উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ
গত আসরে রেকর্ড দাম দিয়ে ধরে রাখা ক্রিকেটারকে এবার রাখল না ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
কেন উইলিয়ামসনের সঙ্গে ৮ বছরের সম্পর্ক ছিন্ন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগামী আসরের নিলামের আগে নিউ জিল্যান্ড অধিনায়ককে ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।
গত আসরে উইলিয়ামসনকে ১৪ কোটি রুপি দিয়ে ধরে রেখেছিল হায়দরাবাদ। আইপিএল ইতিহাসে ধরে রাখা বিদেশি ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
২০১৫ সালে হায়দরাবাদে যোগ দেন উইলিয়ামসন। এখন পর্যন্ত কেবল তাদের হয়েই আইপিএল খেলে আসছেন তিনি। দলটির হয়ে খেলা ৭৬ ম্যাচের ৪৬টিতে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন।
২০২২ আইপিএলে তার নেতৃত্বে বাজে সময় কাটে হায়দরাবাদের। ১০ দলের টুর্নামেন্টে অষ্টম স্থানে থেকে আসর শেষ করে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচের মধ্যে জেতে কেবল ৬টি।
দলের মতো গত আসরে ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো ছিল না উইলিয়ামসনের। ১৩ ইনিংসে ১৯.৬৩ গড় ও ৯৩.৫০ স্ট্রাইক রেটে রান করেন কেবল ২১৬। আসরে কমপক্ষে ১০০ বল খেলা ক্রিকেটারদের মধ্যে তার স্ট্রাইক রেট ছিল সবচেয়ে কম।
সব মিলিয়ে হায়দরাবাদের হয়ে ১৮ ফিফটিতে ২ হাজার ১০১ রান করেছেন উইলিয়ামসন। যেখানে তার গড় ৩৬.২২ ও স্ট্রাইক রেট ১২৬.০৩।
