বিশ্বকাপে তাকিয়ে দেশের মাঠেও ‘ভালো উইকেটে’ খেলার পরিকল্পনা
এই বছরের শেষ দিকে ভারতের অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশের মাঠেও ভালো ব্যাটিং উইকেটে খেলার পরিকল্পনার কথা জানালেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তাবিত সূচিতে তিনটি ম্যাচই ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টিম ম্যানেজমেন্টের চাওয়ায় চূড়ান্ত সূচিতে একটি ম্যাচ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, উইকেট যেখানে বেশি ব্যাটিং সহায়ক। এটিকেই উদাহরণ হিসেবে তুলে ধরে তামিম ইকবাল জানালেন, বিশ্বকাপের আগে দেশের মাঠে সিরিজগুলোতে ভালো ব্যাটিং উইকেটে খেলার পরিকল্পনা নিয়েছে দল।
আগামী অক্টোবর-নভেম্বরে এবারের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। খেলা হবে ভারতের বিভিন্ন প্রান্তে, তবে বেশির ভাগ ভেন্যুতেই উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের পথে বাংলাদেশের প্রস্তুতি পর্বেও থাকছে সেই ভাবনা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেশির ভাগ সময়ই উইকেট থাকে অনেকটা মন্থর ও নিচু বাউন্সের। বল এখানে থমকে আসে ব্যাটে, শট খেলা হয়ে ওঠে কঠিন। যদিও এবার বিপিএলে বেশ ভালো ব্যাটিং উইকেট দেখা গেছে নিয়মিত। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মিরপুরের ২২ গজকে আবার আপন রূপে ফেরানো হতে পারে ধারণা করা হচ্ছে।
মিরপুরে উইকেট কেমন হবে, সেটি নিয়ে কোনো ইঙ্গিত অবশ্য দেননি তামিম। তবে রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ধারণা দিলেন উইকেট নিয়ে দলের সামনের পরিকল্পনা নিয়ে।
“যখনই কোনো গুরুত্বপূর্ণ সিরিজ থাকে, যেমন এই সিরিজটি, বিশ্বের যে কোনো দলই চাইবে জয়ের জন্য। আমরাও জিততে চাই। তবে ‘ট্রু’ উইকেটে আমাদের আরেকটু ভালো ক্রিকেট খেলা উচিত। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টে আমরা কথা বলেছি। এই সিরিজের পর আরও সিরিজ আছে। ওই সিরিজগুলো নিয়েও আমাদের আলোচনা হয়েছে যে, কী ধরনের উইকেটে খেলব বা খেলব না।”
মিরপুরের ঘরানার উইকেটে বাংলাদেশ যে কোনো প্রতিপক্ষের জন্যই দুর্দান্ত এক দল। তবে নিখাদ ব্যাটিং উইকেটের দাবি মেটাতে পেরেছে এই দল খুব কম সময়ই। ওয়ানডেতে ৩৫০ রান এখন হরহামেশাই দেখা যায়। ৩৮০ বা ৪০০ রানও বিরল নয় এখন আর। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এখনও মোটে ৩৩৩। দেশের মাঠে এখনও ৩৩০ রানও স্পর্শ করতে পারেননি তামিমরা।
বিশ্বকাপের আগের সময়টায় তাই ব্যাটিং উইকেটে ভালো ব্যাটিংয়ের প্রস্তুতি নিতে চান তামিমরা।
“এটার (উইকেট বদল) একটা শুরু আমি বলতে পারি এই সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই মিরপুরে ছিল। আমরা পরে একটি ম্যাচ চট্টগ্রামে নিয়ে গেছি। চট্টগ্রামের উইকেট কেমন, সবারই ধারণা আছে। এটাই আমার মতে, এক ধাপ এগিয়ে যাওয়া। বিশ্বকাপে যখন আমরা খেলতে যাব, বেশির ভাগ ব্যাটিং উইকেটেই খেলতে হবে। এসব উইকেটে আমাদের অভ্যস্ত হতে হবে।”
“সামনে যখন আয়ারল্যান্ড আসবে বা অন্য দল, আপনারা দেখবেন যে আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। আমরা যেন প্রস্তুত হতে পারি যে ভালো উইকেটে আমরা কীভাবে প্রস্তুত হতে পারি।”
তবে এই পরিকল্পনার বিপদের দিকটিও তুলে ধরলেন তামিম। পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে অনেক সময়ই ফল তাৎক্ষনিক মেলে না। ওয়ানডে অধিনায়ক তাই সংশ্লিষ্টদের অনুরোধ করলেন যেন ধৈর্য ধরা হয়।
“এই পরিবর্তনটা করতে গেলে ফল নিয়ে ভাবলে কিন্তু চলবে না। আমরা তো এখানে অনেকেই হার কোনোভাবে মানতে পারি না বা চিন্তাই করি না যে হারতে পারি। ভিন্ন কিছু করতে গেলে কিন্তু সবদিক থেকেই খোলামেলা থাকতে হবে। এখন হয়তো ফল নাও আসতে পারে। তবে এখন যে কাজগুলি করছি, হয়তো তিন-চার মাস পরে ফল মিলতে পারে। এই জিনিসটা আমাদের দল, বোর্ড, মিডিয়া, সবাইকে বুঝতে হবে।”
