অনন্য সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ফারজানা
মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন অভিজ্ঞ এই ব্যাটার।
৯৮ রানে দাঁড়িয়ে পরপর তিন বলে রান নেই। তৃতীয়টিতে তো রান আউট হতে হতে অল্পের জন্য বেঁচে গেলেন ফারজানা হক। স্নায়ুর চাপ ভালোই চেপে ধরেছিল তাকে। তবে শেষ পর্যন্ত সেই চাপ জয় করেই বাউন্ডারি মেরে তিনি পৌঁছে গেলেন ইতিহাসের ঠিকানায়। উপহার দিলেন মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি!
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শনিবার রেকর্ড গড়া এই শতরান উপহার দেন ফারজানা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনিংস শুরু করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলেন ৩০ বছর বয়সী ব্যাটার। ১৬০ বলে ১০৭ রান করে রান আউট হন ইনিংসের শেষ বলে।
স্ট্রাইক রেট অবশ্য খুব ভালো নয় তার। শতরান স্পর্শ করেন ১৫৬ বলে। তবে একটা প্রান্ত থেকে তিনি ধরে রাখেন দলের হাল। তার শতরানের সৌজন্যেই আগের ম্যাচগুলোর ব্যাটিং ব্যর্থতাকে পেছনে ফেলে ৫০ ওভারে ২২৫ রানের লড়িয়ে পুঁজি গড়তে পারে বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি, দেশের মাঠে এটিই সর্বোচ্চ।
দেশের মাঠে আগের সর্বোচ্চ ছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১০। সব মিলিয়ে সর্বোচ্চ গত বছর পাকিস্তানের বিপক্ষে ২৩৪।
২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি করেছিলেন ফারজানা। বাংলাদেশের হয়ে দুই সংস্করণে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তাই তিনিই।
এই ম্যাচের আগে আলোচনায় ছিল একের এক ম্যাচ ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা ও বারবার থিতু হয়েও আউট হয়ে যাওয়া। বাংলাদেশের কোচ হাশান তিলাকারেত্নে ম্যাচের আগের দিন বলেন, ফিটনেস ও মনোসংযোগের ঘাটতির কারণে বড় ইনিংস খেলতে পারছেন না ব্যাটাররা। পরদিনই সেঞ্চুরিতে সামর্থ্যের ছাপ রাখলেন ফারজানা।
বাংলাদেশের হয়ে ওয়ানডে আগের সর্বোচ্চ ছিল যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষেই ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫ রান করেন সালমা, পরের ম্যাচে তা স্পর্শ করেন রুমানা। ১০ বছর পর তাদেরকে ছাড়িয়ে গেলেন ফারজানা।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই এ দিন ইঙ্গিত দেয় বড় কিছুর। আগের ম্যাচে তিনে নামা ফারজানা এবার ইনিংস শুরু করেন একাদশে ফেরা শামিমা সুলতানার সঙ্গে। দুজনে গড়েন ৯৩ রানের জুটি।
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শুরুর জুটিতে এর চেয়ে বেশি রান আছে আর কেবল একটি জুটির। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শারমিন আক্তার ও শুকতারা রহমানের ১১৩ রান।
৭৮ বলে ৫ চারে ৫২ রান করে আউট হন শামিমা।
দ্বিতীয় উইকেটে নিগার সুলতানার সঙ্গেও জমাট আরেকটি জুটি গড়ে তোলেন ফারজানা। এই জুটিতে আসে ৭১ রান। অধিনায়ক নিগার ফেরেন ২৪ রান করে।
ফারজানা ফিফটিতে পা রাখেন ৯৭ বলে। সেখান থেকে রানের গতি বাড়ান অনেকটা। প্রচণ্ড গরমে যদিও ভুগছিলেন তিনি। একটু পরপরই পানি পান করে নিজেকে সতেজ করার চেষ্টা করেন। ফিজিওর সহায়তা নিতে হয় বার তিনেক। তবে হাল ছাড়েননি। ৪৮তম ওভারে শেফালি ভার্মার বলে বাউন্ডারিতে পূরণ করেন স্বপ্নের সেঞ্চুরি।
১৬০ বল খেলেন তিনি ম্যারাথন এই ইনিংসে। ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে তার চেয়ে বেশি বল খেলতে পেরেছেন কেবল আর চার জন ব্যাটার। সর্বোচ্চ ১৭১ বল খেলার রেকর্ড গড়েন আয়ারল্যান্ডের অ্যানি মারি। ১৯৮৯ সালে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিতে তিনি রান করেছিলেন মাত্র ৬০।
শেষ বলে দ্রুত একটি রান নেওয়ার চেষ্টায় শেফালির সরাসরি থ্রোয়ে রান আউট হওয়ায় গোটা ৫০ ওভার অপরাজিত থাকা হয়নি ফারজানার। তবে ইতিহাসের অংশ হয়ে মাঠ ছাড়েন তিনি মাথা উঁচু করেই।
দলকেও তিনি তৈরি করে দেন ঐতিহাসিক এক উপলক্ষের মঞ্চ। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ।
