ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ে শুরু নাহিদা-নিগারদের
আইসিসি উইমেন'স ইমার্জিং নেশন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেছে বাংলাদেশ।
নতুন অধিনায়কের নেতৃত্বেও বদলাল না পুরনো গল্প। হতশ্রী ব্যাটিংয়ের প্রদর্শনী অব্যাহত রেখে এবার পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ।
ওমানের আজমাইনে আইসিসি উইমেন'স নেশন্স ট্রফির ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারাল পাকিস্তান। আগে ব্যাট করে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে ২৫ বল বাকি থাকতে জিতে যায় পাকিস্তান।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হলো বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের। তবে তাতে বদলাল না ব্যর্থতার চিত্র। আগের আরও অনেকবারের মতো আবারও ব্যাটিং ব্যর্থতায় পুড়ল বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে ফিরে যান দুই ওপেনার সাথি রানি ও দিলারা আক্তার।
এরপর হাল ধরার চেষ্টা করেন শারমিন আক্তার ও নিগার সুলতানা। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। দলের ৫০ রান করতে লেগে যায় ১০ ওভার। ২০ বলে মাত্র ৯ রান করে আউট হন শারমিন।
অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমে নিগার সুলতানা করেন ২০ বলে ২৭ রান। পরে সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুনরা হতাশ করলে ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
অষ্টম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৩২ রানের জুটি গড়েন স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তবে দ্রুত রানের চাহিদা পূরণ করতে পারেননি তারা।
২০ বলে ২১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। রাবেয়ার ব্যাট থেকে আসে ১৮ বলে ১১ রান।
পাকিস্তানের পক্ষে ২৬ রানে ৩ উইকেট নেন তুবা হাসান। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১৩ রানে ২ উইকেট শিকার নাশরা সান্ধুর।
রান তাড়ায় আগ্রাসী শুরু করে পাকিস্তান। পাওয়ার প্লেতে তারা করে ফেলে ৪৯ রান।
ওপেনার সাদাফ শামস ৩৭ বলে ৩৭ রান করে দলকে অনেকটা এগিয়ে নেন। পরে মুনিবার ৩৪ বলে ৩১ ও আয়েশা জাফারের ১৮ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
একই মাঠে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৮/৯ (সাথি ১১, দিলারা ৯, শারমিন ৯, নিগার ২৭, সোবহানা ৬, স্বর্ণা ২১*, রিতু ২, ফাহিমা ১, রাবেয়া ১১, নাহিদা ০, দিশা ৪*; ওয়াহিদা ৪-০-২৬-১, উম্মে হানি ৩-০-১২-১, মোমিনা ৪-০-১৭-১, সান্ধু ৪-১-১৩-২, তুবা ৪-০-২৬-৩, আয়েশা ১-০-১০-০)
পাকিস্তান: ১৫.৫ ওভারে ১১২/২ (সাদাফ ৩৭, শাওয়াল ১৬, মুনিবা ৩১*, আয়েশা ২৭*; দিশা ১.৫-০-১৭-০, নাহিদা ২.৪-০-২২-০, সোবহানা ০.২-০-৪-১, রাবেয়া ৪-০-২৩-০, ফাহিমা ৩-১-১৯-০, রিতু ২-০-১২-০, স্বর্ণা ২-০-১৫-১)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: তুবা হাসান
