২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাহিদা-ফাহিমার দারুণ বোলিংয়ের পর বৃষ্টির জয়

বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশের মেয়েদের প্রথম ওয়ানডে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 04:27 PM

Updated : 29 Apr 2023, 04:27 PM

দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছিলেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুনরা। সম্ভাবনা জেগেছিল অল্পেই স্বাগতিকদের আটকে ফেলার। কিন্তু বাগড়া দিল বৃষ্টি। এক ইনিংস পুরো হওয়ার আগেই পরিত্যক্ত হয়ে গেল খেলা। 

কলম্বোর পি সারা ওভালে ৩৬.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টিতে আর খেলা চালানো সম্ভব হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। 

উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা তিন ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে।

গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডেতে বৃষ্টির সৌজন্যে ১টি করে পয়েন্ট পায় নিগার সুলতানার দল। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। সাত ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ঠিক পরেই লঙ্কানরা। 

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই হার্ষিথা সামারাবিক্রমার উইকেট হারায় শ্রীলঙ্কা। ফুল লেংথে দারুণ ডেলিভারিতে তাকে এলবিডব্লিউ করেন জাহানারা আলম। 

পাওয়ার প্লেতে স্বাগতিকদের বিপদ আরও বাড়ান নাহিদা। ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনারের আর্মার ডেলিভারিতে এলবিডব্লিউ হন আরেক ওপেনার ভিশ্মি গুনারত্নে।

দুই ওপেনারকে হারিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন অধিনায়ক চামারি আতাপাত্তু। উইকেটের চারপাশে দারুণ সব শটে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তিনি। 

তবে তাকে বেশি দূর যেতে দেননি ফারজানা হক। নাহিদার বলে ডিপ মিড উইকেটে দারুণ ক্যাচ নিয়ে লঙ্কান অধিনায়কের বিদায়ঘণ্টা বাজান ফারজানা। ৮ চার ও ২ ছয়ে ৩৭ বলে ৪৭ রান করেন চামারি।

এরপর নিলাকশি ডি সিলভা ও ইমেশা দুলানি দ্রুত ফিরে গেলে একশর আগেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। 

শতরান পেরোনোর পর প্রাসাদানি ভিরাক্কোডিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট নেন অভিষিক্ত সুলতানা খাতুন। 

সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন কাভিশা দিলহারি ও ওশাদি রানাসিংহে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৩৫ রান। এরপর আর বৃষ্টিতে খেলা সম্ভব হয়নি। 

বল হাতে ৭ ওভারে দুই মেডেনসহ স্রেফ ২৪ রানে ৩ উইকেট নেন নাহিদা। সুলতানা, ফাহিমা খাতুন ও জাহানারার ঝুলিতে জমা পড়ে ১টি করে উইকেট। 

একই মাঠে মঙ্গলবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। 

সংক্ষিপ্ত স্কোর: 

শ্রীলঙ্কা: ৩৬.৪ ওভারে ১৫২/৬ (হার্শিথা ০, ভিশ্মি ১১, চামারি ৪৭, ইমেশা ১০, নিলাকশি ২, প্রাসাদানি ২৪, কাভিশা ৩০*, ওশাদি ১৪*; জাহানারা ৬-০-৩৫-১, সুলতানা ১০-১-৪৬-১, নাহিদা ৭-২-২৪-৩, রিতু ৫.৪-০-১৮-০, ফাহিমা ৮-০-২৫-১) 

ফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত