মোংলায় গাড়ি থেকে নেমে অপেক্ষারতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী স্থানীয়দের সঙ্গে হাত মেলান, কুশল বিনিময় করেন, শোনেন নানা সমস্যার কথা।
বাগেরহাটের মোংলায় সরকারি সফর শেষে ঢাকায় ফেরার পথে গাড়ি থামিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে হাত মেলান ও কুশল বিনিময় করেন। স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যার কথাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দেখে গাড়ি থামিয়ে নেমে আসেন প্রধানমন্ত্রী। পরে তিনি তাদের সঙ্গে কথা বলেন।
এর আগে সকালে ঢাকা থেকে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে সুন্দরবনের আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের জায়গা আকাশপথে দেখেন তিনি।
পরে মোংলার দিগরাজে নৌবাহিনীর ঘাঁটিতে যান প্রধানমন্ত্রী। সেখানে খুলনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বিকালে মোংলা বন্দরের মূল জেটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ দেখেন এবং বন্দরের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এরপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তিনি।
দিনের সফর শেষে বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটে মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর সফর ঘিরে মোংলা বন্দর ও আশপাশের এলাকায় দিনভর নিরাপত্তা জোরদার করা হয়।
