও তাই তীব্র। 

কোচের ভাবনার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন নির্বাচক হাবিবুল বাশারও। 

“ঈদের আগে আমরা তিন দিন অনুশীলন করব। কোচ আসলে দেখতে চেয়েছেন, এই তিনজন কোন অবস্থায় আছে, কেমন করছে। কোচ বলতে আসলে, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই দেখতে চেয়েছি আমরা। কোচের পাশাপাশি অধিনায়ক, আমরা নির্বাচক সবারই ইচ্ছা ছিল ওদের দেখার।”  

“এরপর তো সৌম্য আর শেখ মেহেদি চলে যাবে ইমার্জিং দলের সঙ্গে। আর মোসাদ্দেক থাকবে বাংলাদেশ টাইগার্স স্কোয়াডে।”  

অস্ট্রেলিয়ায় গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে এক সময়কার নিয়মিত মুখ সৌম্য। বাদ পড়ার আগে সবশেষ ১৬ ইনিংসে একবারও ২৫ ছুঁতে পারেননি তিনি। দুই অঙ্ক ছোঁয়ার আগে আউট হন ১০ বার। ওয়ানডে সবশেষ খেলেন তিনি ২০২১ সালের মার্চে, নিউ জিল্যান্ড সফরে। বাদ পড়ার আগে ছয় ম্যাচে করেন ৪০ রান। 

এরপর ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়েও ফেরার দাবি তুলতে পারেননি ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০২ রান করলেও পুরো লিগে ১১ ইনিংসে স্রেফ ২৬.৬৩ গড়ে তার সংগ্রহ মোটে ২৯৩ রান। স্ট্রাইক রেট ৮৩.৬৩। যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের (৮৭.৫০) চেয়ে কম।  

এর আগে বিপিএলের সবশেষ আসরে ঢাকা ডমিনেটর্সের হয়ে ১২ ম্যাচে স্রেফ ১৪.৫০ গড়ে তিনি করেন ১৭৪ রান। স্ট্রাইক রেটও ছিল মলিন (১০৮.০৭)। একরকম মিলিয়েই যাচ্ছিলেন তিনি। 

তার জন্য নিজেকে ফিরে পাওয়ার বড় সুযোগ এখন ইমার্জিং টিমস এশিয়া কাপ। আগামী ১৪ জুলাই থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ৮ দলের আসরে নিজেকে মেলে ধরতে পারলে হয়তো আরও বড় কিছুর দুয়ারও খুলে যাবে। জাতীয় দলের অনুশীলনে ডাক পাওয়ায় হয়তো সেটিরই ইঙ্গিত!