সাকিব-তামিম-মাশরাফি-তাসকিনদের ঈদ শুভেচ্ছা
ঈদ উৎসবে সবার জন্য শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন ক্রিকেটাররা।
ওমরাহ পালনে স্ত্রী-সন্তানদের নিয়ে সৌদি আরবে আছেন মাশরাফি বিন মুর্তজা। ঈদ করেছেন সেখানেই। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন সেখান থেকেই। ঈদ উৎসবে তেমনি সামাজিক মাধ্যমে সবার প্রতি আনন্দ, ভালোবাসা ও শান্তির বার্তা দিয়েছেন ক্রিকেটাররা।
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বিজ্ঞাপন ও দেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলে বিবেচিত সাকিব আল হাসান সবার জন্য শুভ কামনা জানিয়েছেন তার অফিসিয়াল ফেইসবুক পাতায়।
“আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!”
পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ কাটানোর বার্তা ছিল দেশের সফলতম ব্যাটসম্যান ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কথায়।
“উৎসবমুখর আয়োজনে পরিবারের সাথে প্রত্যেকের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মোবারক।”
পরিবারের কয়েকজনের সঙ্গে ঈদগাহে নামাজের জন্য অপেক্ষার ছবি ফেইসবুকে পোস্ট করে মুশফিক লিখেছেন, “ঈদ মোবারক… আল্লাহ আমাদের সব ভালো কাজ কবুল করুন।”
সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির ঊদ শুভেচ্ছায় ছিল ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহবান।
“আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!”
এক মাস ধরে সিয়াম সাধনার যে অন্তর্নিহিত উদ্দেশ্য, তা সবসময়ই সবার মধ্যে জাগ্রত থাকার কামনা করলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ।
“আপনার ও আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা যেন বছরজুড়ে সবার মধ্যে থাকে এবং আপনাদের জীবন যেন উৎকর্ষ ও অনুগ্রহে পরিপূর্ণ থাকে।”
একই ধরনের বার্তা থাকল অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হকের ঈদ শুভেচ্ছায়।
“রমজানের চেতনা যেন আমাদের সঙ্গে সবসময় থাকে এবং ন্যায়পরায়ণতার দিকে আমাদেরকে যেন এগিয়ে নেয়। ঈদ মোবারক।”
এই সময়ে দেশের সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদ বরাবরই বেশ সরব সামাজিক মাধ্যমে। তার বাবা-সন্তানসহ পরিবারের অন্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি শোভা পাচ্ছে তার ফেইসবুক পাতায়। ঈদ উৎসবের ভালো লাগা ও ভালোবাসার আবহ তিনি বয়ে নিতে বললেন সামনের দিনগুলিতেও।
“আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কর্মগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।”
আইপিএল খেলতে ভারতে থাকা পেসার মুস্তাফিজুর রহমান ঈদের শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে। আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি লিটন কুমার দাসও জানিয়েছেন শুভেচ্ছা, “আপনার ও আপনার প্রিয়জনের জন্য শান্তি, খুশি আর আশীর্বাদে পরিপূর্ণ একটি আনন্দময় ঈদ কামনা করছি।”
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ঈদ শুভেচ্ছায় ফুটে উঠল ঈদের চিরায়ত বার্তাটুকু।
“ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে। ঈদ মোবারক।”
এছাড়াও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, সৌম্য সরকার, শরিফুল ইসলামসহ ক্রিকেটারদের অনেকেই।
