২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে’ শাস্তি পেলেন কোহলি

ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছে ভারতের এই তারকা ব্যাটসম্যানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 07:53 PM

Updated : 22 Apr 2024, 07:53 PM

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আউট হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় ভিরাট কোহলির শাস্তি পাওয়া একরকম অনুমিতই ছিল। হলোও তাই। ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটসম্যানকে।

আইপিএল কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে কোহলির শাস্তির ঘোষণা দেয়। যদিও কী কারণে তাকে জরিমানা করা হয়েছে, সেটা নির্দিষ্ট করে জানায়নি তারা।

তবে অনেকটাই পরিষ্কার যে, রোববার কলকাতা ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় এই শাস্তি পেয়েছেন কোহলি। ২২৩ রানের লক্ষ্য তাড়ায় ৭ বলে ১৮ করে তৃতীয় ওভারে আউট হন ভারতীয় ব্যাটিং গ্রেট। রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচটি ১ রানে হারে বেঙ্গালুরু।

ওই ওভারের প্রথম ডেলিভারিটি কোহলির কোমর উচ্চতায় ফুলটস করেন পেসার হার্শিত রানা। বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন বেঙ্গালুরু ওপেনার। স্লোয়ার ডেলিভারিটিতে ভড়কে গিয়ে ঠিকমতো খেলতে না পেরে বোলারকে ফিরতি ক্যাচ দেন কোহলি।

মাঠের আম্পায়ার আউট দিলেও, ‘নো’ বলের আশায় সঙ্গে সঙ্গে রিভিউ নেন কোহলি। কিন্তু তৃতীয় আম্পায়ারও বহাল রাখেন মাঠের সিদ্ধান্ত। তখনই মেজাজ হারিয়ে ফেলেন কোহলি। মাঠের আম্পায়ারের সঙ্গে কথা বলার সময় ক্ষুব্ধ দেখা যায় তাকে। মাঠ ছেড়ে যাওয়ার সময়ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাউন্ডারির বাইরে থাকা ময়লার বাক্স ফেলে দেন হাত দিয়ে।

কোমর উচ্চতার ফুলটস বলের বৈধতা যাচাইয়ের জন্য এবার নতুন প্রযুক্তি ব্যবহার করছে আইপিএল। যেখানে ব্যাটসম্যানের কোমরের উচ্চতা আগে থাকেই মেপে রাখা হয়েছে। আর বলের উচ্চতা দেখা হচ্ছে হক-আই বল ট্র্যাকিং পদ্ধতিতে।

প্রযুক্তিটি ব্যবহার করে তৃতীয় আম্পায়ার দেখেন, নিচে নেমে যাওয়া হার্শিতের স্লোয়ার ডেলিভারিটি পপিং ক্রিজ পর্যন্ত পৌঁছালে এর উচ্চতা হতো ০.৯২ মিটার। কোহলি ক্রিজে থাকলে বলটি তার কোমর উচ্চতা ১.০৪ মিটার থেকে নিচেই থাকত। তাই ব্যাটসম্যানকে আউটে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার।

কোহলির আউটটি নিয়ে পরে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি বলেন, “অবশ্যই, নিয়ম তো নিয়মই। ভিরাট ও আমি সেই সময় ভেবেছিলাম যে, সম্ভবত বলটি তার কোমরের ওপরে ছিল। আমার মনে হয়, তারা পপিং ক্রিজের হিসেব করে এটি (উচ্চতা) পরিমাপ করে। এই ধরনের পরিস্থিতিতে সময়ই এক দল খুশি হবে এবং আরেক দল সিদ্ধান্তকে সঠিক মনে করবে না। খেলাটির ধরনই এমন।”

এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে কেবল একটিতে জয়ী বেঙ্গালুরু আইপিএলের পয়েন্ট টেবিলে আছে তলানিতে।