২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপনারা হয়তো প্রতি ম্যাচে দুইশ আশা করেন’

টানা ২৬ মাস ও ২৬ ইনিংস সেঞ্চুরি না পেলেও একেবারে রানের বাইরে ছিলেন না বলেই মনে করেন মুমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 07:43 PM

Updated : 16 Jun 2023, 08:09 PM

‘আমি জানি, একটি প্রশ্ন অবশ্যই করা হবে’- সংবাদ সম্মেলন কক্ষে যাওয়ার সময় আশেপাশে থাকা সাংবাদিকদের বলেন মুমিনুল হক। তার ধারণার ওই প্রশ্ন দিয়েই শুরু হয় সংবাদ সম্মেলন। মাঝে দীর্ঘ সময়ে ‘রান খরার’ বিষয়ে প্রশ্নের উত্তরে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, সবার প্রত্যাশা হয়তো এখন বেড়ে গেছে। 

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দীর্ঘ খরা কাটিয়েছেন মুমিনুল হক। সাদা পোশাকে ২৬ মাস ও ২৬ ইনিংস পর পেয়েছেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। ইনিংস ঘোষণার সময় দ্বাদশ সেঞ্চুরিতে তিনি ১২১ রানে অপরাজিত ছিলেন। 

প্রায় ১০ বছরের ক্যারিয়ারে দুই সেঞ্চুরির মাঝে ইনিংসের হিসেবে এটিই তার সবচেয়ে লম্বা বিরতি। এর আগে ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তিন বছরের বেশি সময়ে টানা ২৩ ইনিংসে একবারের জন্যও তিন অঙ্ক ছুঁতে পারেননি ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।  

শুক্রবারের সংবাদ সম্মেলনে এই দুই বিরতির মাঝে বেশি পীড়া দিয়েছে কোনটি? এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, এবারের ২৬ ইনিংসের কথা। তবে এই সময়টায় যে তিনি রানে ছিলেন না বা ছন্দে ছিলেন না, তা ঠিক মানতে চান না অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।  

“রান হচ্ছে না... আপনারা যদি শেষ ৪ ইনিংস দেখেন, রান অত খারাপ নয়। আপনারা হয়তো প্রতি ম্যাচে ২০০ রানের আশা করেন। যে কারণে আপনাদের কাছে হয়তো মনে হয় যে, রানে নেই। শেষ ৪ ইনিংস যদি দেখেন... আপনারা যেভাবে চিন্তা করছেন যে, 'ও তো রানে নেই', আসলে তা নয়। প্রত্যাশা হয়তো বেড়ে গেছে।” 

২০২১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ১২১ রানের ইনিংস খেলেন মুমিনুল। এরপর ২৬ ইনিংসে তার ফিফটি স্রেফ ৩টি। ওই শতরানের ৩ ইনিংস পর জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে খেলেন তিনি ৭০ রানের ইনিংস। আবার ৪ ইনিংস পর মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে করেন ৮৮।

এরপরই শুরু হয় দুঃসময়। এক পর্যায়ে দুই অঙ্ক ছুঁতে পারেননি টানা ৯ ইনিংসে! ব্যাট হাতে সেই কালো সময়টা তার নেতৃত্বের অধ্যায়েরও সমাপ্তি ডেকে আনে। পরে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথম টেস্টে ব্যর্থতার পর একাদশেও জায়গা হারান। ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও জায়গা পাননি একাদশে।  

মিরপুরে দ্বিতীয় টেস্টের একাদশে ফিরে প্রথম ইনিংসে খেলেন ৮৪ রানের ইনিংস। যেখানে ছিল তার সেরা সময়ের ছাপ। তবে এরপর চলতি ম্যাচের আগে তিন ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫, ১৭ ও ২০* রানের ইনিংস। শুধু এই চার ইনিংস হিসেবে নিলে ৪২ গড়ে ১২৬ রান।  

এই চার ইনিংসের কথাই বলছিলেন মুমিনুল। ৪২ গড়ে রান করলেও বড় ইনিংস ছিল মোটে একটি। এরপর চলতি ম্যাচের প্রথম ইনিংসে উইকেটে ৪০ মিনিটের অস্বস্তিময় উপস্থিতির পর মুমিনুল আউট হয়ে যান ১৫ রানে। দ্বিতীয়বার নেমেই খেললেন ২২৮ মিনিট স্থায়ী ১৪৫ বলের ইনিংসটি।  

সবশেষ চার ইনিংস নিয়ে নিজের মধ্যে সন্তুষ্টি কাজ করলেও লম্বা সময় ব্যাটিং করতে না পারার আক্ষেপ ঠিকই পুড়িয়েছে মুমিনুলকে।  

“আমার কাছে আক্ষেপ ছিল যে, আমি যখন লম্বা ইনিংস ব্যাটিং করতে পারিনি। আমার যেটা অভ্যাস যে, ২-৩-৪ সেশন ব্যাটিং করা। ওটা নিয়ে একটু আক্ষেপ ছিল। আলহামদুলিল্লাহ্‌ ওটা করতে পেরেছি, দলকে সাহায্য করেছি। এটাই সন্তুষ্টি।” 

গত কয়েক বছর ধরে শুধু টেস্ট ক্রিকেট খেলায় মুমিনুলের সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আসে দীর্ঘ বিরতির পরপর। এবারই যেমন চলতি ম্যাচের পর আবার তিনি লাল বলে নামার সুযোগ পাবেন আগামী ডিসেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে। 

এই দীর্ঘ বিরতি দিয়ে খেলার সুযোগ পাওয়া এখন আর তেমন ভাবায় না অভিজ্ঞ ব্যাটসম্যানকে। বরং এ বিষয়ে সংবাদমাধ্যমকেই সংযমী হওয়ার অনুরোধ করলেন তিনি।  

“এই জিনিসটি মনে হয়, আমার চেয়ে আপনাদের বেশি ভাবা উচিত। কারণ একজন ক্রিকেটার যখন রানে থাকে না, তখন আপনারা কিন্তু ওভাবে বিচার করেন না যে, সে ৪ মাস পর টেস্ট খেলছে, ওকে আমরা একটু ওইভাবে মূল্যায়ন না করি। ওই সুযোগটা কিন্তু আপনারা দেন না। ৪ মাস পর খেলুক বা এক বছর পর খেলুক...”  

“এক দিক থেকে এটার ইতিবাচক দিক থাকে। আমি ওই সময়টায় প্রস্তুতি নিতে পারি। আমি এটাকে নেতিবাচক হিসেবে নেই না। ওভাবেই আমি মানসিকতাটা ঠিক করে ফেলেছি। আগেও আমি ইংল্যান্ডের সঙ্গে একটা টেস্ট খেলেছি প্রায় এক বছর পরে। মানসিকতা যদি ওভাবে প্রস্তুত করে ফেলেন, তাহলে তেমন কোনো সমস্যা হবে না।”

পরে অবশ্য এই ধরনের আরেকটি প্রশ্নের প্রেক্ষিতে মুমিনুল বলেন, ‘প্রত্যাশা বেড়ে যাওয়ার কথা মজা করে বলেছি।’ তবে দীর্ঘ বিরতির পরপর টেস্ট খেলার বিষয়টি নিয়ে অভিযোগ না রেখে যে নিজেকে সেভাবেই প্রস্তুত রাখেন, সেটিও জোর দিয়েই জানান তিনি।

“আইসিসি যদি বছরে পাঁচটা টেস্ট দেয় আপনি কিছু করতে পারবেন না। আইসিসি দশটা টেস্ট দিলে ঠিক আছে। আপনি তো... এজন্য আপনার মানসিকতা ওভাবে ঠিক করে নিতে হবে। আপনি যখন পাঁচটা টেস্ট খেলবেন এক বছরে, তখন কিন্তু বিরতিটা তৈরি হয়। পাঁচ মাস, তিন মাস, চার মাস। এরকম হয়।”