অশ্বিন-জাদেজার স্পিন ঝলকের পর জয়সওয়ালের আগ্রাসী ব্যাটিং
ইংল্যান্ডকে ২৪৬ রানে গুটিয়ে দিয়ে ভারত প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ১১৯ রান নিয়ে।
ফাস্ট বোলারদের প্রথম ৮ ওভারে রান বিনা উইকেটে ৪১, আশা জাগানিয়া শুরু। কিন্তু স্পিনাররা আক্রমণে আসতেই যেন পথ ভুলে গেল ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়ে ইংলিশরা থমকে গেল আড়াইশর আগেই। ইয়াশাসবি জয়সওয়ালের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারত পেল শক্ত ভিত।
বহুল আলোচিত টেস্ট সিরিজের প্রথম দিনটা ব্যাটে-বলে নিজেদের করে নিয়েছে ভারত। হায়দরাবাদ টেস্টে বৃহস্পতিবার বেন স্টোকসের ৮৮ বলে ৭০ রানের ইনিংসে কোনোমতে ২৪৬ পর্যন্ত যেতে পেরেছে ইংল্যান্ড। অধিনায়ক ছাড়া তাদের আর কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি।
ইংলিশদের বিখ্যাত ‘বাজবল’ কৌশল এ দিন মুখ থুবড়ে পড়ে ভারতের স্পিনারদের সামনে। ১০ উইকেটের ৮টিই ভাগ করে নেন ভারতের তিন স্পিনার। অভিজ্ঞ অফ স্পিনার অশ্বিন ৬৮ রানে নেন ৩টি। দুই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাদেজা ৮৮ রানে ৩টি ও আকসার প্যাটেল ৩৩ রানে নেন ২টি। পেসার জাসপ্রিত বুমরাহর প্রাপ্তিও ২টি।
টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে জুটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন অশ্বিন ও জাদেজা (৫০৬ উইকেট)। তারা ছাড়িয়ে যান সাবেক দুই স্পিনার আনিল কুম্বলে ও হারভাজান সিং জুটিকে (৫০১ উইকেট)।
দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান। ওভারপ্রতি রান ৫.১৭ করে। ১২৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ৯ চার ও ৩ ছক্কায় ৭০ বলে ৭৬ রান করে অপরাজিত আছেন তরুণ ওপেনার জয়সওয়াল।
টেস্টের প্রথম দিনে আগে ফিল্ডিং করার পর ভারতীয় কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে গৌতাম গাম্ভিরের অপরাজিত ৯৫ হলো সর্বোচ।
ইংল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে নামে এ দিন। শুরুতে উইকেটে কিছুটা আদ্রতা ছিল। সে কারণে হয়তো বলে যথেষ্ট গতিও ছিল। পরে মন্থর হয়ে যায় পিচ, স্পিনাররা পান টার্ন।
দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজকে টানা দুটি চার মারেন জ্যাক ক্রলি। পরের ওভারে বেন ডাকেটের ব্যাটে পরপর দুটি বাউন্ডারি আসে বুমরাহর বলে। প্রথম ২১ বলে দুই ওপেনার মিলে বাউন্ডারির দেখা পান ৫টি।
আট ওভারের পর দুই প্রান্তে জাদেজা ও অশ্বিনকে আক্রমণে আনেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। স্পিনারদের হাত ধরে সাফল্য আসতেও সময় লাগেনি। অশ্বিন নিজের দ্বিতীয় ওভারে এলবিডব্লিউ করে দেন ডাকেটকে।
তিনে নেমে অলি পোপ ১১ বলে ১ রান করে জাদেজার বলে ধরা পড়েন স্লিপে। এরপর অশ্বিনের বলে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন ক্রলি।
২১ বলের মধ্যে ৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। বিনা উইকেটে ৫৫ থেকে তাদের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৬০!
সেখান থেকে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন জো রুট ও জনি বেয়ারস্টো। জাদেজাকে পরপর দুটি বাউন্ডারিতে জেঁকে বসা চাপ সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বেয়ারস্টো। লাঞ্চের আগে আর কোনো বিপদ হতে দেননি দুজন।
বিরতির পর পঞ্চম ওভারে দারুণ এক ডেলিভারিতে বেয়ারস্টোকে বোল্ড করে ৬১ রানের জুটি ভাঙেন আকসার। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ জুটি।
খানিক পর জাদেজাকে সুইপ করে শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ তুলে দেন রুট। এ দিন ২৯ রান করার পথে ভারত ও ইংল্যান্ডের মধ্য টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন সাবেক ইংলিশ অধিনায়ক। রুট (২ হাজার ৫৫৫) ছাড়িয়ে যান ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকারকে (২ হাজার ৫৩৫)।
এ ছাড়া ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডে রুট পাশে বসেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের।
কিপার-ব্যাটসম্যান বেন ফোকস ২৪ বলে ৪ রান করে কট বিহাইন্ড হন জাদেজার বলে। বুমরাহ দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম শিকার ধরেন রেহান আহমেদকে ফিরিয়ে।
তখন ১৫৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডের দুইশ হওয়া নিয়েই শঙ্কা। সেখান থেকে টম হার্টলির সঙ্গে ৩৮ ও মার্ক উডের সঙ্গে ৪১ রানের দুটি জুটিতে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যান স্টোকস। ফিফটি করেন তিনি ৬৯ বলে।
২৪ বলে ২৩ রান করে জাদেজার বলে বোল্ড হন অভিষিক্ত হার্টলি। উডকে বোল্ড করে তৃতীয় শিকার ধরেন অশ্বিন। দারুণ এক ডেলিভারিতে স্টোকসকে বোল্ড করে ইনিংস গুটিয়ে দেন বুমরাহ।
জবাবে ব্যাটিংয়ে নেমে পেসার উডের প্রথম বলেই চার মেরে শুরু করেন জয়সওয়াল। পরের ওভারে অভিষিক্ত স্পিনার হার্টলি আক্রমণে আসতেই ছক্কায় উড়িয়ে টেস্ট ক্রিকেটের বোলিংয়ে স্বাগত জানান বাঁহাতি ওপেনার। ওই ওভারে তিনি ছক্কা মারেন আরেকটি।
জয়সওয়ালের দারুণ ব্যাটিংয়ে দলের রান পঞ্চাশ পূর্ণ হয়ে যায় ৩৯ বলেই। এক পেসার ও তিন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজানো ইংল্যান্ডকে কোনো সুযোগই দিচ্ছিলেন না তিনি।
আরেক প্রান্তে দর্শক হয়ে থাকা রোহিতও পরে দারুণ কয়েকটি বাউন্ডারি মারেন। তবে ইনিংস টেনে নিতে পারেননি তিনি। বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে লফটেড শট খেলে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক (২৭ বলে ২৪)। তার বিদায়ে ভাঙে ৭৫ বলে ৮০ রানের শুরুর জুটি।
জয়সওয়াল তার আগেই ফিফটি তুলে নেন ৪৭ বলে। পরেও তিনি চালিয়ে যান আগ্রাসী ব্যাটিং, শুবমান গিলের সঙ্গে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে শেষ করেন দিন। দ্বিতীয় দিনে তার সামনে শতকের হাতছানি।
ইংল্যান্ড এ দিন তাদের ৩টি রিভিউ হারিয়ে ফেলে ১৪ ওভারের মধ্যেই। দিনটাই যে তাদের নয়!
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৪.৩ ওভারে ২৪৬ (ক্রলি ২০, ডাকেট ৩৫, পোপ ১, রুট ২৯, বেয়ারস্টো ৩৭, স্টোকস ৭০, ফোকস ৪, রেহান ১৩, হার্টলি ২৩, উড ১১, লিচ ০; বুমরাহ ৮.৩-১-২৮-২, সিরাজ ৪-০-২৮-০, জাদেজা ১৮-৪-৮৮-৩, অশ্বিন ২১-১-৬৮-৩, আকসার ১৩-১-৩৩-২)
ভারত ১ম ইনিংস: ২৩ ওভারে ১১৯/১ (জয়সওয়াল ৭৬*, রোহিত ২৪, গিল ১৪*; উড ২-০-৯-০, হার্টলি ৯-০-৬৩-০, লিচ ৯-২-২৪-১, রেহান ৩-০-২২-০)
